ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি হত্যা এবং তার বদলা নিতে ইরাকে মার্কিন দুটি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দীর্ঘস্থায়ী এবং বিপজ্জনক এক সংঘাতের ঝুঁকি তৈরি করেছে।
প্রথম দফার এই সংঘাতে কে জিতল এবং কে হারল – সেই সুলোক সন্ধানের চেষ্টা চলছে আন্তর্জাতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষকরা হার-জিতের চুলচেরা বিশ্লেষণ করছেন। খবর বিবিসির।
আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকর বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটির জেরে দ্রুত বদলে যেতে পারে প্রথম দফার হার-জিতের এসব সমীকরণ।
যদিও ইরান তাদের অত্যন্ত প্রভাবশালী একজন জেনারেলকে হারিয়েছে, তারপরও তার মৃত্যু থেকে স্বল্প মেয়াদে তারা লাভবান হতে পারে।
নভেম্বরে ইরানে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ যেভাবে নৃশংসভাবে সরকার দমন করেছে, জেনারেল সোলেইমানির জানাজায় নজিরবিহীন জনসমাগমে তা চাপা পড়ে গেছে।
জনগণের এই স্বতঃস্ফূর্ত আবেগ দিয়ে ইরান আরেকবার বিশ্বের কাছে প্রমাণ করেছে যে দেশের ভেতর রাজনৈতিক বিভেদ থাকলেও, জাতীয় সঙ্কটের সময় তার ঐক্যবদ্ধ হতে পারে।
২০১৮ সাল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক নিষেধাজ্ঞার চাপে ইরানের অর্থনীতির এখন বেহাল দশা।
ইরান একটি মার্কিন ড্রোন বিমান গুলি করে নামানোর পর এবং দুটি তেলে ট্যাংকার আটক করার পর গত বছর দুই দেশের মধ্যে বৈরিতা চরমে ওঠে।
এরপর গত বছর সেপ্টেম্বরে সৌদি একটি তেলক্ষেত্রের ওপর ক্ষেপণাস্ত্র হামলার জন্যও ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র, যদিও ইরান বরাবরই তা অস্বীকার করেছে।
সামরিক বদলার পথে গেলে উল্টো ফল হতে পারে। আমেরিকার বিরুদ্ধে যে কোনো সামরিক ব্যবস্থার পরিণতিতে অপেক্ষাকৃত অনেক দুর্বল ইরান দীর্ঘমেয়াদি একটি লড়াইয়ের চক্রে পড়ে যেতে পারে।
ইতিমধ্যেই ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ফেলেছে আমেরিকা। কোনো যুদ্ধ ইরানকে আরও একঘরে করে ফেলতে পারে।
প্রসঙ্গত গত ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন গুপ্তহত্যার শিকার হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি।
মার্কিন ড্রোনের হামলায় তিনি মারা যান। পরিপ্রেক্ষিতে বাগদাদে মার্কিন ঘাটিতে হামলা চালায় ইরান। এ নিয়ে তোলপাড় চলছে গোটা মধ্যপ্রাচ্যে।
শুদ্ধস্বর/আইকে

