কিউবা কেন সফল

 

করোনা মোকাবিলায় কিউবা যেসব পরিকল্পনা নিয়েছে তা তারা কার্যকরভাবে পালন করতে পারছে। আগেই উল্লেখ করছি কিউবার স্বাস্থ্যখাত হচ্ছে জনস্বাস্থ্যমুখী। তারা নাগরিকদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন স্বাস্থ্যসেবা। কোন শ্রেণিভেদ নয়, সব নাগরিকই সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পেয়ে থাকে তার প্রয়োজন অনুযায়ী। করোনা মোকাবিলার ক্ষেত্রেও কিউবা তাদের সেই ব্যবস্থা ধরে রেখেছে। করোনা সংকটকাল চলছে তাই বলে রোগীদের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয়না। স্বাস্থ্যকর্মীরাই তাদের কাছে পৌঁছে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পদক্ষেপ নিচ্ছেন।

দেশটির প্রতিবেশি আমেরিকা যখন করোনা মোকাবিলায় ব্যর্থ হয়ে হাজার হাজার মৃত্যু আর লাখ লাখ আক্রান্তের সংখ্যা গুনে চলছেন এবং উদ্ভটসব কথা বলে যাচ্ছেন সরকার, কিউবান সরকার তখন করোনা পরিস্থিতি নিজেরা মোকাবিলা করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে সহায়তার জন্য পাঠাচ্ছেন তাদের স্বেচ্ছাসেবক চিকিৎসকদল। ২১ এপ্রিল পর্যন্ত কিউবায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ১০৮৭ জন এবং মারা গেছে ৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭ জন। পরীক্ষা ছাড়াই ‘করোনা উপসর্গ’ নিয়ে মারা যাচ্ছে এমন কোনো চিত্র এখানে পাওয়া যাচ্ছে না কারণ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যজরিপ চালিয়ে যাচ্ছে। কাউকে করোনা আক্রান্ত কিংবা এমন উপসর্গ আছে মনে হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে অন্যান্য রোগীরা যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকটিও তারা বেশ দক্ষতার সাথেই নজর রেখেছেন। নাগরিকদের নিয়মিত স্বাস্থ্যতথ্যও সংগ্রহে আছে। এটা সম্ভব হয়েছে তাদের জনস্বাস্থ্যমুখী স্বাস্থ্যব্যবস্থার কল্যাণেই।

করোনা মোকাবিলায় কিউবা যে শুধু মৌখিক প্রস্তুতি নেয়নি তা বোঝা যায় রাষ্ট্রের বক্তব্য এবং কাজের মিলের মধ্যদিয়ে। জানুয়ারি মাস থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করে। জানুয়ারি মাসে কিউবা করোনা মোকাবিলায় ‘প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ’ নামে একটি পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার ভেতর ছিলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া, করোনা আক্রান্তদের কিভাবে চিকিৎসা দেয়া হবে কোথায় চিকিৎসা হবে সেসব ব্যবস্থা প্রস্তুত করা, কোয়ারেন্টাইন ব্যবস্থা প্রস্তুত করা এবং পর্যটন কর্মীসহ জনগণের মাঝে করোনার লক্ষণ কী ও এই বিষয়ক সর্তকতা তৈরি করা।

১১ মার্চ কিউবাতে প্রথম ৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এর পরপরই দ্রুত তাদের সানিধ্যে আসা লোকজনকে শনাক্ত করা হয় এবং পরীক্ষা করা হয়। এরপর কিউবার বিপুল পরিমাণ মেডিকেল শিক্ষার্থীদের দিয়ে তৈরি করা হয় জরিপ দল। এই জরিপে নেমে শিক্ষার্থীরা মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করে। কারো ভেতর করোনার লক্ষণ পেলে তাকে পরীক্ষার জন্য স্বাস্থকেন্দ্রে পাঠানো হয়।

২০ মার্চ কিউবা যখন ২১ জন করোনা রোগী শনাক্ত করে তখন তারা পর্যটকদের কিউবা ভ্রমণে নিষেধাজ্ঞাজারী করে। এরপর ঝুঁকিতে থাকা অপেক্ষাকৃত দুর্বল স্বাস্থ্যের মানুষদের ঘরে থাকার নির্দেশ দেন, বাড়িতে থেকে কাজ করার সুযোগ তৈরি করেন, কর্মীদের সুরোক্ষা ব্যবস্থা ও সামাজিকভাবে সব ধরনের সহায়তা করার ঘোষণা দেয় সরকার।

