আমেরিকান প্রেসিডেন্সি ও বার্নি স্যান্ডার্স

অ্যাডভোকেট আনসার খান :আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্-প্রস্তুতি ও কার্যক্রম চলছে। নির্বাচনী মাঠে এখন চরম উত্তেজনা বিরাজমান রয়েছে। বিশেষ করে নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের জন্য অন্যতম প্রধান দল ডেমোক্রেটিক পার্টির প্রাইমারী ও ককাস শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। কে হতে চলেছেন ২০২০ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদের প্রার্থী-সেটাই এখন আলোচনার শীর্ষে রয়েছে, যদিও রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রায় নিশ্চিত হয়ে আছেন, তাই রিপাবলিকান শিবিরে প্রার্থী বাছাই নিয়ে নেই কোনো উত্তেজনা।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ২৯ জন ডেমোক্রেটিক পার্টির প্রার্থীতা ঘোষণা করেছিলেন। মোট ১৮ জন প্রার্থী ইতোমধ্যেই বাদ পড়েছেন এবং বর্তমানে ১১ জন প্রার্থী এই নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বি হলেন মূলত চারজন। এদের মধ্যে যে কোনো একজন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন এমনটাই মনে করা হচ্ছে। এই চারজন প্রার্থী হলেন, বার্নি স্যান্ডার্স, পিট বুটিগিগ, জো বাইডেন এবং এলিজাবেথ ওয়ারেন।
প্রশ্ন আসে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদ প্রার্থী কীভাবে বাছাই করা হয়ে থাকে। প্রার্থী বাছাই প্রক্রিয়া বেশ জটিল ও দীর্ঘ। নির্বাচনে ইচ্ছুক ব্যক্তিরা স্ব উদ্যোগে প্রার্থীতা ঘোষণা করেন এবং দলের প্রাইমারী ও ককাসগুলোতে প্রার্থী নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। এই ফেব্রুয়ারিতে প্রাইমারী ও ককাস শুরু হয়েছে এবং চলবে জুন পর্যন্ত। এই প্রাইমারি ও ককাস থেকে ৪০৫১ জন প্রতিনিধি নির্বাচন করা হয় এবং চূড়ান্ত জয়ের জন্য অর্থাৎ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কমপক্ষে ২৩৭৬ জন প্রতিনিধি জিততে হবে এবং দলের কনভেনশনে চুড়ান্তভাবে প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করা হয়ে থাকে।
ইতোমধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারী এবং ককাস শুরু হয়ে গেছে এবং এ পর্যন্ত জয় পাওয়া প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন বার্নি স্যান্ডার্স। সমাজতন্ত্রী বামপন্থী হিসেবে সুপরিচিত বার্নি স্যান্ডার্স প্রার্থী বাছাই প্রক্রিয়ায় শীর্ষে ওঠে আসায় গোটা আমেরিকা জুড়ে ব্যাপক হৈ চৈ এ কারণে শুরু হয়ে গেছে যে, তাহলে কী ২০২০ সালের নির্বাচনে আমেরিকানরা একজন সমাজতন্ত্রীকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন এবং এও আলোচনা হচ্ছে যে, বার্নি স্যান্ডার্স কী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন।
