উর্বর মানসিকতা পরিহার করুন, জয় হবে গণতন্ত্র ও বাংলাদেশের।

ক্ষমতা এমন একটি বিষয়, সব আঙুল সেই দিকেই তোলা হয় এবং স্বাভাবিও বটে । কেননা দেশের সকল কাজতো ক্ষমতাসীনদের দ্বারাই পরিচালিত হয়। সুতরাং আঙুল সেই দিকেই উঠবে । ভুল করলে তো কথাই নাই এবং ভালো করলেও সেই ভালোর ক্ষত খোঁজা হবে, সেটাও স্বাভাবিক। সেখানেই আমাদের মতন দেশগুলোর রাজনীতির দূর্বলতা। এটাতো আর একদিনে গড়ে উঠেনি । দিনকে দিন রাজনীতির অপচর্চাই এর মূলে। এই অপরাজনীতি থেকে বের হবার পথ কিন্তু রাজনীতিকদেরকেই বাতলাতে হবে এবং করতে হবে। সেই সময়টি কিন্তু চুড়ান্ত হয়েই আছে। দেশ স্বাধীন হয়েছে অনেকদিন হলো, আর কত ? মূল কথা হলো অপরাজনীতি থেকে দেশ যত দ্রুত বের হতে পারবে, সেটা রাজনৈতিক দলগুলোর যেমন লাভ , ঠিক তেমনি লাভ দেশের এবং জনগণের। জনগণের জন্যেই যদি রাজনীতি হয় , তাহলে জনগণের চাহিদা পূরণেই রাজনৈতিক দলগুলোর বেশি করে ভাবা উচিত, শুধু মুখে বলা নয় । জনগণ কি চায় ? ভেরি সিম্পল। দুমুঠো পেট ভরে ভাও খেয়ে ( আমাদের দেশে অন্তত তাই ), শান্তিতে বসবাস করতে । অবশ্য এটা সাধারণ জনগের কথা বলছি, যাদের পরিমান বেশি  এবং যাদের ভোট বেশি । ভোটের কথাটি বললাম, কেননা ভোটই সাধারণত ক্ষমতা পরিবর্তনের মূল চাবিকাঠি । এই চাবিকাঠির কথা শুনে কেউ আবার অট্টহাসি হাসবেন না । আমরা নিজেদেরকে গণতান্ত্রিক দেশ বলি, সেই সূত্রে ভোটই হচ্ছে ক্ষমতার নিয়ামক শক্তি এবং একমাত্র ।

উপরের কথাগুলো বলার পিছনে যে বিষয়টি কাজ করছে, সেটাও সেই ভোট । আগামী পহেলা ফেব্রুয়ারি স্থানীয় সরকারের ঢাকা দুই অংশের ভোট । এখানে ছোট্ট করে একটি কথা বলে রাখি, স্থানীয় সরকার – আমাদের মতন জনবহুল দেশে ভবিষ্যতে, কেবলমাত্র স্থানীয় সরকারকে সর্ব শক্তিশালী করতে পারলেই সরকারগুলো কেবল সুষ্ঠু ও সুন্দরভাবে জনগণের সেবায় নিয়োজিত হতে সক্ষম হবে। দেশ ও জনগণের সেবাই যদি সরকারের মূল লক্ষ্য হয়, তা হলে এর ছাড়া ভিন্ন কোনো পথ নাই । আজ হোক আর কাল হোক, এটা হতেই হবে ।

দেশে যখনই যে সরকার বহাল থাকুক না কেন, কিছু কিছু ভালো কাজ সেই সরকারের দ্বারা ঘটেই থাকে। হোক সেটা মিলিট্যান্ট সরকার, ভোটের অথবা বিনাভোটের সরকার । দু একটা ভালো কাজ সব সরকারের দ্বারাই হয় । ঠিক তেমনি স্বৈরাচার এরশাদ সরকারের একটি উপযোগী কাজ ছিলো উপজেলা গঠন। কেউ আবার ভুল বুঝবেন না, আমি সেই কারণে এরশাদ সরকারের প্রশংসা করছি ! না এবং মোটেও না । এটা অনেকটা চোর বাটবারদের চরিত্রের মতন। দুর্নীতি করে কারি কারি টাকা ! গড়ে তুলে একটা মসজিদ / মাদ্রাসা  বা এতিমখানা এবং মানুষের সিমপ্যাথি পাওয়া । স্বৈরাচার এরশাদের সরকারও ছিলো ঠিক তেমনটাই । এরশাদের উপজেলা পদ্ধতিটি সত্যি অর্থে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য ভালো একটি ব্যবস্থা ছিলো। তবে পরবর্তীতে যা হবার তাই হয়েছে তথাকথিত গণতান্ত্রিক সরকারের দ্বারা । কেন জানি আমাদের দেশের গণতান্ত্রিক সরকারগুলো স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নারাজ। সরকার যতই লুকোচুরি খেলুক, জনগণ ঠিকই সত্যটি বুঝে।

যাকগে স্থানীয় সরকারের কথা বলতে গিয়ে এত কথা বলা । এবার আসি স্থানীয় সরকারের ঢাকার ভোট নিয়ে । কে না জানে, এই ঢাকার মেয়র দিয়ে ক্ষমতাসীনদের গায়ে একটি আঁচড়ও পরবে না । এ কথা স্বয়ং ক্ষমতাসীন দলের জেনারেল সেক্রেটারিও বলেছেন । তাহলে তো কেচ্ছা এখানেই ক্ষতম হবার কথা। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবার কথা । প্রশ্নটি হলো, সত্যি তাই হবে কিনা ?

