ঢাকা সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, বলছেন ওবায়দুল কাদের!

সিটি কর্পোরেশন নির্বাচনে সব দলের জন্য কি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার নিজেরই অভিযোগ রয়েছে। বিএনপির মহাসচিব আজকে প্রচারণা চালাচ্ছেন, আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হয়ে পারছি না। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় হলো, এ প্রশ্নটা আমার। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রথম আলো সম্পাদকের বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপর সরকার কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি বলেন, আদালত তাদের স্বাধীনতা ও কর্তৃত্ব ঠিক রেখেই বিচারকার্য পরিচালনা করছে। কাদের বলেন, জামিন দিলেও আদালত দিতে পারে, এর এখতিয়ার আদালতের আছে। সরকার এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি করবেও না। বিচার বিভাগের স্বাধীনতা এবং যে ক্ষমতা রয়েছে সেখানে সরকার বা দলের পক্ষ থেকে কিছু বলা হয় না। প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং হয়রানি না করার নির্দেশ যেটাই দিয়েছে সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ ছিল না। এটা সম্পূর্ণরূপে আদালতের বিষয়।

সরকার ইচ্ছাকৃতভাবে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে কি না, এমন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা কিভাবে হয়, সরকারের সঙ্গে তো তাদের কোন দ্বন্দ্বের বিষয় নয়। এটা একটা ছাত্র হত্যার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত পরোয়ানা জারি করেছে এবং সেই আদালত থেকেই তারা জামিন নিয়েছে। তাতে এখানে সম্পূর্ণরূপে আদালতের কর্তৃত্ব এবং স্বাধীনতা।

সিটি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র রাজনীতি হচ্ছে অভিযোগের রাজনীতি। তাদের রাজনীতি হচ্ছে নালিশের রাজনীতি, বিরোধী দল হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হচ্ছে বিএনপি। জাতীয় নির্বাচনেও তারা পরাজিত হয়েছে, ব্যর্থ হয়েছে এখন তারা নালিশের দলে পরিণত হয়েছে। যে কোন ব্যাপারে অভিযোগ করা, নালিশ করা এটা তাদের এখন অভ্যাস হয়ে গেছে।

সিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে এমন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার এটা দিবাস্বপ্ন। এর কোন বাস্তবতা নেই। ফেব্রুয়ারির ১ তারিখ বোঝা যাবে গণজোয়ার কোন দিকে। বিএনপি’র দিবা স্বপ্ন দেখে লাভ নেই। এমন স্বপ্ন তারা জাতীয় নির্বাচনের আগেও দেখেছে, তাতে লাভ হয়নি।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.