লকডাউন এখন দিল্লীর লাড্ডু এবং করণীয়

লকডাউন চলছে দেশ জুড়ে । মানা হচ্ছে আবার অমান্যও করা হচ্ছে। শত কারণ আছে। কেউ হয়তো ভয়েই মানছে, কেউ হয়তো বা বাধ্য হয়ে মানছে। আবার একদল আছে ভালো লাগে না, বোরিং ইত্যাদি ইত্যাদি । তবে লাখোজন আছেন যারা সত্যি সত্যি খাদ্যের সন্ধানেই মানতে পারছেন না। এত ঘণ জনবসতি দেশে লকডাউন রাখাটা মোটেও সহজ বিষয় না। আমরা মুখে যতই বলি না কেন, সিঙ্গাপুর/ হংকং/ থাইল্যান্ড/ মালয়েশিয়া/ আমেরিকা বা কানাডা হয়ে গেছি। বাস্তবতা যে ভিন্ন সেটা না বুঝার কিছুই নাই। তাছাড়া এই করোনা আমাদের চোখের সামনে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কি হাল ? সেই দরজা একেবারেই চিচিংফাঁক করে দিয়েছে । 

ছোটবেলা থেকেই আমরা পড়েছি বা জেনে এসেছি, মানুষের মৌলিক চাহিদার কথা । আর সেই চাহিদাগুলো জানতাম অন্ন / বস্ত্র  / বাসস্থান , বেশ। এই তিনটির বাহিরে আমরা পড়িনি বা শুনিনি। কিন্তু মানুষ জীবনে যে এই তিনটি চাহিদাতেই সব পূরণ হয় না, এটাই সত্য । তাই বলা হতো মৌদিক চাহিদা। আর এই চাহিদার কথাগুলো বাস্তবতার ভিত্তিতেই এসেছিলো। কেননা সেই সময়ের বাস্তবতায় এই তিনটিই ছিলো প্রধান ও অন্যতম বিষয় । এই তিনটি নাই তো কিছুই নাই । জানিনা বর্তমানেও পাঠশালায় এই তিনটি চাহিদার কথাই পড়ানো হয় কিনা ? নাকি সমাজ ব্যবস্থার সাথে সাথে চাহিদারও পরিবর্তন এসেছে ।

আমাদের শিশুকালে খেলাধুলার তেমন কোনো সরঞ্জাম ছিলো না । তারপরেও মন খুলে খোলা মাঠে দৌড়া দৌড়ি করে খেলতাম । সরঞ্জাম বিহীন খেলাখুলো ছিলো, দাঁড়িয়াবান্দা/ বৌচি/ কুতকুত/  হাডুডু/ টিলাসপ্রেস/ ডান্ডাগুলি/ গোল্লাছুট আরো কত কি । আর সরঞ্জাম সহ খেলা বলতে মহল্লায় সবাই মিলে টাকা তুলে একটি ফুটবল হলে তো কথাই ছিলো না । সেই ফুটবলে কতবার মুচির হাতে সেলাই পড়তো, পেট ( টিউভ) বের হয়ে থাকতো, তার ইয়ত্তা ছিলো না । তারপরেও কত আনন্দ ছিলো। সেই ফুটবলের একান্ত মৃত্যু ( শেষ ) হলে মনে হয় ফুটবল নিজেই বেঁচে যেতো, কেননা এতভাবে ঠিক করে ব্যবহার করতাম যে, সেই ফুটবলের জান এমনিতেই থাকতো না । কথাগুলো মনে চলে আসলো বলেই বলা মাত্র ।

যাকগে, বলছিলাম চাহিদার কথা । বর্তমানে শিশুরা ডিজিট্যাল যুগের শিশু। ওরা বেড়ে উঠছে এক ভিন্ন মাত্রার সাথে । ওরা জন্ম থেকেই স্মার্ট ফোন, কম্পিউটার আরো কত কিছুর সাথেই বড় হচ্ছে। নিশ্চয়ই ওদের চাহিদাটাও ভিন্ন । শুধু অন্ন/ বস্র/ বাসস্থান নিশ্চয়ই নয়। আমি ইউরোপে দেখেছি চাহিদা বলতে এই তিনটি বিষয়ে ওরা ভাবতেই পারে না । কেননা এই তিনটি যে মানুষ জীবনে চাহিদা হতে পারে? এগুলোর অভাব ওরা দেখেনি এবং বুঝেও না । আমি অন্তত বিগত পঞ্চাশ বছরের কথা বলছি, ইতিহাস ও বর্তমান দেখা থেকে বলছি । ওদের চাহিদা একেবারেই ভিন্ন । যেটার সাথে আমাদের সমাজ ব্যবস্থা, কৃষ্টি ও সংস্কৃতির সাথে মোটেও মিল নাই  ( সেটা ভিন্ন আলোচনা)। ধারণা করি আমাদের বর্তমান প্রজন্মের চাহিদারও নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে।

