‘বিষাক্ত অ্যালকোহল পানে’ ঈশ্বরদীর সাবেক মেয়রের ছেলেসহ ২ জনের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর ছেলেসহ দু’জন ‘বিষাক্ত অ্যালকোহল পান’ করে মারা গেছেন। তারা হলেন মেয়রের মেজ ছেলে ওয়াহেদুর রহমান সজল (৩২) এবং ফতেমোহাম্মদপুর এলাকার মৃত সামুর ছেলে রাজু (৩২)।

রোববার রাত ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঈশ্বরদীর রেলওয়ে সরকারি নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে হোমিও ওষুধ বিক্রেতা শিমুলের কাছ থেকে অ্যালকোহল কিনেন সজল ও রাজু। খাওয়ার পর রোববার সকালে তারা অসুস্থ হয়ে পড়েন।

প্রথম তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টায় দু’জনের মৃত্যু হয়।

ফতেমোহাম্মদপুর ৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর কামাল আশরাফি জানান, তাদের লাশ রাজশাহীতে ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে ঈশ্বরদী এসে পৌঁছাবে।

তবে নিহত সজলের ছোট ভাই মাহাদী রহমান শাহারাতের দাবি, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পর তার ভাই সজলের হঠাৎ পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। এতে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, মৃত্যুর খবর পেয়েছি। অ্যালকোহলের সাথে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। অ্যালকোহল খাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.