হটলাইনে ফোনে জানালেও মিলবে ত্রাণ

বাসায় খাবার নেই। এমনটা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ফোন দিয়ে জানালেই পৌঁছে দেওয়া যাবে খাবার। এমনই উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। কারণ অনেকেই লোকলজ্জার ভয়ে তালিকায় নাম উঠাতে চান না।

অনেকে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতেও লজ্জা পান। তাহলে ওইসব মানুষের উপায় কী? এ জন্যই এমন উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। এ জন্য হটলাইনও খোলা হয়েছে। হটলাইন নম্বর হলো: ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪।

শনিবার ডিএসসিসি মেয়র সাঈদ খোকন নগরভবনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এদিন দিনব্যাপী এ রকম ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি।

উদ্বোধনী আয়োজনে মেয়র বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে লাখ লাখ গার্মেন্টস কর্মী শহরে প্রবেশ করছে। এর ফলে করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হবে বলে বহু নাগরিক তাকে ফোন করে অবহিত করেছেন।

এ প্রেক্ষিতে এ বিষয়টি পুনঃ বিবেচনার জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কলকারখানা খোলা রাখলে করোনার ঝুঁকি আরো বাড়তে পারে। এ জন্য বিষয়টি বাণিজ্যমন্ত্রী বিবেচনা করে দেখতে পারেন।

এ সময় ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.