‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন অনুষদের ৮ শিক্ষার্থী। অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় তারা এ পদক পাচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (১১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
এ বিষয়ে তিনি জানান, মেধার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বোচ্চ ফলধারীদেরকে প্রদান করা হয়। যদি কারো ফলাফল সমান হয়, সেক্ষেত্রে এসএসসি/এইচইসসি ফলাফলের ভিত্তিতে এটি প্রদান করা হয়। ইবিতে স্বর্ণপদক মনোনিত শিক্ষার্থীরা হলেন- ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া, কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, আইন অনুষদভুক্ত আইন বিভাগের লাবনী খাতুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের আলমগীর হোসেন।
এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহবুল ইসলাম, বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ইমরান হোসেন ভুঁইয়া, জীব বিজ্ঞান অনুষদভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আক্তার। উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক এর জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
শুদ্ধস্বর/আইকে