তবে সবচেয়ে বেশি করে আলোচনায় এসেছে-, একজন সমাজতন্ত্রী ভাবাদর্শের বিশ্বাসী কী শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন, যদিও প্রেসিডেন্ট পদের প্রার্থী হওয়ার দৌঁড় অনেক লম্বা। নেভাদা অঙ্গরাজ্যের ককাসে বিপুল বিজয় লাভ করায় আলোচনার টেবিলে ঝড় তুলেছেন স্যান্ডার্স। তবে এখন পর্যন্ত হয়ে যাওয়া প্রাইমারী ও ককাসে স্যান্ডার্স প্রতিনিধি জিতেছেন ৪৫, এখন অবধি তিনি প্রথম স্থান অধিকার করে আছেন। তবে চূড়ান্ত জয়ের জন্য প্রতিনিধি দরকার ২৩৭৬। কাজেই প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথ এখনো অনেক দূরে। তা সত্বেও বার্নি স্যান্ডার্স এখন নির্বাচনী রাজনীতির হট কেক।
কেন এতো হৈচৈ তা উল্লেখ করেছি যে, স্যান্ডার্স একজন বামপন্থী সমাজতন্ত্রী। তিনি মার্কসবাদী- লেনিনবাদী কম্যুনিস্ট না হলেও স্যান্ডার্স স্বঘোষিত একজন সমাজতন্ত্রী। তিনি স্বয়ং ঘোষণা করেছেন “আমি একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী।” “আমি ডেমোক্রেটিক পার্টিকে রূপান্তর করতে চাই, বড় অর্থ এবং কর্পোরেট স্বার্থের ওপর নির্ভরতা ছিন্ন করতে চাই এবং এটাকে শ্রমজীবি মানুষ, যুবক ও ন্যায় বিচারে বিশ্বাসী সকল মানুষের একটা দল হিসেবে গড়ে তুলতে চাই,” সিএনবিসি-র জন হারউড এর সাথে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেছেন বার্নি স্যান্ডার্স।
অবশ্য নিউইয়র্ক টাইমসের কলাম লেখক পল ক্রুগম্যান মন্তব্য করেন এবং বিশ্বাসও করেন, “বার্নি স্যান্ডার্স সোশালিস্ট নন।” কারণ, স্যান্ডার্স আমাদের বড় শিল্পগুলোকে জাতীয়করণ করতে এবং কেন্দ্রীয় পরিকল্পনার সাথে প্রতিস্থাপন করতে চায়না। তবে, স্যান্ডার্সের দৃষ্টিভঙ্গি সামাজিক গণতান্ত্রিক পর্যায়ের মধ্যে পড়ে। তবে স্যান্ডার্স জোর দিয়ে বলেছিলেন যে, তিনি ‘সমাজতান্ত্রিক’ নন, তবে “গণতান্ত্রিক সমাজতান্ত্রিক”। তাঁর গণতান্ত্রিক সমাজতন্ত্রের মূল প্রতিপাদ্য হলো বিনামূল্যে সকল মানুষের জন্য চিকিৎসা ও শিক্ষা, গ্যারান্টিযুক্ত চাকরি, গ্রহণযোগ্য প্রাপ্য মজুরী। ন্যূনতম মজুরী ১৫ ডলার নির্ধারণ, পাবলিক কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোকে টিউশন ফি মুক্ত করা, একটি মেডিকেয়ার ফর অল সমস্ত মানুষকে মানবাধিকার হিসেবে স্বাস্থ্যসেবা দেওয়ার নিশ্চয়তা দেয়।
স্যান্ডার্স বলেন “আমাদের রাজনৈতিক বিপ্লব দরকার।” আমাদের অবশ্যই এমন একটা অর্থনীতি তৈরি করতে হবে যা কেবলমাত্র খুব ধনী নয়, সকলের পক্ষে কাজ করে এমন” বলেন স্যান্ডার্স। তাই দেশকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও পরিবেশগত ভাবে পরিবর্তনের জন্য রাজনৈতিক বিপ্লব করার আহবান জানান স্যান্ডার্স।
