ভ্যাকসিন আবিস্কারের মহানায়ক

 গুটিবসন্ত (Smallpox) ছিলো এক মহামারি, যা বছর বছর সারা দুনিয়ায় আঘাত হানতো। প্রায় আড়াই হাজার বছর পূর্বের মিশরীয় মমি’র পরীক্ষা-নিরীক্ষা করেও গুটিবসন্তের অস্তিত্বের কথা জানা যায়। শুধু মাত্র কুড়ি শতকেই, গুটি বসন্ত কেড়ে নিয়েছে প্রায় ত্রিশ কোটি প্রাণ। আঠারো শতকের ইউরোপে গুটি বসন্তের হানায় মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছিলো। সে সময় গরুরও বসন্ত রোগ হতো, যেটা কাউ-পক্স (Cowpox) নামে পরিচিত ছিলো। কাউ-পক্স মানুষেরও হতো, তবে গুটিবসন্তের মতো ভয়াবহ ছিলো না। কাউ-পক্স হলে মানুষ মারা যেতো না। সে সময়ের বৃটিশ চিকিৎসাবিজ্ঞানী এডওয়ার্ড জেনার লক্ষ্য করলেন, গোয়ালাদের (গরু থেকে যারা দুধ সংগ্রহ করে) মধ্যে গুটিবসন্তের প্রভাবটা কম। তার এই পর্যবেক্ষণের পূর্বে, আরো কয়েকজন চিকিৎসকও অনুরূপ পর্যবেক্ষণের কথা প্রকাশ করেছেন। কিন্তু জেনার এই বিষয়টাকে পরীক্ষিতভাবে (Experimentally) প্রমাণ করার জন্য সিদ্ধান্ত নেন। দুইশ বছর আগে বিজ্ঞান এতোটা অগ্রসর ছিলো না। উন্নত ল্যাবরেটরি ছিলো না। প্রাণীদের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর (Control Experiment) ধারণা ছিলো না। জেনার যদি তার পর্যবেক্ষণ (Observation), পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সেটা সরাসরি মানুষের উপর প্রয়োগ করেই করতে হবে। জেনার অসম্ভব সাহসী সিদ্ধান্ত নিলেন। সে তার এক্সপেরিমেন্ট ডিজাইন করলেন। বিজ্ঞানে কোন পরীক্ষা-নিরীক্ষা চালানোর আগে, এক্সপেরিমেন্টাল ডিজাইনটা গুরুত্বপূর্ণ—কী করতে চান, কেন করবেন, কিভাবে করবেন এবং এটা করে কী লাভ হবে, এই সব বিষয়গুলো ভেবে ডিজাইনটা করা হয়। জেনার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে, কাউকে যদি আগে থেকেই কাউপক্সের ভাইরাস দিয়ে আক্রান্ত করে ফেলা যায়, পরবর্তীতে সেই শরীরে ইচ্ছাকৃতভাবেও যদি গুটিবসন্ত দ্বারা আক্রান্ত করা হয়, তাহলে গুটিবসন্ত সেই আক্রান্ত ব্যাক্তিকে কাবু করেত পারে না। কারণ, কাউপক্স দ্বারা আক্রান্ত হলে শরীর সেটাকে প্রতিরোধের জন্য যে এন্টিবডি তৈরি করে, সেই এন্টিবডি গুটিবসন্তের ভাইরাস প্রতিরোধে কাজ করে। এখানে কাউপক্সের ভাইরাস মূলত একটা দুর্বল ভাইরাস হিসেবে কাজ করে। আর আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (Immune System) একটা দুর্বল ভাইরাসকে প্রতিরোধের জন্য যে এন্টিবডি তৈরি করে, সেটা একটা সবল ক্ষতিকর ভাইরাসকে প্রতিরোধের জন্য আগে থেকে প্রস্তুত থাকে। ১৭৯৬ সালে জেনার প্রায় চব্বিশ জনের উপর চালানো, এমন পরীক্ষার ফলাফল বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেন। যে চব্বিশ জনের উপর পরীক্ষা চালানো হয়েছিলো, তাদের মধ্যে তার নিজের শিশু সন্তানও ছিলো! জেনারের পরীক্ষা ও সফলতার কথা সারা ইউরোপে হৈ-চৈ ফেলে দেয়। রাতারাতি এক মহানায়কে পরিণত হন তিনি। ভেকসিন শব্দটা জেনারই দিয়েছিলেন। ল্যাটিন শব্দ ভেক্কা (Vacca) বা গরু থেকেই ভেকসিন শব্দটির উৎপত্তি। জেনার শুধু গুটিবসন্তের ভেকসিনই আবিষ্কার করেননি, তিনি একটা মূলনীতি বা প্রিন্সিপল প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। আমাদের শরীরকে কী করে আগে থেকেই আশু একটা রোগের জন্য প্রস্তুত করে রাখা যায়, সেটাই হলো ভেকসিনের মূলনীতি। জেনার সম্ভবত মানব ইতিহাসের একজন অন্যতম বিজ্ঞানী, যার আবিষ্কার পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের জীবনকে রক্ষা করেছে। এবং তার প্রতিষ্ঠিত মূলনীতির উপর ভিত্তি করে দুইশ বছর ধরে বিজ্ঞানীরা তৈরি করছে নতুন নতুন রোগের ভেকসিন। মানবইতিহাসে, এমন মহানায়ক খুব বেশি আসেনি।

রউফুল আলম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.