বাণিজ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা

বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘বাণিজ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি।’ এসময় উপস্থিত সকল সংসদ সদস্যকে হাসতে দেখা যায়। রুমিন ফারহানা বলেন, ‘ওনি চমৎকার কথা বলেছেন। টাকা পাচার নিয়ে ওনি (বাণিজ্যমন্ত্রী) একটা কথা বলেছেন, মুশকিল হল যতক্ষণ অপরের দিকে তাকিয়ে থাকব, ততক্ষণ পর্যন্ত আয়নায় নিজের মুখ দেখব না, এটাই স্বাভাবিক। বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ করব ওনি যদি একটু আয়নার দিকে তাকান এবং গ্লোবাল ফাইনান্স ইউকিউটি রিপোর্ট দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবে টাকা পাচারের বিষয়টা কি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে কোম্পানি (সংশোধন) বিল-২০২০ পাসের আগে আনিত জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাব দিতে গিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাকে আয়নায় চেহারা দেখতে বলেছেন। আমার যা রং, চেহারাও আমার সুবিধার না। সেটা আমি খুব ভাল করেই জানি। টাকা পাচারের ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন।

কচুরিপানা খাওয়া নিয়ে পরিকল্পনা মন্ত্রীর সমালোচনা করে বক্তব্য রাখেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। এর জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘আজ থেকে ৪০-৪৫ বা ৫০ বছর পূর্বে তখন ঢাকাতে কেউ কচুরলতি খেত না। কিন্তু আজকে কচুরলতি একটা খুব সুস্বাদু এবং প্রয়োজনীয় তরকারি হিসাবে চালু হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা চা খাই চা পাতা দিয়ে। নতুন কনসেপ্ট এসেছে পাটের পাতা থেকে চা পাতার মতো এক ধরনের ড্রিংকস তৈরি হচ্ছে। হয়তো একথা আগে বললে বলা হত এটা আবার কেমন কথা, দিন তো বদলাচ্ছে প্রতিদিন নতুন নতুন চিন্তা নতুন নতুন উদ্ভাবনী শক্তি আসছে। আগে মাশরুম দেখলে বলা হতো হারাম খাবার ব্যাঙের ছাতা। হয়তো এমন দিন আসবে কচুরিপানা থেকে খাবার বের হবে যার ফ্রুট ভ্যালু অনেক খানি ভালো। অপেক্ষা করি তার জন্য।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.