স্যান্ডার্স যখন সমাজতন্ত্র সম্পর্কে বলেছেন তখন তিনি বলেছেন আমি কিউবার দিকে তাকাচ্ছি না, আমি ডেনমার্ক ও সুইডেনের মতো দেশগুলোর দিকে তাকিয়ে আছি। তবে, ডেনমার্ক ও সুইডেন সমাজতান্ত্রিক দেশ নয়, দেশ দুটোতে সামাজিক গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর। ডেনমার্কের প্রধানমন্ত্রীও বলেছেন যে, “ডেনমার্ক একটা সমাজতান্ত্রিক দেশ নয়; তাঁর দেশ পরিকল্পিত অর্থনীতি থেকে অনেক দূরে।” উল্লেখ্য ডেনমার্ক ও সুইডেন উভয় দেশই নাগরিকদের সরকার পরিচালিত স্বাস্থ্যসেবা দিয়ে থাকে এবং আমেরিকার চেয়ে আরও বেশি কল্যাণমূলক কর্মসূচী গ্রহণ করেছে।
এর থেকে এটা বোঝা যাচ্ছে স্যান্ডার্স মূলত: মার্কসবাদী-লেনিনবাদী সমাজতন্ত্রী নহেন; তিনি মূলত: সামাজিক গণতন্ত্রী। আমেরিকাকে কল্যাণমূখি রাষ্ট্রে রূপান্তর করাই তাঁর লক্ষ্য।
তবে সি এন এন ফাইল অনুসারে বার্নি স্যান্ডার্স সত্তর দশকে-যখন তিনি- “রেডিকেল পলিটিক্যাল পার্টির” নেতা ছিলেন- তখন তিনি বেশির ভাগ বড় শিল্প, ব্যাংক ইত্যাদি শিল্পকে জাতীয়করণের পক্ষে ছিলেন। স্যান্ডার্সের মতে, “তেল শিল্প, ব্যাংক ইত্যাদি শিল্প জনসাধারণের মালিকানাধীন হওয়া উচিত এবং জনস্বার্থে ব্যবহার করা উচিত। কারণ এসব কোটিপতিদের অতিরিক্ত লাভের জন্য নয়।” তবে সম্প্রতি জাতীয়করণের ওপর তার অবস্থান পরিবর্তিত হয়েছে।
সিএনএন কে দেওয়া এক বিবৃতিতে স্যান্ডার্সের ক্যাম্পেইনের মুখপাত্র জোশ অর্টন বলেছেন তাঁর কর্মজীবন জুড়ে স্যান্ডার্স শ্রমজীবি মানুষের পক্ষে ও শক্তিশালী অতি ধনী, ধনী এবং জায়ান্ট উভয় কর্পোরেশনের প্রভাবের বিরুদ্ধে লড়াই করেছেন, করছেন। তাঁর মতে, ” বার্নির প্রথম অগ্রাধিকার সর্বদাই শ্রমজীবি মানুষের পক্ষে এবং সারা দেশের শ্রমজীবি মানুষের স্বার্থে শ্রমজীবি মানুষকেই ডিফেন্ড করেছেন তিনি।”
স্যান্ডার্সের রাজনৈতিক দর্শন থেকে বোঝা যায় তিনি মার্কসবাদী কমিউনিস্ট না হলেও সমাজতান্ত্রিক মতবাদ ও এর অর্থনৈতিক দর্শনে বিশ্বাসী। তাই রাষ্ট্রের রূপান্তরের জন্য শ্রমজীবি মানুষের স্বার্থে রাজনৈতিক বিপ্লবের পক্ষে তিনি। তাই আমেরিকান ডানপন্থী ও পুঁজিপতিদের স্বার্থের বাহকরা, বুদ্ধিজীবিরা বার্নি স্যান্ডার্সের বিপক্ষে অবস্থান নিয়ে কথা বলছেন, তাঁকে সামাজিক গণতন্ত্রী বলছেন, কেউবা তাঁকে সমাজতন্ত্রীই বলছেন এবং এমন মতাদর্শের অনুসারী লোক আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এটা মানতে পারছেন না।
মধ্যপন্থী থিঙ্ক ট্যাঙ্ক থার্ড ওয়েভের সভাপতি জোন কোয়ান দক্ষিণ ক্যারোলাইনাতে মধ্যপন্থী জনতার এক সমাবেশে বলেন- ” আমি বিশ্বাস করি না যে একটি স্ব-বর্ণিত গণতান্ত্রিক সমাজবাদী জিততে পারে হোয়াইট হাউস।”