করোনা নিয়ে লিখতে গিয়ে লেখার মাঝে কেন চাহিদার কথা বললাম? এই চাহিদাতেই আমরা পড়েছি যত সমস্যায় । আমাদের দেশ পূর্বের চেয়ে অনেকটা ধনী হয়েছে , একথা যেমন সত্য । পাশাপাশি এটাও বেশ লক্ষণীয় যে , আমাদের মৌলিক চাহিদা এখনো বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যে তিমিরে ছিলো, সেই তিমিরেই রয়ে গেছে ( আবার বলি বেশিরভাগের ক্ষেত্রেই )। এখানে আর অর্থনৈতিক আলোচনায় যাবো না, কেননা লেখা এমনিতেই বড় হয়ে যাচ্ছে ( বড় লেখা কেউ পড়ার ধৈর্য রাখেন না, জানি ) । অর্থনৈতিক আলোচনার প্রেক্ষাপট আরো বড় ।

সুতরাং , আমাদের দেশের মতন দেশের সরকারের জন্য লক্ষ- কোটি টাকার গচ্চা দিয়ে লকডাউন দীর্ঘদিন টিকিয়ে রাখা যে কত বড় চ্যালেঞ্জ, ভাবলেই দম বন্ধ হবার যোগার হয়। আবার ভিন্ন দিকে লকডাউন ছাড়া উপায়ও নেই । তাই বলছিলাম, ” এই লকডাউন এখন দেশের সরকারের জন্য হয়েছে দিল্লীর লাড্ডু  ” । খেলেও ভেজাল আবার না খেলেও ভেজাল । গলায় আঁটকিয়ে যাওয়ার অবস্থা । তারপরেও সরকার চেষ্টা করছে বাধ্য হয়েই গিলতে এবং স্বাভাবিক কারণেই উপায়হীন হয়ে । করোনা যদি এখন করুনা করে চলে যায়, তবেই বাঁচা । তবে একথা সত্য যে, বিশ্বের দিকে তাকালে বুঝাই যাচ্ছে, করোনা করুনা করে না ।

তাহলে লকডাউন নিয়ে করণীয় কি ? একটি হাল্কা উদাহরণ দিয়ে একটু লকডাউনটি বুঝবার চেষ্টা করি। ইউরোপীয়রা কিভাবে লকডাউনকে শিথিল করছে সেটা বুঝতে চেষ্টা করবো।

ধরুন একটি পুকুরে অনেক প্রজাতির মাছ আছে। সেই মাছগুলো মধ্যে মৃগেল মাছগুলো কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে। প্রায়শই মৃগেল মাছ মরে ভেসে উঠছে। পরীক্ষাগারে দেখা গেলো এই মৃগেল মাছগুলোর যে রোগ হয়েছে এবং এই মৃগেল মাছ অন্য মাছের সংস্পর্শে আসলে, পুকুরের অন্য মাছ    গুলোও রোগের ছড়াছড়িতে মারা পড়বে। তখন করণীয় কি ? পুকুর থেকে যথা সম্ভব মৃগেল মাছগুলো ধরে অন্য কোনো জলে রাখার ব্যবস্থা করা । যেন রোগটি অন্য মাছের মৃত্যুর কারণ না হয় । পরবর্তীতে মৃগেল মাছগুলোকে চিকিৎসা দিয়ে সারিয়ে তুলে আবার সেই পুকুরে ছাড়া ।

করোনার এই ভয়াবহতায় লকডাউন বিষয়টি অনেকটাই এমন।  জনমানুষের মাঝ থেকে যে করেই হোক, আগে করোনা রোগীদের নির্ধারণ করতেই হবে । যার ফলেই ওয়াল্ড হেল্থ অরগানাইজেশন  ( WHO ) একটি কথা বারবার উচ্চারণ করছে , ” টেস্ট- টেস্ট- টেস্ট  “। ইউরোপের ফ্রান্স/ জার্মানি/ অষ্ট্রিয়া এবং আরো কিছু দেশ লকডাউন কিছুটা শিথিল ইতিমধ্যেই করে ফেলেছে। কিভাবে সম্ভব হলো। থেরাপিটি অনেকটাই ওই পুকুরের মৃগেল মাছের মতন করে করেছে। এই দেশগুলো একমাত্র টেস্টের মাধ্যমেই এবং জনমানুষের সংযোগ কঠিনভাবে বন্ধ করেই, ইতিমধ্যেই একটা নিশ্চয়তায় চলে এসেছে, করোনা সমন্ধে । ফলাফল বর্তমানে করোনার মাত্রাস্কেলে নিম্নগামী ।

