স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতার দায়ে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নতুন নির্বাচিত কমিটি নীতিগতভাবে একমত হওয়ায় বাৎসরিক পরিকল্পনার বিষয়টি গৃহীত হয়েছে। তবে ‘সুবর্ণজয়ন্তী’ উদযাপন কবে নাগাদ শুরু হবে, কীভাবে ও কোন প্রক্রিয়ায় আয়োজন করা হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত আগামী বছর স্বাধীনতার ‘সুবর্ণজয়ন্তী’ উদযাপন করবে বাংলাদেশ।
এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের গন মাধ্যমকে বলেন, ‘আমরা নীতিগতভাবে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবো। কিন্তু, বিস্তারিত কর্মসূচি নিয়ে আরও আলোচনা হবে। আলোচনার পর বুঝতে পারবো কীভাবে উদযাপন করা হবে।’
জানতে চাইলে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন অবশ্যই আমরা করবো। আমাদের বার্ষিক পরিকল্পনায় বিষয়টিকে কর্মসূচি হিসেবে নেওয়া হয়েছে, বিস্তারিত কর্মসূচি নিচ্ছি। আমরা অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো।’
শুদ্ধস্বর/এস এ কে

