সীমান্ত হত্যার বিষয়ে ভারত প্রতিশ্রুতি মানছে নাঃ মেনন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গত সাত দিনে তিন বাংলাদেশি নাগরিককে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘ভারত প্রতিশ্রুতি দিয়েছিল, সীমান্তে মানুষ হত্যা করার মতো কোনও অস্ত্র তারা ব্যবহার করবে না। সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করছে না, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ কিন্তু ভারতকে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করছে। বিচ্ছিন্নতাবাদীদের সব অপতৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছে।’

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে রংপুর শহীদ মিনার চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, ‘এখনও দু’জনের লাশ ভারত ফেরত দেয়নি। অথচ নেপালের একজন নাগরিককে হত্যার পর ভারত সরকার সে দেশের কাছে মাফ চেয়েছে। ভারতকেই মানুষ হত্যা বন্ধ করতে হবে।’

ঢাকা সিটি নির্বাচন সম্পর্কে মেনন বলেন, ‘নির্বাচনে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকতেই পারে। তবে বিএনপি যদি অতীতের মতো নির্বাচন থেকে পালিয়ে না যায়, তারা যদি শেষ পর্যন্ত থাকে, তাহলেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে প্রশ্ন উঠতে পারে। কিন্তু, নির্বাচন চলাকালীন নির্বাচন থেকে পালিয়ে গেলে এসব অভিযোগ করে কোনও লাভ হয় না।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা, পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক ও আমিনুল ইসলাম গোলাপ।

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.