মানবিক উদ্যোগ বিশ্বজয়ী ফুটবলারের, মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন দুঙ্গা

 

’৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলের অধিনায়ক তিনি। লোকে তাঁকে চেনে-জানে দুঁদে মিডফিল্ডার হিসেবে। দক্ষ কোচ হিসেবে। কিন্তু দুঙ্গার এখন ফুটবল নিয়ে ভাবার উপায় নেই! তাঁর জীবন থেকে ফুটবল আপাতত সম্পূর্ণ বাদ। বরং দুঙ্গা এখন রোজ বস্তা বস্তা তরিতরকারি, খাবারদাবার লরিতে তুলছেন! পৌঁছে দিয়ে আসছেন লোকের বাড়ি বাড়ি! করবেন কী? করোনার বিরুদ্ধে লড়তে হবে যে!

বুধবার বিশ্বজয়ী ব্রাজিল অধিনায়কের একটা মাস্ক পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে তিনি কাঁধে খাবারের বস্তা টানছেন! গোটা বিশ্বের মতো ব্রাজিলের অবস্থাও সুবিধের নয়। করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে তেরো হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৬৭ জনের। এমনিতে বেশ কয়েক বছর ধরে একটা স্বেচ্ছাসেবী সংগঠন চালান দুঙ্গা। যা অশীতিপর এবং অনাথদের সাহায্য করত। কিন্তু করোনা ত্রাসের সামনে দুঙ্গা নিজের লক্ষ্য এখন পালটে ফেলেছেন। ব্রাজিলের হয়ে খেলা তিন ফুটবলারকে নিয়ে নেমে পড়েছেন করোনা যুদ্ধে। তাঁরা- জর্জিনহো, এডমিলসন এবং পাওলো সিজার টিঙ্গা।

ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলে থাকেন দুঙ্গা। গত কয়েক দিনে সেখানকার সুপারমার্কেট মালিক, খাদ্যদ্রব্য বিক্রেতা, পরিবহন সংস্থাদের সঙ্গে বারবার কথা বলেছেন তিনি। আরজি জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের জন্য দশ টন খাবারের বন্দোবস্ত করতে। যেহেতু করোনা আক্রান্তদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। “প্রচুর লোক এখানে কাজ করতে পারছেন না। বাড়ি থেকে বেরোতে পারছেন না। ওঁরা খাবেন কী? সেটা চিন্তা করেই আমি আমার বন্ধুবান্ধবদের বললাম যে, চল কিছু করি,” বুধবার বলে দিয়েছেন দুঙ্গা। এবং গত সপ্তাহে শুধুমাত্র যে ফুটবলার বন্ধুদের ফোন করে সাহায্যের আর্জি দুঙ্গা জানিয়েছেন, তা নয়। একই সঙ্গে ট্রাকে ফল-সবিজি তোলা থেকে শুরু করে তা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসা- সবই করছেন তিনি!

শুদ্ধস্বর/বিএস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.