ছোট্ট দুটি শব্দ রাষ্ট্র ও ধর্ম আর এই দুই শব্দের চেয়ে দ্বিগুণ বড় বাড়াবাড়ি শব্দটি । তবে বাড়াবাড়ি এমন একটি শব্দ তার সীমা- পরিসীমা না থাকলে সকল সীমা অতিক্রম করতে পারে এবং যার পরিণাম একটি রাষ্ট্রের জন্য হতে পারে ভয়ঙ্কর থেকে অতীব ভয়ঙ্কর । কেমন ভয়ঙ্কর হতে পারে ? তার সাম্প্রতিক উদাহরণ হতে পারে, আমাদের পাশের রাষ্ট্র ভারতে বর্তমানে ধর্ম নিয়ে যা চলছে! তা সরাসরি বাড়াবাড়ি এবং মানব কল্যাণকর মোটেও না । অথচ বিশ্ব ভারতকে একটি সেক্যুলার রাষ্ট্র হিসেবেই জানে। তবে বর্তমানে সেখানে যা হচ্ছে, সেটা সরাসরি ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং মানব কল্যাণকর তো নয়ই, এমনকি রাষ্ট্রের জন্যেও কল্যাণকর নয়। সাধারণ ভাবনায় যদি বলি, রাষ্ট্র আছে, ধর্ম আছে, কিন্তু রাষ্ট্রে মানব কল্যাণে কিছুই নাই, তাহলে সেই রাষ্ট্র বা ধর্ম কি কাজে আসবে ? কেননা মানব কল্যাণেই মূলত ধর্ম বিরাজমান এবং রাষ্ট্র হলো একটি প্রতিষ্ঠান মাত্র । যেখানে মানব কল্যাণের সকল কিছুর চর্চা করার একটি প্রতিষ্ঠান বা প্লাটফর্ম । কেননা একটি রাষ্ট্র সাধারণত দশ ধর্ম, দশ ভাষা বা দশের মিলনেই গড়ে উঠে। সুতরাং রাষ্ট্র বিষয়টি বৃহত এবং সংবেদনশীলও বটে। একটি ধর্মের জনমানুষ ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেও ভিন্ন ধর্মের জন্য নিজের প্রাণ বলিদান করবে না, যা স্বাভাবিকও বটে । তবে দশ ধর্মের জনমানুষ রাষ্ট্রের জন্য প্রাণ বলিদান করতে কার্পণ্য করে না । অর্থাৎ সেই সূত্রেই বলা হয়, ধর্ম যার যার রাষ্ট্র সবার । তার বড় প্রমাণ বহন করে আমাদের মুক্তিযুদ্ধ যা ছিলো একটি রাষ্ট্রের জন্য । সেই যুদ্ধে ধর্ম, বর্ণ, জাত- পাত, ভাষা, কালো, বেটে, মোটা, খোঁড়া, বোবা, সর্বোপরি নারী- পুরুষ সবার প্রথম প্রশ্ন ছিলো রাষ্ট্র এবং সবার অবদান ছিলো রাষ্ট্রকে ঘিরে । সুতরাং এক কথায় প্রমাণিত সত্য রাষ্ট্র সবার ।
তাহলে রাষ্ট্রে কি বাড়াবাড়ি হচ্ছে, সেটার বলার পূর্বে আসুন আমাদের রাষ্ট্রের সংবিধান কি বলে ? অল্প করে একটু চোখ বুলিয়ে নেই। তারও পূর্বে একটি জানা বিষয় আবার চর্বিতচর্বন করা ভালো হবে । তা হলো, বাংলাদেশ নামক রাষ্ট্রটি দশ ধর্ম, দশ গোত্র, দশ ভাষার মানুষের সম্মিলিত রক্ত দানে , যুদ্ধ জয়ী স্বাধীন দেশ । বাংলাদেশের প্রথম সংবিধান ১৯৭২ সালের সংবিধান । ৭২ এর সংবিধানে, ” বিসমিল্লাহির- রহমানির রহিম” এবং রাষ্ট্রধর্ম ইসলাম “ বিষয় দুটো ছিলো না । ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনীতে প্রথম বিসমিল্লাহির- রহমানির রহিম সংযোজন করা হয়। তারও আরো পরে ১৯৮৮ সালে এরশাদ সংবিধানে অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত করেন। এই ইতিহাস সবারই জানা যে , এই দুই জেনারেল যুদ্ধ জয়ী স্বাধীন দেশের রক্তক্ষয়ী সংবিধানের সার্বিক স্পিরিটকে প্রথম বড় কর্তন করেন।
সংবিধানের ২ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে- প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবে, আর সংবিধানের ৪১ অনুচ্ছেদে বলা হয়েছে –
