ভক্তদের আস্থার প্রতিদান দিতে চান সাকিব

নিষেধাজ্ঞার কারণে বর্তমানে সব ধরণের ক্রিকেট থেকে দূরে আছেন দেশ সেরা এবং বিশ্বসেরা অল-রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। জুয়াড়ির ম্যাচ পাতানো প্রস্তাবে সাড়া না দিলেও সেটি আইসিসিকে না জানানোর অপরাধে ১ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পান সাকিব। তবে নিষেধাজ্ঞা শেষে আবারও ক্রিকেটে ফিরে ভক্তদের আস্থার প্রতিদান দিতে চান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব। গতকাল রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ‘সাকিব’স সেভেন্টি ফাইভ’ রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা উদ্বোধনের সময় এসব কথা জানান তিনি।

গত ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হোন সাকিব। নিষেধাজ্ঞার মধ্যেই গতকাল নিজের রেস্টুরেন্টের আরও একটি শাখার উদ্বোধন করতে আসেন সাকিব। এ সময় সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের জবাব অনেকটাই হাসির ছলে এড়িয়ে যান দেশসেরা এই তারকা। তবে ভক্তদের জন্য একটি বার্তা দেন তিনি। সাকিব বলেন, ‘কিছু জিনিস সাসপেন্স থাকা ভালো। তারা (ভক্তরা) যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন যেন সেইভাবে সাপোর্ট দেন এবং তার প্রতিদান আমি দেয়ার চেষ্টা করব।’
এ ছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের অংশীদার ইমরুল কায়েসও। বিপিএলে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতি শুভ কামনা জানান সাকিব। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বিপিএলে ভালো সময় পার করছেন। কালকে তার আরেকটি ম্যাচ রয়েছে। আশা করি সেখানে ইমরুল ভালো কিছু করবে। সেই সাথে টুর্নামেন্টে সে যেন সবচেয়ে বড় রান সংগ্রাহক হয়।’

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.