সিটি নির্বাচনে ভোটার কম উপস্থিত হওয়ার ক্ষেত্রে ভোটারদের অনিহা কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট কম পড়ার ক্ষেত্রে আগে ভাগে শঙ্কা তৈরি করা, এ মেশিনে (ইভিএম) ভোট দেয়া যাবে না, এমন সব প্রচারণা বড় কারণ। ফলে কিছু মানুষের আগ্রহ তো কমতেই পারে। আগে ইভিএম নিয়ে অনেক অপপ্রচার হয়েছে, সরকারি দল নিয়ে, নির্বাচন নিয়ে, বিএনপি সতর্ক থাকবে, বাইরে থেকে লোক এনেছে; এসব ইনফরমেশন তো ছিলই।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেকে দুইদিনের ছুটিতে গ্রামের বাড়িতে চলে গেছেন, পরিবহন সঙ্কটও কিছুটা দায়ী। তবে ভালো ইলেকশন হয়েছে। ভবিষ্যতে এই ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো জনমত তৈরি করতে ভূমিকা রাখবে। ভোটের রাজনীতিতে অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।
দুই সিটির ভোটের বিষয়ে মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, মূল্যায়ন করার জন্য আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী দেশে ফিরলে বৈঠক করে মূল্যায়ন, বিশ্লেষনসহ সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। নির্বাচন মোটামুটি ভাল হয়েছে।
তিনি বলেন, ইভিএমে আগে বিক্ষিপ্তভাবে কোথাও-কোথাও নির্বাচন হলেও এবারের মতো এতবড় এলাকায় নির্বাচন নতুন অভিজ্ঞতা। ফলে কিছু ভুল ত্রুটিও থাকতে পারে। তবে ভোট নিয়ে অনেকের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, সহজে ভোট দিতে পেরেছি।
শুদ্ধস্বর/আইকে