(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে
(২) কোনো শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হইলে তাঁহাকে কোনো ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না
সংবিধানের প্রস্তাবনা শুরুর আগে ‘বিসমিল্লাহির-রহমানির রহিম’, রাষ্ট্রধর্ম এবং ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে যা বলা হয়েছে তাতে এটা পরিষ্কার যে, সংবিধান সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে ৷ তবে সংবিধান একই সঙ্গে ধর্মীয় সমমর্যাদা নিশ্চিত করেছে কিনা তা নিয়ে এক ধরনের বিতর্ক আছে ৷ এটা স্পষ্ট যে, অন্তত দু’ভাবে ইসলাম ধর্মের মর্যাদা সংবিধানে সব ধর্মের উপরে স্থাপন করা হয়েছে৷
তবে সংবিধানের প্রস্তাবনা এবং ১২ অনুচ্ছেদ ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করে ৷ সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, ‘‘আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল – জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে৷”
সংবিধানের ১২ অনুচ্ছেদের ‘ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা’-র ব্যাপারে বলা হয়েছে, ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য –
(ক) সর্ব প্রকার সাম্প্রদায়িকতা,
(খ) রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান,
(গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার,
(ঘ) কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন, বিলোপ করা হইবে৷
ধর্ম, ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্র কর্তৃক ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, ধর্ম নিরপেক্ষতা এ সব বিষয় নিয়ে বাংলাদেশের সংবিধানে পরস্পর বিরোধিতা অস্বীকার করা যায় না৷
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের পর ১৯৭২ সালের মূল সংবিধানে ফেরার কথা বলা হয়৷ ২০১১ সালের জুনে আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৭২-এর সংবিধানে ফেরার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বিবেচনায় সর্বোচ্চ দণ্ডের বিধান রাখে৷ এ সংশোধনীর মাধ্যমে ৭২-এর সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়৷ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়৷ কিন্তু বিসমিল্লাহির-রহমানির রহিম ও রাষ্ট্রধর্ম ইসলাম থেকেই যায়৷
বাংলাদেশের আইনের উৎস মূলত ব্রিটিশ আইন আর বাংলাদেশের ফৌজদারি এবং দেওয়ানি আইন সার্বজনীন ও সেক্যুলার৷ রাষ্ট্রীয় আইনে ধর্মের কোনো প্রভাব নেই৷ বাংলাদেশের বিচার ব্যবস্থা মূলত দণ্ডবিধি, ক্রিমিন্যাল প্রসিডিউর কোড এবং সিভিল প্রসিডিউর কোড দিয়ে পরিচালনা করা হয়৷ আদালত ব্যবস্থাও সার্বজনীন৷ এখানে ধর্মের ভিত্তিতে আদালতের কোনো বিভাজন নেই৷ রাষ্ট্রীয় আইনে ধর্মীয় বা শরিয়া আইন বা আদালত বলতে কিছু নেই৷ ম্যাজিস্ট্রেট আদালত, জেলা ও দায়রা আদালত এবং সুপ্রিম কোর্ট মোটা দাগে এভাবেই আদালতের স্তর বিন্যাস৷”
