ডিসপ্লের গণমাধ্যমে নেতাদের হতচকিত ভাব !

সার্থ সংশ্লিষ্ট বিষয়ে আত্মাও নাকি সাথে হাটে !  কথায় বলে ‘যত দোষ নন্দ ঘোষ ‘! পাপিয়াই এখন সবার রোষ । রোষানলে পাপিয়া সেটা হবারই কথা, কেননা এখন উচ্চবাচ্য না করলে থলের আসল বেড়াল যদি বেরিয়ে আছে, সেটা না আবার সেই সার্থ সংশ্লিষ্টকদের আঘাত হানে । কি আর করা যতটুকু সম্ভব সুযোগের সৎ ব্যবহার করে প্রিন্ট গণমাধ্যম থেকে শুরু করে ডিসপ্লের গণমাধ্যমের ( টিভি ) ডিসপ্লেতে এখন চলছে উচ্চবাচ্য ! তাও আবার তাদেরই উচ্চবাচ্য যাদের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপিয়ার সাথে হাসিখুশির হাজারো ছবি ঘুরে বেড়াচ্ছে । কে ছিলো না পাপিয়ার সাথে ? রাষ্ট্রের শীর্ষ থেকে বড়- মেজ কতজনের সাথে সেকি ঝলমলে ছবি । পাপিয়া আবার এগুলি ফেইসবুকে নিয়মিতই দিতো এবং কতজনের মনে হিংসার বাতি জ্বালিয়েছে, তা বলা মুশকিল । বর্তমান রাজনীতিতে বড় নেতার পাশে হাস্য উজ্জ্বল ছবি তুলে নিজেকে পরিচিত করার একটা প্রবণতা বেশ লক্ষণীয় বটে। এটা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণেই আবার নিজেকে জাহির করা বেশ সুবিধেজনকও বটে এবং কাজেও আসে নিশ্চয়ই । এটা যে কেবল দেশে রাজনীতির গন্ডির ভিতরেই সীমিত তা কিন্তু মোটেও না, এটার প্রভাব প্রবাসেও বেশ।  তা সেই ছবির সৎ ব্যবহার পাপিয়া যে করেছে, সেটা বলাই বাহুল্য ।

আচ্ছা প্রশ্ন করা যাবে কি, একজন পাপিয়া কত দিনে গড়ে উঠে ? প্রশ্নটি করছি কারণ, আজকের পত্রিকায় দেখলাম মাননীয় কাদের সাহেব বলেছেন ” গডফাদারদের কোনো জায়গা দলে নেই ” ! শুনতে ভালো লাগে এবং ভালো কথাও বটে । ২০১০ সাল থেকেই এই পাপিয়ার উত্থান জেলা শহর নরসিংদী ছাত্রলীগের আহ্বায়ক হয়ে, অতঃপর ২০১৮ সালে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক । তারপরের কাহিনী আজকের পাপিয়া । কোটি টাকার উপরে হোটেল বিল আর লক্ষ টাকার উপরে প্রতিদিন লাল জলের বিল, সুবাহান আল্লাহ্ ! কয়েজনেই বা পারে ?

20200224_204318.jpg

বর্তমানে ডিসপ্লের গণমাধ্যমে মহিলা যুবলীগের কেন্দ্রীয়  নেতৃদ্বয়ের ভাষ্য শুনলে হাসি পাওয়া ছাড়া আর উপায় থাকে না । সেদিকে আমি যাচ্ছি না । কেননা এগুলো যে নিজেদের পীঠ বাঁচানো কথাবার্তা তা শুনলেই পরিষ্কার বুঝা যায় । প্রশ্ন হলো হঠাৎ করে পাপিয়া কি এমন করলো যে তাকে এত রসাতলে পড়তে হলো ? এখন কেউ পাপিয়াকে চিনতেই পাড়ছে না ! হঠাৎ করে সব বড় বড় নেতাদের মানসিক সমস্যা হয়ে গেলো কিনা, সেটাও না আবার প্রশ্ন হয়ে সামনে আসে, ভাববার বিষয় বটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ১১ মন্ত্রী আর ৩৩ এমপি পাপিয়ার কল লিস্টে এসেছে ( সূত্র বাংলা ইনসাইডার)।  আচ্ছা প্রশ্ন করা যাবে কি, এই ১১ মন্ত্রী আর ৩৩এমপির জন্য পাপিয়া কি কখনো হোটেল বিল বা মদের বিল পেইড করেছে ? এটাতো আইন শৃঙ্খলা বাহিনীর বের করা তেমন অসুবিধে হবার কথা নিশ্চয়ই নয় । তাই যদি হয়, তাহলে কি ইনারাও সেই ভোগ বিলাসের ভাগিদার হন কিনা ? নাকি শুধুই পাপিয়ার জন্যেই দোজগে হাবিয়া ?

