গত দুদিন আগেই একটি লেখায় লিখেছিলাম, আমরা কেমন আজব দেশ ! এত বড় মহামারীতে যেখানে বিশ্বের প্রায় সব দেশই সরকার ও বিরোধী দল মিলেমিশে একত্রিত এই করোনা মোকাবিলায় কাজ করছে। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো, (সরকার বা বিরোধীদল) এক টেবিলে বসে একটিবার আলোচনাও করতে পারে না ! অথচ তাদের ভাষ্যনুযায়ী তারা সবাই জনগণের জন্য কাজ করে ! এরচেয়েও বড় অসত্য রাজনীতিতে আর কি হতে পারে ? এখন বলতে বাধ্য হচ্ছি, হে জনগণ তোমাদের কেবল দেখে যাওয়া ছাড়া আপাতত আর কোনো কাজ নেই এবং ভবিষ্যতেও থাকবে বলে মনে হচ্ছে না । হাও ফানি ইজ ইট ?
ইতিহাস থেকে একটু স্মরণ করার জন্য বলছি, অহমিকা- মানব সমাজে কোনো না কোনো সময় তার গ্রহণযোগ্যতা হারায় এবং হারাবেই। অহমিকা বিশ্বের অনেক বড় বড় জাঁদরেল দানব প্রকৃতির নেতাদেরকেও মাটির ধুলোর সাথে চরমভাবে মিশিয়ে দিয়েছে। সেটা হিটলার / চেঙ্গিসখান/ মুসেলিনি/ শাহ্/ সাদ্দাম/ গাদ্দাফি/ মুবারক/ মুগাবে কিংবা ইয়াহিয়া খান, সবাইকে সরাসরি ভ্যানিশ ( ধূলিসাত্) হতে হয়েছিলো ।
লক্ষণীয় যে, আজকের পত্রিকার পাতায় দেখলাম বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব সাংবাদিক সম্মেলনে তার দলের পক্ষ থেকে সরাসরি সরকারকে এই মহামারীতে ৮৭ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাব করেছে। দেশের সবগুলো পত্রিকার পাতায় এই খবর আছে বলে আমি বিস্তারিত বলছি না । বিএনপি তাদের প্রস্তাবনায় সুনির্দিষ্ট ২৫ টি প্রস্তাব তুলে ধরেছে। প্রস্তাবগুলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অর্থনীতিবিদদের দ্বারা তৈরি করা হয়েছে বলে বিএনপির দাবি । বিএনপির প্রস্তাবে এই টাকাটা জিডিপির ৩ শতাংশ অর্থের সমন্বয়ের কথা বলা হয়েছে এবং দেশের বরেণ্য অর্থনীতিবিদদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের দাবী করে ।

বিএনপির এই প্রস্তাবনার পরপরই আলীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এটাকে ” দিশেহারা রাজনীতিকের কাণ্ডজ্ঞানহীন প্রলাপ” বলে মন্তব্য করেন ! কাদের সাহেব আরো বলেন , ” আলীগের নেতা-কর্মীরা যখন সাধারণ জনগণের পাশে থেকে তাদের আশ্বস্ত করে যাচ্ছে (!), ঠিক তখনই মির্জা সাহেব ভুল তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন । দুর্যোগের এই মূহুর্তে বিভেদ নয় , এটাই নাকি বিএনপির বোধগম্য হচ্ছে না ।
আসুন একটু নিজেদের মতন করে বিশ্লষণ করি কোনো কাগজ কলম ছাড়াই । এই মহামারীতে এত বড় জনগোষ্ঠীর কেউ কি বিশ্বাস করেন, নিম্নে এক লক্ষ কোটির নিচে এই সরকার এই মহামারী থেকে পাড় পাবে ? আমাকে জিজ্ঞাসা করলে, কোনো হিসেব ছাড়াই চক্ষুদ্বয় বন্ধ করে বলবো, না । জানিনা আমার সাথে কয়জন একমত হবেন ?