আমাদের দেশে কেবলমাত্র রাষ্ট্রীয় আইন প্রযোজ্য । ধর্মীয় আইন আমাদের এখানে বলবৎ নাই। এশীয় মহাদেশের মুসলিম কান্ট্রি মালয়েশিয়ায় রাষ্ট্রীয় আইন ছাড়াও ধর্মীয় শরিয়া আইন আছে। কিন্তু বাংলাদেশে শরিয়া বা ইসলামি আইন বলে কিছু নাই । বাংলাদেশী নাগরিকদের অপরাধের বিচার কেবলমাত্র রাষ্ট্রীয় আইনেই হবার সুযোগ আছে, ধর্মীয় বা অন্য আইনের আলাদা প্রয়োগ বাংলাদেশের সংবিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ, অগ্রহণযোগ্য এবং আইন বিরোধী । ” সংবিধান অনুযায়ী ধর্মের নামে ফতোয়া বা সালিশ সম্পূর্ণভাবে আইন বহির্ভূত বা আইন সম্মত নয় “। তবে ধর্মীয় আইনে পৃথিবীর অন্যান্য দেশের মতন আইনের দুধরনের ধারার ( রাষ্ট্রীয় ও পার্সোনাল ল ) একটির পার্সোনাল ল হিসেবে ব্যবহার হয়। সেটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য । যেমন : বিবাহ, বিবাহবিচ্ছেদ, মোহরানা, হেবা, দান, উত্তরাধিকার ইত্যাদি ।
উপরে আলোচনায় সংবিধানের কিছুটা অংশ দেখার চেষ্টা করা মাত্র, কিছু বিষয়ের সাথে মিলিয়ে নেবার সুবিধার্থে । কারণটি হলো, গত দুদিন পূর্বেই হেফাজতের আমির সেঞ্চুরিয়ান শফি সাহেব নারায়ণগঞ্জে এক মঞ্চে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী জানান। অবশ্য এবারই যে প্রথম এই ঘোষণা এলো , তেমনটি কিন্তু নয়। ইতিপূর্বেও হেফাজতিরা কাদিয়ানী সহ শিয়া, হানাফি মুসলিমদেরকেউ অমুসলিম ঘোষণার কয়েকবার দাবী করে আসছে। আমি নিজে কোনো ব্যাখ্যায় যাবো না, উপরে বর্ণিত সংবিধানের সাথেই একটু মিলিয়ে দেখুন সবাই, এই দাবী তারা করতে পারে কিনা? অথবা এই দাবী অবৈধ দাবী কিনা ? সংবিধান অনুযায়ী এর বিচার হওয়া প্রয়োজন কিনা ? আপনারা নিজেরাই মিলিয়ে দেখুন।

একটু দেখে নেই গত দুদিন পূর্বে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটি বাক্য । তিনি স্পষ্ট করে বলেছেন, ” মুসলিম গোত্রের কে কাফের, কে অমুসলিম ? এটা দেখার মালিক আল্লহ্তাআলা। এটা অন্য কোনো মুসলিম ঘোষণা বা বলতে পারে না ( পত্রিকার খবর )। প্রশ্ন হলো এখন হেফাজতি সেঞ্চুরিয়ান এই শফি সাহেব কি বলবেন ?

হ্যাঁ এই সেঞ্চুরিয়ান শফি হুজুর সেই মঞ্চে একটি চমকপ্রদ কথা বলেছেন বটে। উনার ভাষ্য, ” কাদিয়নীদের অমুসলিম ঘোষণা না করলে আমরা সরকারের সাথে নেই “! প্রশ্ন হলো তিনি ধর্মের ব্যবহার করে সরকারের নিকট হতে কি আদায় করেছেন এই অব্দি? এবং এখন ধর্মের ব্যবহার করে সরকারকে চাপে ফেলার কৌশল অবলম্বন করছেন কিনা ? আরো প্রশ্ন আসে, ধর্মকে এইভাবে কোনো ফায়দা লুটবার জন্য ব্যবহার করা যায়েজ কিনা ? ধর্ম স্বয়ং কি বলে ? উপরে বর্ণিত সংবিধানের কিছু অংশ দেখলে স্পষ্ট হয় যে, এটা সম্পূর্ণ অবৈধ বা অন্যায় । তাহলে প্রশ্ন চলে আসে, হেফাজতিরা এই দাবী করার অধিকার কোথা থেকে পায় ? দেশে কি হেফাজতিরাই একমাত্র সাচ্চা মুসলমান ? আর অন্যরা কি সব ধর্মের নামে অবশিষ্ট বিষয়?
