করোনায় চীনের মতো হাসপাতাল নির্মাণে স্থানীয়দের বাধা, কাজ বন্ধ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণের কাজে বাধা দিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও কিছু ব্যক্তি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন ব্যক্তি উদ্যোগে এটি করতে চেয়েছিলেন। কিন্তু এলাকাবাসীর বিক্ষোভের মুখে উদ্যোগে ভাটা পড়লো। হাসপাতাল বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এলাকার কয়েকশ লোকের বিক্ষোভের মুখে নিজের জমির মালিকানার সাইনবোর্ডের নিচে তাৎক্ষণিক হার্ডবোর্ডে ‘কাজ বন্ধ ঘোষণা করা হলো’ লেখা টানিয়ে দেয় আকিজ গ্রুপ।

স্থানীয়দের দাবি, তেজগাঁও একটি আবাসিক এলাকা। তাই এখানে এমন একটি হাসপাতাল বানালে ঝুঁকি বাড়তে পারে। এজন্য তারা এসেছিল। পরে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

জানতে চাইলে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চ‌ল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, তেজগাঁও এলাকার কিছু মানুষ সেখানে গিয়ে কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল। এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষকে বুঝিয়েছেন। তারা চলে গেছেন। এখন আর কোনো সমস্যা নেই।

তেজগাঁও শিল্পাঞ্চল বিভাগের সহকারী কমিশনার (এসি) সালমান হাসান জানান, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল বানাচ্ছে আকিজ গ্রুপ এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্থানীয়রা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করে। তারা এমন কোনো হাসপাতাল হতে দেবে না, এমনটাই দাবি তাদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.