গরিবের ঘামে দেশের চাকা চলবে, গরিবের শ্রমে গার্মেনটস চলবে, গরিবের মেহনতে দেশের খাদ্যের যোগান হবে, গরিবেরা প্রবাসে অপমানিত/ লাঞ্ছিত হয়ে টাকা কামাবে, দেশের রেমিটেন্স বাড়াবে ! আর তুমি ভিআইপি সেই ঘাম/মেহনত/ শ্রম আর রক্তের লীলায় বাহাদুরি দেখাবে, ভাব দেখাবে, এয়ারকন্ডিশনে ঠান্ডা শীতল হাওয়া খাবে, সর্দি/ কাশী হলেই চাটার্ড বিমানে উড়াল দিয়ে চিকিৎসা করাবে , আবার ফিরে এসে সেই গরিবের উপরেই ছড়াি ঘুরাবে ! কে দিয়েছে তোমাদের এমন অধিকার ? স্বাধীনতার মন্ত্র তো এটা ছিলো না ।
কৃষক তার শরীরের চামড়া তপ্ত রোদে পুড়ে কালো থেকে কালো করবে, কঙ্কাল হবে, জীর্ণতার প্রতিক হবে, তাদের ঘামের কোনো মূল্য পাবে না, প্রণোদনার নামে ঋণ দেবে, কৃষককে শোধ করতে হবে , তার নিজের ঘামেই। এ কেমন মশকরা?
উল্টোদিকে ভিআইপিরা দেশের ব্যাংকগুলো সাবার করেছে, সরকার বাহাদুর সেই গরিবের টাকায় সরাসরি গচ্চার প্রণোদনা দেবে, ভিআইপিদের উপরে তুলে রাখতে, এটা তো স্বাধীনতার মন্ত্র ছিলো না। গার্মেনটসের ভিআইপিরা ঈদ- পার্বণে প্রণোদনা ছাড়া শ্রমিকের বেতন দিবে না । করোনা এলো, বিনা প্রণোদনায় ( যদিও নাম মাত্র সুদে ঋণ) কিছুই ছাড় দিলো না। সরকার তো টাকার যোগান দিয়েছে, তারপরেও একদিন শ্রমিকের পাশে দেখা গেলো না । উপর থেকে শ্রমিকের সাথে বিদ্রুপের রাহাজানি, শ্রমিকের সাথে মশকরা করা, করোনা ছড়ানো, কে দিয়েছে আপনাদের এমন অধিকার ?
সরকার বাহাদুরের বিষয়টি অনুধাবন করার চুড়ান্ত সময় হয়েছে , কেবলমাত্র গার্মেনটসের উপরেই দেশের শ্রম নির্ভরশীল থাকতে পারে না। এবার তো প্রমাণ হলো, ইউরোপ/ আমেরিকায় বাজারে মন্দা তো এই শিল্পের অবস্থা আগামীতেও কাহিল হবে । সুতরাং দেশের কৃষির উপর জোর দিন, কৃষকের পাশে সময় ও টাকা ব্যয় করুন, সেটা হতে পারে স্থায়ী সমাধান ।
প্রবাসের শ্রমিকদের ঘামের শোধ দিবেন বিমানবন্দরে অপমান করে, লাঞ্ছিত করে, লুন্ঠন করে , সোজা বাংলায় অমানবিক/ অমানুষিক অত্যাচার করে, আবার উপর থেকে নবাবজাদা বলবেন, কে দিয়েছে আপনাদের এমন সাহস ? ভুলে যাবেন না , এই প্রবাসীরাই দেশের গচ্ছিত টাকা। এরা টাকা না পাঠালে, আপনি ভিআইপি ফার্স্ট ক্লাশের বিমানে ভ্রমণের সুযোগ পাবেন না । উঁচু চেয়ারে বসে হ্যান্ডসাম সেলারির ভাগ্য হবে না । ভুলে যাবেন না, এদের ঘাম আর মেহনতে , আপনি ভিআইপি !
ভিআইপি মূলত এই দেশের কৃষক/ শ্রমিক/ মেহনতি মানুষ আর প্রবাসী শ্রমিকেরা । বিশেষ হাসপাতাল হতে হলে আগে এদের জন্য তৈরি করুন। আর যদি না পারেন, তাদের যে সুযোগ সুবিধে বিদ্যমান আছে, সেই একই ব্যবস্থা ভিআইপিদের জন্য রাখতে হবে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল নয়, বরং সকল ভিআইপি সহ সকল মন্ত্রী মিনিস্টার, উচ্চ পদস্থ সরকারি সকল কর্মকর্তাদের বাধ্যতামূলক সরকারি হাসপাতালে চিকিৎসার হুকুম জারি করুন। তবেই যদি এই সকল আক্কেলহীন ভিআইপিদের অনুধাবন হয়, কেমন আছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা । কেমন আছে দেশে আসল ভিআইপিরা ?
আহ্হারে করোনা ! কি এক শরম/ লজ্জাহীন ভাইরাস ! আপনাদের মতন ভিআইপিদের চিনতে পারে না ! এখন আসল প্যাঁচে পড়েছেন ! ফুরুত করে উড়াল দেবারও সুযোগ নাই ! তাই ভিআইপি হাসপাতাল চাই !
হে দেশের জনমানুষেরা আর নয় । এবারই সঠিক সময়, ওদেরকে বুঝানো ” কত ধানে কত চাল ? “ গরিবের টাকা চুরি করে, বিদেশে নিজেদের আন্ডা/ বাচ্চাদের সুরক্ষায় সেকেন্ডহোম, ব্যাংক ব্যালেন্স, আরো কত কি ? এখন আবার বিশেষ হাসপাতাল ! চারিদিক থেকে তীব্র আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, কোনো অবস্থাতেই এটি হতে দিবেন না । এই সব স্বার্থপর ভিআইপিদের মরতে হয়, বাঁচতে হয়, সেটা সাধারণ জনগণের সাথেই হতে হবে। এই সব ভিআইপিরা আমাদের রক্ষক হয়ে , আমাদেরকেই ভক্ষণ করেছে আজীবন ধরে। এবার ওদেরকে বুঝিয়ে দিন, সেই দিন এই দিন নয়। অধিকার বুঝে নিন এবং দীর্ঘদিনের অন্যায় অত্যাচারের ফল সরাসরি সুদে আসলে ফেরত দিন ।
আসুন স্লোগান তুলি :
দেশের আসল ভিআইপি
কৃষক/ শ্রমিক/ মেহনতি জনতা
বিশেষ কোনো হাসপাতাল নয়
সরকার বাহাদুর মানো তা ।

বুলবুল তালুকদার
যুগ্ম সম্পাদক শুদ্ধস্বর ডটকম