অসুবিধে নেই আমার সাথে একমত হতে হবে না । তবে, অগ্রিম একটি হিসেব বলে রাখি, সেই হিসেবটা সবাই আগামীতে কোনো দিন মিলিয়ে নিবেন। এই মহামারী সামনের কোনো দিন শেষ হবে। খালি চোখেই বুঝা যায়, সরকার সত্যি সত্যি এক লক্ষ কোটি টাকার নিচে এই মহামারী সামাল দিতে পারবে না । তখন এই সরকারই তিন বা চার লক্ষ কোটি টাকার অথবা আরো একটু বেশি খরচের একটি হিসেব জনগণকে গিলাবেই । লিখে রাখুন, এই সরকার তার অতীতের অনেক দূর্ণীতির বড় বড় গর্তগুলো একটি হিসেবের প্যাঁচে ফেলে, সমান করার চেষ্টা করবেই করবে । তবে কিভাবে সেই কাজটি করবে, সেটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আবার বলছি, এমন ঘটনা ঘটবেই ঘটবে। এটা আমার অগ্রিম প্রেডিকশন, আগামীতে আপনারা মিলিয়ে দেখবেন ।
বলছিলাম অহমিকার কথা । হ্যাঁ, এই দেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লিগ। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল ( যদিও বর্তমান রাজনীতি নিয়ে আনেক প্রশ্ন আছে )। এই দলটির কাছে জনমানুষের একটা বড় আকাঙ্খা সব সময়ই থাকে বলে মনে করি। যে কোনো পজিটিভ রাজনীতি এই দলটির কাছে আশা করাই সাধারণ । তবে দলটি দেশের কল্যাণে সত্যি সত্যি কতটা পজিটিভ রাজনীতি করে যাচ্ছে, সেটা একটি বড় প্রশ্নই বটে ।
এখানে সরাসরি বলছি, দেশের বৃহত্তর বা দ্বিতীয় বৃহত্তর একটি রাজনৈতিক দল একটি টাস্কফোর্স গঠন, আর্মি দ্বারা বন্টন ( বিএনপি, ত্রাণসামগ্রীর বন্টনের কথা বলেছে ) এবং সাথে দেশের মানুষের জন একটি প্যাকেজের কথা সুস্পষ্টভাবেই উল্লেখ করেছে। ব্যক্তিগত মত হচ্ছে এই প্যাকেজটি একেবারেই অসঙ্গত নয়।
ধরেই নিলাম তাদের সেই প্যাকেজ দেওয়া সরকারের জন্য অসম্ভব, ধরেই নিলাম সরকার তাদের প্রস্তাবে রাজি নয়, ধরেই নিলাম সরকার তাদের প্রস্তাবকে পাশকাঁটিয়ে যেতে চায় । সব ঠিক আছে । তারপরেও বলতেই হয়, সরকার বাহাদুর তাদের সরাসরি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান না করে , কেন এটাকে নিয়েই এক টেবিলে বসে আলাপ করতে পারে না ? কেন জনগণের কথা ভেবে সরকার বিরোধী দলকে এই মহামারীতে কাজের সুযোগ সৃষ্টি করে দেয় না ? এরকম শত প্রশ্ন করে সরকারকে বিব্রত করা যায় , আমি সেদিকে যাচ্ছি না । তবে একথা সত্য যে, বিএনপি যে টাকার অংকের কথাই বলুক না কেন ? এই মহামারীতে সরকারের নিকট একটি প্রস্তাব তূলে ধরেছে । এটা বিএনপি একটি ইতিবাচক রাজনীতি বলেই মনে হচ্ছে।
লেখার শেষে এ কথা বলতেই হয়, ” ওকা সাহেব তাদের প্রস্তাবগুলোকে সরাসরি বিনি হিসেবে, যেভাবে চরম ন্যক্কারজনকভাবে প্রত্যাখ্যান করেছেন, সেটা এক প্রকার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অজানা অহমিকা । মনে রাখা ভালো অহমিকা কখনোই কল্যাণকর হতে পারে না ।

বুলবুল তালুকদার
যুগ্ম সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

