করোনার সঙ্গে খালেদা জিয়ার মুক্তির সম্পর্ক নেই: হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর কাছ থেকে এসব উপকরণ বুঝে নেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্য নেতারা।

‘খালেদা জিয়ার মুক্তিতে করোনাভাইরাস থেকে দেশ মুক্তি পাবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যর বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ, এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই। এ ধরনের দায়িত্বহীন কথা তিনি বলেছেন কিনা সেটি আমি জানি না। তবে বলে থাকলে আমি আশা করব ভবিষ্যতে এ ধরনের দায়িত্বহীন কথা কেউ বলবেন না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন মিডিয়াতে দেখেছি যে মির্জা ফখরুলের বরাত দিয়ে এ ধরনের একটি বক্তব্য ছাপানো হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে সাধুবাদ না জানালেও বিএনপির পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আবেদন জানানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে সিআরপিসির ৪০১ উপধারা অনুসারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে (খালেদা জিয়া) মুক্তি দেয়ার ব্যবস্থা নিয়েছেন। তারা এতদিন ধরে যে নেতিবাচক রাজনীতি করে আসছিলেন এবং ধ্বংসাত্মক রাজনীতি করে আসছিলেন। আমরা আশা করব, প্রধানমন্ত্রীর উদারতার কারণে সেটি থেকে বিএনপি ফিরে আসবে।

ছুটির সময় সাংবাদিকদের দায়িত্বপালন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাংবাদিকদের যে কার্ড আছে সেটিই যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউস থেকে বলে দেয়া হয়, তিনি অন ডিউটি তাহলে সেটিই যথেষ্ট। এটির জন্য আলাদা কার্ড দেয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ একজন সাংবাদিক যখন অন ডিউটি, তখন তাকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনে করি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.