সম্প্রতি ভারতের রাজধানী ও কেন্দ্রশাসিত বিশেষ অঞ্চল দিল্লিতে বিধানসভা নির্বাচন নতুন ভারতের ইঙ্গিত বহন করে। গণতন্ত্রের ভোট ব্যালটে হঠাৎ আকাশ থেকে পড়া কোন সমীক্ষা নয় বরং কট্টরপন্থী একটি দলের উগ্র শাসনের বিপরীতে অর্থবহ জবাব এটি যা বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষ মনোভাবের প্রতিফলন হতে পারে অথবা বৃহত্তম গণতন্ত্রের দেশটিতে রাজধানী বাসীর মনে লালিত অসাম্প্রদায়িক ও মুক্ত দর্শনের বহিঃপ্রকাশ এটি। শাসকদলের একতরফা রামরাজত্বে সাধারণ মানুষ শেকড় হারানোর শঙ্কায় হাপিয়ে উঠেছিলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এসব মানুষ আস্থা ও বিশ্বাস নিয়ে ঢাল হিসেবে বেছে নিয়েছেন ‘ঝাড়ু’ প্রতীক। ক্ষমতাসীন বিজেপির অযৌক্তিক ধর্মীয় মেরুকরণ, উগ্র হিন্দুত্ববাদ, ক্ষমতার হুঙ্কার কোনকিছুই দিল্লিকে নড়াতে পারেনি। আরএসএস ঘেষা বিজেপির বিপরীতে দাড়িয়ে শুধুমাত্র ভালোবাসা ও ভালোবেসে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুক্তমনা দিল্লিবাসীর মন কেড়ে নিয়েছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল।
সারা ভারতে চলছে বিতর্কিত মোদি-অমিত জুটির তুমুল শাসন, ১৯৫১ সনে প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ দল ১৯৭৭ সনে জনতা পার্টি হয়ে ১৯৮০ সনে বিজেপি হিসেবে আত্মপ্রকাশ করে। সময়ের প্রয়োজনে বারবার খোলস পরিবর্তন করা বিজেপি ক্ষমতার প্রয়োজনেই উগ্র হিন্দুত্ববাদের কৌশল ধরে রেখেছে। উদারপন্থী গণতন্ত্র চর্চার বদলে মূলত সংখ্যাগুরু হিন্দুদের কট্টরপন্থী মনোভাব জাগিয়ে তোলা ও তা নিয়ন্ত্রণ করাই বহুকাল ধরে বিজেপির প্রধান হাতিয়ার।
অটল বিহারি বাজপেয়ি, এল কে আদভানির হাত ধরে পুনঃপ্রতিষ্ঠার পর ১৯৮৪ সনের লোকসভা নির্বাচনে মাত্র ২ টি আসন পাওয়া বিজেপি এবারই প্রথম টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে। মাত্র ৮ মাস আগে জাতীয় নির্বাচনে ৫৪৩ টি আসনের মধ্যে ৩০৩ টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি বেশ রমরমা অবস্থায় রয়েছে। পুরোদমে চলছে রাষ্ট্র শাসনের পাশাপাশি নাগরিক পৃথকীকরণের কঠিন চ্যালেঞ্জ। ভারতের চলমান সিএএ, এনআরসি এখন তাদের কাছে দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতির মতই গুরুত্বপূর্ণ ইস্যু। সম্ভবত বিজেপির ঐতিহাসিক চারিত্রিক, আদর্শিক অবস্থান থেকেই এই ইস্যুটির জন্ম। বিষয়টি এতটাই দলগত ও দলীয় যে, এটি বাস্তবায়নের কঠিন চাপ দলের অস্তিত্ব রক্ষার মতই সমান গুরুত্ব দিয়ে দেখছে নরেন্দ্র মোদি- অমিত শাহ’র দল।
এনআরসি কেন এত গুরুত্বপূর্ণ, এর ভেতরের ভেতরে কি আছে তা হয়তো বিজেপিই ভালো জানে। কিন্তু এই আইনের দ্বারা ভারত যে নতুন করে ধর্মীয় বিভাজনের সীমারেখায় বিভক্ত হতে যাচ্ছে তা আর অস্পষ্ট নয়। ১৯৪৭ এর ধর্মভিত্তিক বিভাজনে রাষ্ট্রভিত্তিক বন্দোবস্ত হলেও এবার বিজেপির কারণে সংখ্যালঘুদের রাষ্ট্রের ভেতর রাষ্ট্রহীন হওয়ার শঙ্কা প্রবল হয়ে উঠছে দিন দিন, যার সরাসরি শিকার হতে পারে ভারত জুড়ে থাকা প্রায় ২৫ কোটি মুসলমান। সবশেষ ডিসেম্বরে ভারতের পার্লামেন্টে অনেকটা গায়ের জোরে পাশ হয় নাগরিকত্ব সংশোধিত আইন, এর আওতায় শুধুমাত্র মুসলমান ব্যাতিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, শিখ, জৈন ধর্মের মানুষদের নাগরিকত্ব দেয়া হবে যারা এসেছেন বহির্ভারত থেকে। এই প্রক্রিয়ার খুব মিল পাওয়া যায় বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরাইলে ফিরিয়ে আনার উদ্যোগের সাথে। এটা লক্ষণীয় যে, ভারতের ৭ দশকের স্বাধীনতার ইতিহাসে এটাই সবচেয়ে ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিভাজন যা সরকার তার নাগরিকদের সাথে সরাসরি