করোনা ভাইরাস, লকডাউন ও নারীনির্যাতন

করোনা ভাইরাস দুর্যোগে সারাবিশ্বের মতো বাংলাদেশও পর্যুদস্ত। আর নারীর জীবন যেন আর বেশী বিপর্যস্ত। ‘বাইরে মহামারী আর ঘরে নির্যাতনকারী’ — এই হয়ে দাঁড়িয়েছে নারীর জীবন। করোনা ভাইরাসকে মোকাবিলার জন্য সাধারণ ছুটি ঘোষিত গত ২৬ মার্চ থেকে, স্কুল ছুটি আরো আগে ১৭ মার্চ থেকে। বাংলাদেশে গৃহস্থালির কাজ সাধারণভাবে নারীকেই করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত নারী রান্না করা, ঘর দোর গোছানো ও পরিচ্ছন্ন করা, পরিবারের শিশু-বয়স্ক-অসুস্থদের যত্ন নেওয়াসহ গড়ে ৪৫ ধরনের কাজ দিনে গড়ে ১৬ ঘণ্টাব্যাপী করে থাকেন। এই অতি গুরুত্বপূর্ণ কাজ যা ছাড়া আমাদের একদিনও চলে না, সেই কাজে পরিবারে দৃশ্যমান কোন টাকা আসে না বলে, সামান্যতম মূল্যায়নও করা হয় না । এখন করোনা ভাইরাসের কারণে সাহায্যকারীদেরও বাসায় আসতে মানা। পরিবারের সকল সদস্য সবসময় ঘরেই আছেন। ফলে নারীর গৃহস্থালির কাজ বেড়ে গেছে কয়েকগুণ । সেজন্য তিনি কোথায় একটু সহানুভূতি পাবেন বা সাহায্য পাবেন তা তো নেই- উল্টো নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। শিশুরা একমাসের বেশি সময় ধরে গৃহবন্দী। শিশুদের জন্য এরকম এক মানসিক দুঃসহ অবস্থায় মা-ই তার প্রধান সঙ্গী।রাজবাড়িতে করোনাভাইরাসের ভয়ে মা তার ১০ বছরের শিশুকে বাইরে খেলতে যেতে দেননি। মায়ের উপর অভিমান করে শিশু আত্মহত্যা করে। এমন সময়ে সন্তানদের মানসিক চাপ কমানোর জন্য মায়েদের কতো কিছু করতে হচ্ছে ! কখনো নিজেকেই শিশুর খেলার সাথী করতে হচ্ছে, স্কুল বন্ধ থাকায় কখনো হতে হচ্ছে শিক্ষক । লকডাউনে সংসারে স্বামী বা উপার্জনকারী পুরুষ উপার্জন করতে পারছেন না, বা বেতন পাচ্ছেন না, বা চাকরি হারানোর ভয়ে আছেন- এরকম এক মানসিক অস্থিরতার সময়ে (পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে) নারীর উপর শারীরিক মানসিক নির্যাতন অনেক বেড়ে গেছে । নিজের রাগ-ক্ষোভ দূর করার একটায় জায়গা—নারীর উপর নির্যাতন । প্রচন্ড মানসিক চাপ, শারীরিক পরিশ্রমের সাথে নারীর উপর নেমে আসছে নির্যাতন। ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা; জামালপুরে করোনা রুগি তল্লাশির নামে পুলিশের পরিচয়ে কিশোরীকে তুলে নিয়ে যেয়ে গণধর্ষণ; ফেনীর সোনাগাজীতে সোনার অলঙ্কার না পেয়ে কিশোরী মেয়েকে ধর্ষণ করে ডাকাতেরা; কেরানীগঞ্জে ত্রাণ দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ; বগুড়ায় যৌতুকের জন্য নববধূকে হত্যা; প্রতিদিন পত্রিকার পাতায় চোখে পড়ে এমন শিরোনাম। লকডাউনের কারণে আরও অনেক অনেক নির্যাতন-নিপীড়ন হয়তো পত্রিকায় আসছেই না। নারীও মামলা করতে যেতে সমস্যায় পরছেন। আবার পুলিশ করোনার অযুহাতে মামলা নিতে চাচ্ছে না। গত ৭ এপ্রিল লক্ষ্মীপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর এলাকার আওয়ামী লীগ নেতা ধর্ষককে দুটি চড় মেরে বিচার সমাপ্ত করেছেন !! লকডাউনের কারণে রাস্তা-ঘাট ফাঁকা। কোনো কারণে নারীকে বের হতে হলে তাকে উত্যক্তকরণসহ নানা রকম নির্যাতন-নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। গত ২১ এপ্রিল রাজবাড়ীতে পড়াশোনা করার ‘অপরাধে’ এক গৃহবধূকে ২ দেবর নির্মম নির্যাতন করে। থানায় মামলা করতে গেলে পুলিশ গড়িমসি করে