এবার একটু দেখার চেষ্টা করবো আমাদের দেশে আমাদের সরকার কিভাবে কি করলে মোটামুটি কার্যকর একটি ভালো ফল আসতে পারে । যেহেতু লকডাউন দীর্ঘদিন আমাদের সরকারের পক্ষে চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। অর্থনৈতিকভাবেই এটা প্রায় অসম্ভব হয়ে পড়বে । তার উপর জনমানুষের নানান কারণে লকডাউনে অবহেলা । আবার সরকার অতিমাত্রায় বল প্রয়োগ করলেও বিপদ। খাবারের ব্যবস্থাপনা করলেও সেখান থেকে চুরিচামারি চলছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেটাও সম্ভবত সম্ভব হচ্ছে না বা করার সক্ষমতাই নাই , কেননা সেটা সরকারের জন্য বিরাট অর্থনৈতিক বিষয় । যদিও সরকার নানান প্রণোদনা দিচ্ছে, তবে সেটাও সঠিক বিতরণে আছে সমস্যা । পর্যাপ্ত কিনা সেই প্রশ্ন তোলাই যায় ।

অনেকেই হয়তো বলবেন আর্মি দিয়ে কাজটি করালে, কিছুটা সুরাহ হবে । হ্যাঁ তা হয়তো হবে। তবে সেটাই বা সরকার কতদিন চালিয়ে যেতে পারবে ?  সার্বিকভাবে সরকারের ইচ্ছার একটি প্রকাশ অবশ্যই আছে, তবে ব্যবস্থাপনায় কেমন জানি অস্বাভাবিকতাই লক্ষ্য করা যাচ্ছে। এই অব্যবস্থাপনার কারণটি একদিনে তৈরি হয় নি। এটাও আবার অনেক বড় আলোচনা, তাই বাদ রাখলাম। তবে প্রশাসন যে অথর্ব হয়ে পড়েছে , সেটা সরকার স্বীকার করুক আর নাই বা করুক, করোনার প্রাদুর্ভাবে সেটা শতভাগ স্পষ্ট ।

সরকারকে এমন অবস্থায় দুটি ভাবনা ভাবতে হবে।

এক ) সকল সুস্থ ব্যবস্থা রেখে আরো অন্তত তিনটি সপ্তাহ সঠিক লকডাউন রাখতে পারলে, বর্তমানের অর্থনৈতিক বিপর্যয় বা ক্ষতিটি হয়তো আগামী  দুবছরের মধ্যে নিয়ন্ত্রণে আনা যাবে।

দুই ) এই লকডাউনে হেলাফেলা হলে, সেটার ক্ষতির পরিমাণ বাড়বেই এবং সেই ক্ষতিসাধনের অর্থনৈতিক রক্ষা করতে আগামী আরো দশবছর পর্যন্ত ঠেকতে পারে বলেই জরিপ ছাড়াই অনুমেয়।

সরকারকে লকডাউন থেকে সরে আসতে হলে মূলত ইউরোপীদের মতন ব্যবস্থা করা প্রয়োজন । সেটা ইতিমধ্যেই হয় নাই এবং হবার সম্ভাবনাও নেই । তাই সরকার আপতত, অতি দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে বেশি নজরদারি রাখতে পারে । যেমন : ঢাকা সহ নারায়ণগঞ্জ, গাজীপুর এই সমস্ত এলাকায় করোনার প্রাদুর্ভাব বেশি বা বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে । এই এলাকাগুলোকে ডেন্জার জোন ঘোষণা করে, সরকারি সকল ব্যবস্থায় পুরোপুরি আরো তিন সপ্তাহ লকডাউন রাখতে পারে । আর পাশাপাশি অন্যান্য এলাকা যেখানে তেমন বেশি করোনার প্রাদুর্ভাব নেই, সেখানে ধীরে ধীরে লকডাউন শিথিল করতে পারে, এখন থেকেই । একটা ভারসাম্য দ্রুতই এইভাবে আনতে পারবে।

তবে সরকারকে মনে রাখতেই হবে, কম পয়সায়, দেশিও কিটের মাধ্যমে হলেও ( যেমন গণস্বাস্থ্যের কিট ) যতটা দ্রুতগতিতে সম্ভব প্রত্যেক জেলা/ উপজেলার শহরগুলোতে গণহারে টেস্ট করার ব্যবস্থা করা। এই টেস্টে যদি দেশের হাজার কোটি টাকাও খরচ হয়, তারপরেও দেশ আগামীর আরো লক্ষ- কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা পাবে । সরকার শত কথা বলতে পারে। তবে সব দায়িত্ব শতভাগ সরকারকেই বহন করতে হবে। দেশের মানুষ ফলাফলের অপেক্ষায় থাকবে, এটাই স্বাভাবিক । সরকার যেহেতু সব একা একা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই প্রতীয়মান হয় ( কেননা সরকার কাউকেই ডাকছে না ) সুতরাং সমাধানও সরকারকেই দিতে হবে। সরকার ভালো করলে আগামীতে আমরাও প্রশংসায় পঞ্চমুখ হবো। তবে এটা যে জাতীয় সংকট, এটা সরকার কতটা ওয়াকিবহাল আছে , সেটাও একটি বড় প্রশ্ন বটে।

সামনেই রমজান মাস। করোনার এই ভয়াবহতার মাঝেও দেশের সবাইকে রমজান মোবারক । দেশ দ্রুত করোনা মুক্ত হোক ।

20190210_195317

বুলবুল তালুকদার 

যুগ্ম সম্পাদক শুদ্ধস্বর ডটকম 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.