সোয়া কোটি টাকার ইয়াবাসহ দুই নারী আটক

কুমিল্লার আলেখারচর থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর মাতৃভান্ডারের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়।

আটকরা হলেন, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁও গ্রামের দোলন মিয়ার স্ত্রী সুমী আক্তার (২৩) এবং একই জেলার ওসমানীনগর উপজেলার পুরানসতপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী লিপি বেগম (৪০)।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে যাত্রী বেশে অভিনব কায়দায় লাগেজের ভেতর শাড়ি ও কম্বলের ভাঁজে ইয়াবা নিয়ে সিলেট যাচ্ছিলেন দুই নারী। গাড়ি পরিবর্তনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর একটি মিষ্টি দোকানের সামনে অবস্থান করেন তারা।

রাত ১১টায় দুই নারীকে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডিবি পুলিশের একটি টিমের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে দুই নারী বিভ্রান্তিমূলক তথ্য দেন এতে গোয়েন্দাদের সন্দেহ হয়। পরবর্তীতে লাগেজ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো বড় বড় চারটি রোলে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী জানান, এর আগেও তারা টেকনাফ থেকে ইয়াবা সিলেটের বিভিন্ন এলাকায় পাচার করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.