বাসার ভেতর গলিত লাশ, পাশে ভাতের প্লেট

সুনামগঞ্জের দিরাই পৌর সদরের উপজেলা প্রশাসনিক ভবন ও পৌরসভা কার্যালয় সংলগ্ন একটি টিনসেড বাসা থেকে অর্ধগলিত লাশ পাওয়া গেছে। মৃত ব্যক্তি উপজেলার জগদল ইউনিয়নের হালেয়া গ্রামের মৃত মুসলিম উল্লার পুত্র আব্দুল কাইয়ুম (৬০)।

বুধবার বেলা ১০ টার দিকে প্রতিবেশীরা ওই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে ঘরের পেছনের খোলা দরজা দিয়ে খাটের উপর তার লাশ দেখতে পান। সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, মেডিক্যাল টিম, স্থানীয় গণমাধ্যমকর্মী ও আব্দুল কাইয়ুমের আত্মীয় স্বজন সেখানে উপস্থিত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিগত প্রায় ১৫ বছর যাবত নিজের বড় বোনের এই বাড়িতে একাকী বসবাসক্রমে বাড়ি দেখাশোনা করতেন আব্দুল কাইয়ুম। সন্তান প্রসবকালে আব্দুল কাইয়ুমের স্ত্রী সন্তান মারা গেলে তিনি আর বিবাহ করেননি। একাকীত্বের জীবনে নিজেই রান্নাবান্না করতেন।

প্রতিবেশীরা জানান, তিনি বেশীরভাগ সময় দরজা বন্ধ করেই থাকতেন, মানুষের সাথে তেমন মেলামেশা করতেন না। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল বলেন, লাশের পাশে প্লেটে ভাত পাওয়া গেছে। ধারণা করছি, ভাত খাওয়ারত অবস্থায় ৩/৪ দিন আগে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.