বিমান কেনার প্রস্তাব দিল কানাডা, যা বললেন প্রতিমন্ত্রী ও সচিব

অভ্যন্তরীণ রুটে ও স্বল্প দূরত্বে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য এ বছরই মে-জুন মাসের মধ্যে কানাডার কাছ থেকে পূর্বে কেনা নতুন তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশের কাছে আরো দুটি স্বল্পপাল্লার ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে কানাডার সরকারি কোম্পানি কানাডা কমার্শিয়াল কর্পোরেশন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে কানাডিয়ান হাইকমিশনার বেনইত প্রিফনটেইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন।এসময় কানাডার প্রতিনিধি দল জানান, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন নতুন উড়োজাহাজ দুটি ২০২১ সালের মধ্যেই সরবরাহ করতে সক্ষম হবে।

তাদের এমন প্রস্তাবের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আনুষ্ঠানিক কানাডাকে প্রস্তাব পাঠানোর অনুরোধ করেন। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক প্রতিনিধিদলকে বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পর বিমান দুটির মূল্য এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা সাপেক্ষে তা সন্তোষজনক হলে বাংলাদেশ নতুন উড়োজাহাজ ক্রয় করতে পারে।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের এশিয়া অঞ্চলের পরিচালক মিজ ইভোনি চিন ও ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.