কথাগুলো প্রশ্ন আকারে বলার কারণ , আমরা ভালো করেই জানি বা বুঝি কাদের সাহেব গডফাদারদের নিয়ে যত উচ্চবাচ্য করেন না কেন, গডফাদার নামক গাছটির ডালপালাই  ( এইসব পাপিয়া ) কেঁটে ঝেঁটে ফেলা হবে , মূল গাছের কিছুই হবে না, মূল উৎপাটন সে তো বহুদূর । প্রমাণ স্বরূপ ক্যাসিনো নাটকের কথা জ্বলজ্বল উদাহরণ সাম্প্রতিক কালের চোখের সামনেই আছে। ভাববার কোনো কারণই নেই যে, সমগ্র দলে কেবলমাত্র একজন পাপিয়াই অবশিষ্ট ছিলো । সামনে আবার দিন যাবে, সুবিধে- অসুবিধের নতুন হালখাতা খুলবে, হয়তো বা আরো নতুন কোনো পাপিয়া আস্তাকুরে নিক্ষিপ্ত হবে মাত্র । তবে মূল গাছের কিছুই হবে না ।

অস্ত্র, নগদ টাকা, মাদক, নারী এগুলোর নিয়ে পাপিয়ার কার্মকান্ড ছিলো, সবাই অবাক হয় ! অপরাধ জগতের সাথে জড়িতরা এগুলো নিয়েই কার্যক্রম করে, এটা অপরাদ জগতের মৌলিক বৈশিষ্ট্য মাত্র । সুতরাং অবাক হবার কিছুই নাই । অবাক হবার বিষয় হলো, আওয়ামী লীগের মতন একটি ঐতিহ্যবাহী দলের নারী সংগঠনের নেতৃবৃন্দ সহ মূল দলে বড় বড় নেতারা বুঝতেই পারেন নি যে , পাপিয়া কে বা কি ?  কোথা থেকে বা কেমন করে এই পাপিয়ারা এত বড় কর্ম দলের ঝানু নেতাদের চোখকে ফাঁকি দিয়ে করে বেরায় ! হ্যাঁ এটা শুধু আপনাদেরকেই অবাক করে না, জনমানুষের মনেও বেশ ধাক্কা খায় । আর ধাক্কা খাবেই না কেন ? পাপিয়ারা যখন কট হয়ে যায়, সাথে সাথে আপনাদের হাস্য উজ্বল ছবিও সেই সব পাপিয়াদের সাথে বাজার ছয়লাপ হয়ে যায় । ক্যাসিনো কান্ডে সম্রাটদের ক্ষেত্রেও এর ভিন্ন কিছু ছিলো না। তখনই জনমনে বেশি ধাক্কা লাগে । আরো বেশি ধাক্কা লাগে যখন আবার সেই আপনারাই ডিসপ্লের গণমাধ্যমে এসে সেই সব সম্রাট আর পাপিয়াদের বিরুদ্ধে বলে, দলকে ধুয়ে মছে পরিষ্কার করার দায়িত্ব কাঁধে তুলে নেন, আফসোস! তবে মনে রাখা ভালো যে, জনগণ কিন্তু ডিসপ্লের গণমাধ্যমে আপনাদের ডিসপ্লেও ভালোই বুঝতে পারে ।

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক শুদ্ধস্বর ডটকম ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.