ফ্রান্সকে বলা হয় শিল্প সাহিত্যের দেশ। বহু গুনি শিল্পী ফ্রান্সে এসে হয়েছেন ধন্য আবার এই দেশকে ও করেছেন সমৃদ্ধ । বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী চক্রবর্তী এমনই একজন মানুষ। প্রচারের আড়ালে থাকা এই কন্ঠশিল্পী নিভৃতে থেকে সুরের সাধনা করে চলেছেন বহু বছর যাবৎ। তাঁর সুরে মুগ্ধ হবেন যে কোন সঙ্গীত প্রেমী মানুষ। তাই গতকাল ২৯ ফেব্রুয়ারী ব্যতিক্রমী এই অধিবর্ষে “সুরের ধ্বনিতে আড্ডা” এর উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত হয় কন্ঠশিল্পী মৌসুমী চক্রবর্তীর একক সঙ্গীত সন্ধ্যা। রবীন্দ্র ও নজরুল সঙ্গীত দিয়ে শুরু করে একে একে বিভিন্ন ধারার গান পরিবেশন করে দর্শকদের পুরোটা সময় মন্ত্রমুগ্ধ করে রাখেন। সেই সাথে তিনি বর্ণনা করেন গান নিয়ে তাঁর ভাবনা, তাঁর গান শেখা, রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হওয়া ইত্যাদি অনেক অজানা কথা। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক সোয়েব মোজাম্মেল ভাষা আন্দোলন নিয়ে কথা বলেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সঙ্গীত পরিবেশনায় শিল্পী মৌসুমীর সাথে তবলায় ছিলেন বিশিষ্ট যন্ত্রশিল্পী অনুভব বড়ুয়া ও গিটারে শিল্পী আরজে নীল। অনুষ্ঠান শেষে একই দিনে রাকিবুল ইসলাম ও ইয়াসমীন আক্তার দম্পতির বিবাহবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফ্রান্স উদীচীর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার, লেখক ও আবৃত্তি শিল্পী মুহাম্মদ গোলাম মোর্শেদ, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সম্পাদক ফাহাদ রিপন, বিশিষ্ট নৃত্যশিল্পী শরীফ হোসেন, সাংস্কৃতিক সংগঠক সুব্রত শুভ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সদস্য জুয়েল দাস রায় লেনিন, আবৃত্তিকার সাইফুল ইসলাম, কন্ঠশিল্পী তারেক সহ আরো অনেকে।
রাকিবুল ইসলাম। প্যারিস থেকে /শুদ্ধস্বর ডটকম

