৮ই মার্চ আমরা জানি আমাদের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর দিন আসে দিন যায়। টুকটাক রোগী ভর্তি হয়। কেউ IEDCR হতে পজিটিভ জেনে আমাদের এখানে আসে। আবার IEDCR আমাদের জানায়, রেগী আসছে ।আমরা ভর্তি করে নেই। কেউ সাস্পেকটেড, কেউ পজিটিভ । এমন ভাবে আসেন আব্দুল হাকিম, মাদারিপুর বাড়ী, ইতালি ফেরত, পজিটিভ কেস।ভাগ্যের কি নির্মম পরিহাস, ঐ পরিবার এর আরও চারজন পজিটিভ হয়। আব্দুল হাকিমের বাবা, তার বউ ও সাত এবং তিন বছরের দুই বাচ্চা । মাঝে আসে ১৭ই মার্চ আমাদের অতি আরাধ্য , জাতির পিতার জন্ম শতবার্ষিকী ।অনেক পরিকল্পনা থাকলেও, আমরা স্বল্প পরিসরে পালন করি ,জন্ম শতবার্ষিকী । এর পর, ২০ শে মার্চ ভোরবেলা মারা যায়, আব্দুল মালেক, ইতালি ফেরত আব্দুল হাকিমের বাবা,ডায়াবেটিসজনিত জটিলতায়। শুক্রবার দিন সেটা। যাক , এরপর আমরা সম্মুখীন হই, আরেক নতুন অভিজ্ঞতার। কি করে হবে লাশের দাফন। একদিকে ভীষণ মন খারাপ , প্রথম মৃত্যু , আমাদেরই হাসপাতালে, তার উপর কিভাবে লাশের ব্যবস্থা করব। এগিয়ে এলেন আমাদের তত্ত্বাবধায়ক স্যার ও আমাদের কোফোকাল পার্সন সিনিয়র কনসালটেন্ট সার্জারি ডাঃসাদিয়া আপা।প্রথমে আমরা জানালাম IEDCR কে, কারন তাদের জানতে হবে ও প্রেস ব্রিফিং এ বলতে হবে। এছাড়া তারা তখন সববিষয়ে দিক নির্দেশননা দিচ্ছিলেন।তারা বললেন আল মারকাজুল ব্যবস্থা নিবে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করলে বললেন তারা পারবে না। এরপর যোগাযোগ করা হয় সিটি কর্পোরেশন এর চিফ মেডিকেল অফিসারের সাথে, তিনিও কিছু জানেন না।এদিকে লাশ উপর থেকে কিভাবে নামাব , কে গোসল করাবে , জানাযা কিভাবে হবে,আমরা দিশেহারা হয়ে পড়ি । আরও তো আছে দাফনের চিন্তা। এরপর যোগাযোগ করি, লোকাল থানার ওসির সাথে, আমাদের কিভাবে সাহায্য করা যায়। বিধিবাম।তিনিও তার অপারগতা জানান। প্রথমে আশ্বাস দিলেও পরবর্তীতে লোকাল থানার ওসি আমাদের একটি বডিব্যাগ(লাশ সংরক্ষনের ব্যাগ) দিতে অস্বীকৃতি জানায়। বুঝলাম, আমাদের ব্যবস্থা আমাদেরই করতে হবে।সময় চলে যাচ্ছে । লাশ পচন ধরতে পারে। কি করি। আমাদের ওয়ার্ড মাস্টার মহিদুল ও মসজিদের ইমাম গেলেন কফিন আর চাপাতা কিনতে।যা হোক কিনে আনা হলো। এবার উপরে উঠবে কে? কিযে কষ্টকর , একেকটা মানুষকে রাজী করানো । আসলে ওরাও বা কি করবে, পরিস্হিতিটাই ভয়ংকর । যাই হোক শেষমেশ মোতালেব, আসলাম , নুরু, আব্দুল কাদের আমাদের চার সহযোদ্ধা , আমাদের ক্লিনার, ওরা কফিন আর চাপাতা নিয়ে উপরে উঠল। তায়াম্মুম করে লাশ কফিনে ভরে, চাপাতা বিছিয়ে নীচে নামিয়ে আনে । এখন, তার শেষ ঠিকানা কোথায় হবে? কোভিড কি কেড়ে নিল তার সেই অধিকার ?প্রথমে মাদারপুরের সিভিল সার্জন স্যার রাজী জলেও। পরবর্তীতে তাও আর বাস্তবায়ন হয় না। জানাজা হয় গায়েবানা জানাজা,অথচ উপরে , হাসপাতালেআছে তার ছেলে , পুত্রবধূ ও দুই নাতি নাতনী। কোভিড আমাদের কতকিছুর অভিজ্ঞতা দিল। পরিশেষে তার শেষ গন্তব্য খিলগাঁও তালতলা। লাশ নিয়ে পিপিই পরে রওয়ানা হয় আমাদের এম্বুলেন্স ড্রাইভার ওমর ফারুক।খিলগাঁও তালতলা পৌঁছে সে দেখে কেউ তাকে সাহায্য করছে না।পুলিশ , কবরস্থান এর লোকজন তাকে শুধু জায়গায়াটা দেখিয়ে দেয়। এরপর সে গিয়ে দেখে কবরটা পর্যন্ত অর্ধেক খোঁড়া। বেচারা, পিপিই পরে বাকী অর্ধেকটা কবর খুঁড়ে একা একাই, একথা বলছি কারণ পিপিই পরে কাজ করা খুব সাফোকেটিং।তারপর একা কফিন টা টেনে কবরে নামিয়ে মাটিচাপা দেয় দেশের প্রথম কোভিড আক্রান্ত রোগীর মৃতদেহ । অবশ্য কাজ শেষ করে ফেরার পথে কবরস্থান কর্তৃপক্ষ ও স্হানীয় পুলিশ সদস্য তাকে ধন্যবাদ জানাতে ভুল করেনি । এরপর কাজ সহজ হয়। মিনিস্ট্রি এরপর দায়িত্ব নেয়। কোন রোগী মারা গেলে মিনিস্ট্রিকে জানাই, তারাই জানিয়ে দেয় আরমাকাজুলকে।তারা মৃত ব্যক্তির একজন স্বজনকে অনুমতি দেয় থাকার, যদি চায়।তানাহলে সব কাজ তারা নিজ দায়িত্বে পালন করে। কোভিড রোগীর মৃতদেহের বর্তমান ঠিকানা া খিলগাঁও তালতলা, তারা হারিয়েছে তাদের নিজস্ব ঠিকা না। তাদের একটাই পরিচয় COVID 19 POSITIVE. from Kuwait Bangladesh Moitry Hospital, uttara. Dr Sanchita Voumik.

