ইবি কর্মকর্তাকে হত্যার হুমকি!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আবদুল হান্নান মোবাইল ফোনে তাকে হুমকি দেন।

এ ঘটনায় রোববার ইবি থানায় হান্নানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ। তিনি জানান, এক কর্মকর্তা হত্যা হুমকির বিষয়ে জিডি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, রোববার আব্দুল হান্নান মোবাইল ফোনে মীর মোর্শেদুর রহমানকে হত্যার হুমকি দেন। এছাড়াও ২০১৬ সালে হত্যার উদ্দেশ্যে হান্নান তাকে আঘাত করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তির অনুরোধে তিনি মামলা প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান বলেন, ‘গত ২১ ফেব্রুয়ারি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে হান্নান আমাকে হত্যা করার হুমকি দিয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।’

বিষয়টি অস্বীকার করে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার আবদুল হান্নান বলেন, ‘আমি এ ধরনের কোনো হুমকি তাকে দেইনি। আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মোর্শেদ এ অভিযোগ ছড়াচ্ছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.