লক্ষণীয় যে, হেফাজতিরা এই সরকারের ঘাড়ে সাওয়ার হয়ে এই অব্দি অনেক অন্যায় আবদার পূরণ করতে সক্ষম হয়েছে। পত্রিকান্তে খবর এসেছে হেফাজতিদের দাবীর পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই স্কুলের পাঠ্যবই থেকে হিন্দু লেখকদের লেখা ধীরে ধীরে তুলে দেওয়া হচ্ছে। যার মাঝে আছে বাংলা ভাষার পুরোধা স্বয়ং রবীন্দ্রনাথ । সরকার এই হেফাজতিদের দাবীর নিকট মাথা নত করেই সেগুলো করে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এখানে সরকার এবং হেফাজতিদের একটা রাজনীতি আছে, যা স্পষ্টতই জনমানুষ বুঝতে পারে । তবে সাধারণ জনগণ হিসেবে খুব জানতে ইচ্ছে করে, সরকার এদেরকে মাথায় বহন করে কতদূর যাবে বা যেতে পারবে ?

একটি বিষয় অবশ্য বেশ ভাবিয়ে তুলে, আর তা হলো সেকুল্যার এই ক্ষমতাশালী আওয়ামী লীগ সত্যি অর্থেই কোন দিকে নৌকার পাল তুলে আছে ? লক্ষণীয় যে, গতকালই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যটি অনেক ভাববার রসদ জোগান দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ” কোরআন ও সুন্নার বাইরে কিছুই করবে না – আলীগ ” ! আমরা অতিত অভিজ্ঞতা থেকে ভালো করেই জানি, আমাদের মন্ত্রী মহোদয়েরা এতবড় সিদ্ধান্ত মূলক ভাষ্য দলের একেবারে হাইকমান্ডের হুকুম ছাড়া বলবে না । তাহলে সত্যি সত্যি বিষয়টির ফলাফল ভবিষ্যতে কি হয় ? আসুন আমরা জনগণ হা করে সব দেখি এবং আগামীতে আমাদের নতুন প্রজন্মদের ঘাড়ে হেফাজতি ভুতের আছর বাড়িয়ে দেই ।
লেখা বড় হয়ে যাচ্ছে, সেটা বুঝি। তারপরেও স্পষ্ট করে বলা প্রয়োজন, এই হেফাজতিরা তুষের আগুনের মতন। এদের যত বেশি বাতাস দেবে সরকার, ঠিক তত বেশিই জনগণকে আগামীতে ভুগতে ও ভুবতে হবে। কেননা এই হেফাজতিরা স্পষ্টতই এই দেশটিকে আফগান বা পাকিস্তানের আয়নায় দেখে । এরা নারীদেরকে ঘরে বন্দি রাখতে চায়। এরা নরীদেরকে পুরুষের দাসী হিসেবে দেখে । সর্বোপরি এই হেফাজতিরা তাদের অনেক ভাষ্য দিয়ে ইতিমধ্যেই প্রমাণ রেখেছে, এরা ধর্মের শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লাভে সর্বদা ব্যতিব্যস্ত । যা ধর্ম কখনোই অ্যালাও করে না ।
এই হেফাজতিরা বর্তমানে সমগ্র বাংলাদেশেই বিরাজমান । অনেকটা ভাইরাসে মত। এই ভাইরাসের বিপরীতে এক্ষুনি এন্টিভাইরাসের সফল প্রয়োগে সরকার ব্যর্থ হলে, আগামীতে সরকার প্রধানকে এদের বিষাক্ত ছোবলে কুলহারা কলঙ্কির হতে হবে। ততদিনে ফিরে আসার আর কোনো পথ খোলা থাকবে না । উদাহরণ স্বরূপ আফগানিস্তান ও পাকিস্তানের কথা ভাবুন। লেখার সর্বশেষে একটি কথা না বললেই নয় । মাননীয় প্রধানমন্ত্রী মদিনা সনদের হাঁক ডাক দিয়ে স্বয়ং নিজেই এই হেফাজতিদের তই তই করে বিচিদানা ছড়িয়ে ডেকে এনেছেন! এখন সামলানোর দায়িত্বও প্রথমত আপনার দায়িত্বেই বর্তায় ।

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম

