ফ্রান্সে জনগণের শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। মুদি দোকান গুলোতে সীমিত আকারে লোক প্রবেশ করানো হচ্ছে, তাই বাইরে মানুষের বিশাল লাইন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে। ধারণা করা হচ্ছে ইতালি বা স্পেনের মত ফ্রান্সে ও বিনাকারণে ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হবে। সেক্ষেত্রে জরিমানা পর্যন্ত করা হতে পারে। তবে খাবার কেনা বা ঔষধের জন্য নিজ এলাকার দোকানে যাওয়া যাবে। আজ সন্ধ্যায় G7 এর নেতৃবৃন্দের একটি ভিডিও কনফারেন্স হওয়ার কথা রয়েছে। সেখানে করোনা ভাইরাস মোকাবিলায় যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হবে। কার্ফু জারির বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলেও ফ্রান্স সরকারের মুখপাত্র জনাব সিবেত এনদিয়াই তা নাকচ করে দিয়েছেন। ফ্রান্সের স্বাস্থ্য সেবার প্রধান জেরোম সালোমন জানিয়েছেন করোনা ভাইরাস ফ্রান্সে খুব দ্রুত ছড়িয়ে পরছে। তাই সবাইকে নিজ নিজ বাসায় থাকার পরামর্শ দিয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত প্রায় ৫৫০০ জন আর মৃত্যুর সংখ্যা ১২৭ ।
শুদ্ধস্বর/রাকিবুল ইসলাম প্যারিস থেকে ।