এদিকে মর্নিং কনসাল্ট সার্ভে দেখিয়েছে ৩৩ % শতাংশ কালো ভোটার স্যান্ডার্সের পক্ষে, তাঁদের মতে, ভারমন্টের সিনেটর স্যান্ডার্সই যোগ্য প্রার্থী যিনি ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে পারেন। অন্যদিকে, গফ সিনেটর টিম স্কট মনে করেন ট্রাম্পের পুননির্বাচনের ক্ষেত্রে স্যান্ডার্স বড় চ্যালেঞ্জ।
মর্ণিং কনসাল্ট পোল দেখিয়েছে ৩২% শতাংশ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করাদের মধ্যে প্রথম পছন্দ হলেন স্যান্ডার্স। তবে অর্ধেকেরও কম অর্থাৎ ৪৫% শতাংশ আমেরিকান বলেছেন তারা প্রেসিডেন্ট পদে সমাজতন্ত্রী প্রার্থীকে ভোট দেবেন, তবে ৫৩% শতাংশ এর বিপক্ষে রয়েছেন। গ্যালাপের জরিপে অবশ্য বলা হয়েছে ৭৬% শতাংশ ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হিসেবে সমাজতান্ত্রিক প্রার্থীকে ভোট দিবেন। তবে বয়স্কদের চেয়ে তরুণদের মধ্যে সমাজতন্ত্র বেশি জনপ্রিয়। ২০১০ সাল থেকে তরুণ বয়স্কদের সমাজতন্ত্রের ইতিবাচক রেটিং ৫০% এর কাছাকাছি পৌঁছেছে। একই গ্যালাপ জরিপে দেখা গেছে যে, ৫৩% শতাংশ আমেরিকান সমাজতন্ত্রীদের প্রধান নির্বাহী হিসেবে বিরোধীতা করবে।
কুইনিপিয়াক ইউনিভার্সিটির সাম্প্রতিক জরিপে দেখা গেছে ৩৪ বছরের কম বয়সী ডেমোক্রেটরা স্যান্ডার্সকে সমর্থন করেন। তরুণরা স্যান্ডার্সের জাতীয়করণকৃত স্বাস্থ্যসেবা ও ফেডারেল শিক্ষার্থীদের ঋণ মাফের প্রতিশ্রুতির কারণে আগের চেয়ে বেশি আকৃষ্ট হয়েছেন তাঁর প্রতি।
আটলান্টিকের লেখক ডেরিক থম্পসন বলেছেন স্যান্ডার্সের সমাজতান্ত্রিক এজেন্ডা তরুণদের আকৃষ্ট করছে। একটা ধারণা আছে যে, পুঁজিবাদ তরুণদের হতাশ করেছে। “তাদের অন্য কিছু দরকার” থম্পসন বলেছিলেন স্যান্ডার্স কিছু দিচ্ছে আর তাই আমি মনে করি তরুণরা স্যান্ডার্সের বার্তায় পৌঁছে যাচ্ছেন। স্যান্ডার্সের দেওয়া প্রতিশ্রুতির ফলে তরুণ ভোটারদের মধ্যে বিশেষত: ১৮ থেকে ২৯ বছরের বয়স্কদের মধ্যে স্যান্ডার্সের সমর্থন বেড়ে যাচ্ছে।
একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে, নির্বাচন যতোই এগিয়ে আসছে ভোটারদের মধ্যে বার্নি স্যান্ডার্সের সমর্থন ততই বেড়ে চলেছে। তাহলে, কী স্যান্ডার্স আসন্ন নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবেন, স্যান্ডার্স কী আমেরিকার ইতিহাসে প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্টের খ্যাতি অর্জন করবেন। তিনি কী শেষ পর্যন্ত হোয়াইট হাউস জয় করতে পারবেন? উত্তর পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস-সে পর্যন্ত অপেক্ষা।
লেখক : আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.