বাস্তবায়নের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রভাবশালী সংবাদমাধ্যম দ্যা ইকোনমিস্ট লিখেছে, ‘কোটি কোটি মুসলমানের অধিকার খর্ব করে হিন্দু রাষ্ট্র হয়ে উঠছে ভারত’। সম্ভাব্য সাম্প্রদায়িকতার এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হলো দিল্লি বিধানসভা নির্বাচন। এনআরসির বিরোধিতা করে আলোর মশাল হয়ে পথে নেমে এলো দিল্লিবাসী। রাজধানীর রাজনীতিতে গণতন্ত্রের বিপ্লব ঘটালো নিজেরাই। সরকারের হুঙ্কার ও হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ভোট দিলো কেজরিওয়ালকে, অনাস্থা জানালো বিজেপির সিএএ, এনআরসির প্রতি। হিংসার শুরু এখান থেকেই, দিল্লির ক্ষমতা হারিয়ে এলোমেলো বিজেপি ক্ষোভে ফেটে পড়ে। গুজরাট দাঙ্গার নেপথ্য যুগল নরেন্দ্র মোদী-অমিত শাহ’র বিজেপি হাটতে শুরু করে সহিংসতার পথে। রোষানলের শিকার হয় সরাসরি মুসলিম, এই বৃহৎ সহিংসতায় হিন্দুরা ক্ষতিগ্রস্ত হলেও মুসলমানদের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়। গুজরাট হামলার আদলে আরো ভয়াবহ হামলার ঘটনা ঘটে মুসলমানদের বসত বাড়ি, দোকানপাটে। বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষে-বিপক্ষের এই বিরোধ সাম্প্রদায়িক সন্ত্রাসে রূপ নেয়। অশোকনগরের মসজিদ আক্রান্ত হয়, মসজিদের চূড়ায় মিনারের মাইক ভেঙে সেখানে উত্তোলন করা হয় হনুমানের পতাকা। বাবরি মসজিদের মত হামলা হয় দিল্লির অনেক মসজিদে, পুরো দিল্লি পরিণত হয় সাম্প্রদায়িক অগ্নিবৃত্তে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিনে রাতে মুসলমানদের হত্যা করা হয়, এমনকি দিল্লিতে লোকজনের কাপড় খুলে ধর্ম নিশ্চিত করে আরএসএস-বিজেপি।
মূলত এনআরসি আইনের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ ও দিল্লি বিধানসভায় পরাজয়কে কেন্দ্র করে এই একপেশে দাঙ্গার সূচনা। দ্যা টেলিগ্রাফ লিখেছে, ‘দিল্লিতে চলছে গুজরাট মডেলের নৃশংসতা’। আবার অনেকেই একে গণহত্যা হিসেবে দেখছেন। নোবেলজয়ী অমর্ত্য সেন ধর্ম নিরপেক্ষ ভারতে মুসলিম হত্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। ২৩ শে ফেব্রুয়ারী শুরু হওয়া হিন্দুত্ববাদী সহিংসতায় ৪৬ জনের মৃত্যু হলেও প্রকৃতপক্ষে শত শত মুসলমান নিহতের অভিযোগ রয়েছে আর আহতের সংখ্যা হাজার হাজার। ৮৫ বছর বয়স্ক মসজিদের মুয়াজ্জিনকে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়, তার দাত ভেঙে দেয়া হয়, চোখের সামনে ভাঙচুর হয় মসজিদ। দ্যা ওয়াশিংটন পোস্টের দাবি, ‘দিল্লির মসজিদে আগুন দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ’র পুলিশ নিজেই’। ৮০ বছরের বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা, চোখে এসিড ঢেলে হত্যা করা হয়েছে অনেককেই। যুবকদের পিটিয়ে জোরপূর্বক জাতীয় সঙ্গীত গাইয়েছে পুলিশ। একটি মরদেহের ময়নাতদন্তে দেখা গেছে, নৃশংসভাবে কমপক্ষে ৪০০ বার কোপ মেরেছিলো দাঙ্গাবাজরা। সহিংসতার এক সপ্তাহ পর উত্তেজনা তলানিতে নেমে এলেও সর্বস্বান্ত মুসলিমদের পুনর্বাসনই এখন বড় চ্যালেঞ্জ। জীবন বাচাতে পালানো মানুষেরা ফিরে এসে দেখছেন ধ্বংসযজ্ঞ, আগুনে পুড়িয়ে নয়তো ভাঙচুরে গুড়িয়ে দিয়েছে বাড়িঘর।
দিনশেষে এনআরসি হোক আর নাইবা হোক, হঠাৎ সহিংস সাম্প্রদায়িকতার আগুনে পুড়ে গেছে দিল্লি, বুক ভরা ঘৃণায় স্তব্ধপ্রায় দিল্লিবাসী থমকে গেছে। দিল্লির পথে পথে কালচে রক্ত আর অসহায় শরীরের গন্ধ। গুজরাট দাঙ্গার চেয়েও ভয়াবহ কলঙ্ক এই যে আধুনিক দিল্লির শরীরে লেপে দেয়া হলো তার রেশ মুছে যাবে কি করে ! উগ্র বিজেপি আর ধর্মীয় গণহত্যার এই কালো স্মৃতি কি সহজে ভুলে যেতে পারবে পোড়া দিল্লি !

লেখক, মুহাম্মদ ফারহান হোসেন
সাবেক ছাত্রনেতা
শুদ্ধস্বর/আইপি
Related