সমাজতান্ত্রিক কিউবাতে আগে থেকেই রেশনিং ব্যবস্থা আছে চালু আছে প্রতিটি নাগরিকদের জন্য। এই রেশনের আওতায় নাগরিকদের সুষম খাদ্য সরবরাহ করে নাগরিকদের। কিউবা তার নাগরিকদের খাদ্য, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ফলে লকডাউন কিংবা অবাধ চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হলেও ক্ষুধায় কিংবা বিনা চিকিৎসায় কাউকে মরতে হচ্ছে না। কিংবা ত্রাণের অভাবে বিক্ষোভ, ক্ষুধার কারণে লকডাউন ভেঙে পথে নামতে বাধ্য হওয়ার মতো ঘটনা নেই।

কিউবান সরকার যখন দেখলো শিথিল ব্যবস্থার কারণে ঠিক মতো শারীরিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না তখন গণপরিবহণ চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করে। অনেক ব্যক্তিগত গাড়ি এবং সরকারি গণপরিবহণ এবং তাদের চালকদের হাসপাতালের স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত করে। রেশনিং ব্যবস্থা ও জরুরি সেবার ব্যবস্থাগুলোকে বিশেষ নিরাপত্তার ভেতর নিয়ে এসেছেন।

শুধু নিজেদের চিন্তাই নয় বিপ্লবী রাষ্ট্র কিউবা নিজের দেশের জনগণের পাশাপাশি করোনা মোকাবিলায় ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশ, আফ্রিকা এবং ইতালিতেও পাঠিয়েছে তাদের চিকিৎসক স্বেচ্ছাসেবীদের। এখন পর্যন্ত ১৪টি দেশে কিউবান চিকিৎসকরা করোনা আক্রান্তদের জন্য চিকিৎসা সহায়তা করতে এগিয়ে গেছেন।

কিউবা শুধু করোনার বিস্তারকেই নিয়ন্ত্রণ করেনি, সেই সাথে তারা উদ্ভুত পরিস্থিতিতে মানবিক উদ্যোগও গ্রহণ করতে পেরেছে। আর এই কারণেই তারা উদাহরণ হিসেবে সামনে আসছে বারবার। তাদের সাফল্য তারা মানবেতর পরিস্থিতির সৃষ্টি হতে দেয়নি, এসব অঞ্চলে কর্মহীন মানুষদের ক্ষুধায় খাদ্যের জন্য বিক্ষোভ করতে হয়নি। অর্থনৈতিক মন্দা বিশাল চাপ সত্বেও কৃষকরা এখনো দুঃশ্চিন্তা গ্রস্থ না। কিউবান কৃষকরা জানে এই সংকটে তাকে রাষ্ট্রের পিছে ছুটতে হবে না রাষ্ট্রই তার কাছে ছুটে আসবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে।

তারা এটা পেরেছে তাদের সমাজতান্ত্রিক পরিচালিত মানবিক রাষ্ট্রকাঠামোর কারণে। যেখানে মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা সবার আগে। কিউবা তাদের বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ রাখে স্বাস্থ্য ও শিক্ষাখাতে। আর এই বরাদ্দ যে হরিলুট হয়না। অন্যদিকে কিউবার স্বাস্থ্যখাত পুরোটাই গণমুখী। এখানে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। মানুষের ঘরে ঘরে তারা পৌঁছে দিতে পেরেছে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যবাণিজ্যের কোনো সুযোগ এখানে নেই। যার ফলেই বিভিন্ন সংকটে হাজারো প্রতিকূলতার মাঝেও কিউবা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছে। একই ধরনের স্বাস্থ্যসেবা এবং দক্ষ ব্যবস্থাপনা যারা করতে পেরেছে তারাই করোনা পরিস্থিতিতে অনেক উন্নত দেশের চেয়েও ভালো করেছে।।

শফি আহমেদ, সাবেক ছাত্রনেতা এবং কলামিস্ট ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.