প্যারিসের মেয়র প্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তাদের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতাদের বৈঠক

প্যারিসের নিকটবর্তী ওভারভিলিয়ে শহরে প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ মানুষের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরাসরি আলোচনার জন্য এ শহরে  অবস্থানকারী সকল বাংলাদেশী ব্যবসায়ী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ মেরীর মেয়র প্রতিনিধি এবং পুলিশ বিভাগের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে। গতকাল ১৭ ফেব্রুয়ারি শহরের সিটি কর্পোরেশন হলে সন্ধ্যা ৭ টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 ফ্রান্সে বাংলাদেশীদের বসবাস শুরু মাত্র কয়েক দশক আগে , সেই সূত্রে বলা যায় ফ্রান্স তথা ওভারভিলিয়ে শহরে বাংলাদেশীদের প্রথম প্রজন্মের বসবাস । নানাবিধ সমস্যার কারণে নিজ মাতৃভূমি ছেড়ে গ্রাম ৮ হাজার কিলোমিটার দূরে এই ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে বাংলাদেশিরা বসবাস শুরু করেছে । স্বাভাবিক ভাবেই তাদের ভাষা ও জীবনযাত্রার সাথে এখানের পার্থক্য ব্যাপক । এই পার্থক্য কমিয়ে আনা সময় সাপেক্ষ হলেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেই চেষ্টা অব্যাহত রেখেছে । বিগত এক দশকে ওবারভিলিয়েতে  বাংলাদেশী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রমজীবী মানুষের বসবাস উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং এই শহরের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের কর্মতৎপরতা বিস্তৃত হচ্ছে । প্রতি বছর গড়ে উঠছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান , বাড়ছে পরিবারের সংখ্যা , সেই সাথে বাড়ছে স্কুল , কলেজে বাংলাদেশী বংশোদ্ভূত ছেলেমেয়েদের সংখ্যা । সেই সাথে প্রবাসীরা এই শহরের বহু ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সম্পদ সুরক্ষায় রেখে চলেছে বিশেষ ভূমিকা ।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দীর্ঘ কয়েক বছর যাবত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক পরিবারে চুরি বা ডাকাতির অঘটনায় ভুক্তভোগী বাংলাদেশীদের অধিকাংশই সঠিক সময়ে সঠিক সহযোগিতা পেতে ব্যর্থ হয়েছে । প্রতিদিন জন সমক্ষেই চলছে রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ।
 এই পরিস্থিতিতে সকল ব্যবসায়ী , বসবাসরত পরিবার সহ সকল বাংলাদেশী অধিবাসীদের মধ্যে শঙ্কা  এবং হতাশা বৃদ্ধি পাচ্ছে , এমন কি এর বিরূপ প্রভাব পরছে নতুন প্রজন্মের উপর। এ সমস্যার সঠিক সমাধান করার জন্য এবং পুলিশের পরামর্শ প্রত্যাশা করে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ফ্রান্স উদীচীর সভাপতি কিরণময় মন্ডল সার্বিক রিপোর্ট তুলে ধরেন। সেই সাথে ছিনতাইয়ের শিকার কয়েকজন বাংলাদেশি সরাসরি পুলিশ কর্মকর্তা ও মেয়রের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময়  প্রথম সহকারী মেয়র অন্তনি দাগে, প্রধান পুলিশ কমিশনার ম্যাডাম ফোরমিগুয়ে  এবং সহকারী পুলিশ কমিশনার খাবিয়ে লো বিহান মনোযোগ দিয়ে তাদের অভিযোগ শোনেন এবং তাদের বক্তব্যে নিশ্চিত করেন যে তারা গুরুত্বের সাথে এই বিষয়টি দেখবেন। পুলিশ যতগুলো উপায়ে ভিকটিমদের তড়িত সহযোগিতা করতে পারে তা ব্যাখ্যা করেন এবং আরও কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় তার পরামর্শ নেন। পুলিশ কমিশনার জানান এমনকি ভিকটিমের যদি কোন বৈধ কাগজপত্র না ও থাকে তাতেও অভিযোগ নিয়ে যেতে অসুবিধা নেই  এবং অভিযোগকারীকে পরিচয় পত্রের জন্য কোন প্রশ্ন বা হয়রানি করা হবে না।
কমিউনিটির নেতৃবৃন্দ এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মনে করছেন। উল্লেখ্য যে, বাংলাদেশি কমিউনিটির সাথে জন নিরাপত্তা ইস্যুতে ফ্রান্স প্রশাসনের এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দীর্ঘদিন যাবত প্রবাসী বাংলাদেশিরা কমিউনিটি নেতৃবৃন্দের কাছে আবেদনের প্রেক্ষিতে এখন নেতৃবৃন্দ প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে এসেছেন। বৈঠকে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিপিবি ফ্রান্সের সম্পাদক আহমেদ আলী দুলাল, ফ্রান্স উদীচীর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম , চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্সের সদস্য সচিব তপু বড়ুয়া, বাংলাদেশি ব্যবসায়ী সমিতির প্রতিনিধি শাহীন আরমান চৌধুরী, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহির দুলাল, কমিউনিটি সংগঠন ইপিএস বাংলার সভাপতি এলান খান চৌধুরী, নাট্যকর্মী ও ‘কবিতায় আড্ডা’র আয়োজক সোয়েব মোজাম্মেল সহ কমিউনিটিতে বসবাসরত ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.