শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে ঈদ পর্যন্ত!

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে আসন্ন রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে রোজার ছুটি মিলিয়ে ঈদুল ফিতর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে তাতে সহসা করোনা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। আবার সামনে রমজান। তাই সবমিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঈদ পর্যন্ত বাড়ানো হবে।

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, ‘সরকার ইতিমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান থাকবেই। তবে আমাদের দু’একদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আবার বৈঠক হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। হয়তো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ এপ্রিলের পরও বন্ধ রাখার সিদ্ধান্ত আসতে পারে এবং সেটা ঈদ পর্যন্তও হতে পারে।’

এ বিষয়ে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. মো. গোলাম ফারুক জানান, ‘পুরো বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।’

আগামী ২৪ অথবা ২৫ এপ্রিল থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। অপরদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সাধারণ ছুটি চলবে। দেশে প্রতিদিন যেভাবে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে তাতে সাধারণ ছুটি আরো বাড়তে পারে।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলো ১৬৪ জন। গত একদিনে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ৫ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.