এবং তখন মামলা নেয়নি, বলেছে পরে নিবে। তাকে শশুরবাড়িতেই থাকতে হচ্ছে লকডাউনের কারণে বাবার বাড়ি যেতে পারছেন না, শশুরবাড়ির লোকজন তাকে সারাক্ষণ ভয়ভীতি দেখাচ্ছে, হুমকী দিচ্ছে। এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে এই নারীর দিন কাটছে। আমরা বুঝতে পারি কেবল এই নারী না, ঘরে যে নারীরা নির্যাতিত হচ্ছেন তারা প্রচন্ডরকমভাবে সারাক্ষণ নির্যাতনের আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন। আমাদের শ্রমজীবী কর্মজীবী নারীরা আরও এক শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন, সাধারণ ছুটি শেষ হলে চাকরিটা থাকবে তো। বাংলাদেশের সবচেয়ে বেশী রপ্তানী আয় হয় গার্মেন্টসখাত থেকে। সেই খাতের শ্রমিকদের ৬০% নারী। পোশাকখাতের শ্রমিকদের নিয়ে কিভাবে তালবাহানা করা হচ্ছে! মালিকগোষ্টী একবার তাদের ৫ এপ্রিল কারখানা খোলা এ কথা বলায় সাধারণ ছুটির মধ্যে যখন গণপরিবহন বন্ধ তখন একবার শ্রমিকরা পায়ে হেটে ঢাকায় গেল। তারপর পরদিনই কারখানা বন্ধ বলায় আবার পায়ে হেঁটে বাড়িতে ফিরলো। আবার ২৫ এপ্রিল থেকে শ্রমিকরা পায়ে হেটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, চাকরী বাঁচানোর আশায়। সরকারের প্রণোদনা পাওয়ার পর এবং মার্চ মাসে শ্রমিকরা কাজ করার পরও মার্চের বেতন অনেক শ্রমিক পাননি। বেতন পাচ্ছেন না, কবে থেকে কাজ আবার শুরু হবে, কাজ শুরু হলেও চাকরি ফিরে পাবেন কিনা, যে বাসায় ভাড়া থাকতেন, সে বাসায় উঠতে পারবেন কিনা, সন্তানের ক্ষুধার্ত মুখ, সামনে শুধুই অনিশ্চয়তা আর দুশ্চিন্তা । দীর্ঘ কয়েক মাস পর্যন্ত খাবারের অভাবে, পুষ্টির অভাবে শরীরে সেটার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। বেশীর ভাগ শ্রমজীবী নারী শারীরিক পরিশ্রমের কাজ করেন। শরীর-ই যদি না চলে কাজ কিভাবে করবেন , ঘরে খাবার কিভাবে জুটবে? যেকোন দুর্যোগে বাংলাদেশের মতো নারীর অধিকার ক্ষুন্নকারী (আইনতই নারীর সমান অধিকার নেই, পুরুষতান্ত্রিক মানসিকতা ভয়ানকভাবে প্রবল, অন্ধত্ব-কুসংস্কার বিরাজমান) একটি দেশে নারীরাই বেশী ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তবে করোনাভাইরাস জনিত দূর্যোগ যেন নারীকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে। রাষ্ট্র যদি এখনই বিশেষ যত্ন ও মনোযোগে এসকল সংকটকে সমাধান করার উদ্যোগ না নেয় তাহলে সামনের দিন নারীর জন্য আরও বেশি সংকটময় হয়ে উঠবে এবং সেটা দেশেরও অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ক্ষতি সাধন করবে। সেক্ষেত্রে আমাদের আশু প্রস্তাবনাসমূহ- ১। সারাদেশে দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের তালিকা করে আর্মি রেটে ৬ মাস রেশন দিতে হবে। ২। কেউ চাকরী হারাবে না- এই নিশ্চয়তা দিতে হবে। ৩। ক্ষুদ্র পুঁজি উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। ৪। নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার বিচার নিশ্চিত করতে হবে। ৫। নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। ৬। সংকট উত্তরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নারী সংগঠনসমূহের সাথে আলোচনাসাপেক্ষে নির্ধারণ করতে হবে।

লেখক- প্রকৌশলী শম্পা বসু, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.