এই অব্দি দু-চারটি অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটের বাজার বেশ জমজমাট, শান্তিপূর্ণ বলা যায়, অন্তত আমাদের দেশের ভোটের পরিস্থিতি অনুযায়ী তো বটেই। রাজনৈতিক নেতাদের দোষারোপ চলছে এবং সেটা চলতেই থাকবে । এটা অনেকটা কয়লার ময়লার মতন । যতদিন না আমাদের দেশে রাজনীতিতে সত্যিকার অর্থে পরিচ্ছন্নতা আসবে, ততদিন এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হবে না এবং হবার সম্ভাবনাও নেই । সুতরাং আমরা আম জনতা কেবলমাত্র ভবিষ্যতে রাজনৈতিক শুদ্ধাচারের অপেক্ষায় থাকতে পারি , এ ছাড়া ভিন্ন কোনো গতিপথ আপাতত নাই। কেননা এই রাজনৈতিক শুদ্ধিকরণের ইচ্ছা ও আকাঙ্খা দুটোই রাজনৈতিক নেতাদের মননে আসতে হবে, তবেই যদি সম্ভব হয়। ভিন্ন পথ অবশ্যই আছে, আর সেটা মূলত জনমানুষের হাতে। জনগণই পারে এর প্রতিকার করতে, তবে বর্তমানে এবং অদূর বর্তমানে তার কোনো লক্ষণ মোটেও নাই ।

অতি সাম্প্রতিককালে যে কয়টি নির্বাচন শেষ হয়েছে ( স্থানীয় সরকার নির্বাচন) লক্ষণীয় যে সেই নির্বাচনে ভোটারদের বেশ অনাগ্রহী দেখা গেছে ভোট দিতে । পত্রিকান্তে দেখেছি, মসজিদে মাইকিং করেও ভোটারদের কেন্দ্রে নেওয়া সম্ভব হয়নি ! যেখানে আমাদের দেশে ভোট মানেই একটি ঈদ/ পুজা পার্বণের আনন্দ । তবে মহা ভারতের মতন সত্য হলো, মানুষ ভোটের ব্যাপারে ভীষণভাবে ত্যাক্ত বিরক্ত । ভোট দিতে যাওয়া মানেই নিজের এবং সাথে পরিবারের ভবিষ্যত বিপদ ডেকে আনা । ” পক্ষে হলেই সব সাঁই, বিপক্ষে হলেই মারো ঘাঁই ” ! এই যদি হয় ভোট বা নির্বাচনের বার্তা, তাহলে জনমানুষ কেন জীবনের ঝুঁকি নিয়ে ভোটে আগ্রহী হবে ? তবে একটি গণতান্ত্রিক দেশের জন্য ভোটারদের এমন অনাগ্রহতা কখনোই দেশের ভবিষ্যতের জন্য মঙ্গল বয়ে আনতে পারবে না । কঠিন সত্য হলো বিগত এক যুগ যাবৎ দেশে নির্বাচন / ভোট এই বিষয়গুলো বেশ বিষাক্ত হয়ে উঠেছে । এই বিষাক্ত বাতাস দেশ থেকে বের করে শুদ্ধ বাতাসের প্রবাহ আনাটা ভীষণ জরুরী, রাজনৈতিক দল ও দেশের জন্য জরুরি, সর্বোপরি সঠিক গণতন্ত্রের জন্য জরুরি এবং এই ঢাকা নির্বাচন হতে পারে তার একটি উদাহরণ ।

নির্বাচনের তফসিল অনুযায়ী আজ মধ্যরাতেই সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে । এখন শুধু ভোটের পালা । যেহেতু দেশে একটি সরকার বহাল আছে, তাই সরকারের প্রতি বিশেষভাবেই বলছি, নির্বাচনে জয় আসুক আর না আসুক নির্বাচনটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তুলুন। ভোটারদের নিরাপত্তার বিষয়টি যদিও নির্বাচন কমিশনের হাতে, তবে সত্য হলো সরকার না চাইলে এই ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশন নিরাপত্তা তো দুরে থাক, ভোটটিও সঠিকভাবে করার মত দক্ষতা রাখে না । প্রমাণ ইতিপূর্বে জনগণ দেখেছে।  তাই সরকারকে বলছি, আপনারা যে সত্যি সত্যি গণতান্ত্রিক সরকার এবং ভবিষ্যতে গণতন্ত্রকে শক্তিশালী করতে চান ( সরকারের ভাষ্য) তার শুরুটা অন্তত এই ঢাকা নির্বাচন দিয়ে হতে পারে । মূলত সরকারকে কিছুই করতে হবে না । শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার না করা এবং নির্বাচনের বিষয়ে অন্তত ভোটের দিন হস্তক্ষেপ না করা । অর্থাত সরকারের করণীয় বলতে কিছুই না করা মাত্র । তবেই একটি সুষ্ঠু নির্বাচন অধিষ্ঠিত হতে পারে, নতুবা নয়।

সত্যি কায়মনপ্রাণে আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে ( হ্যাঁ সরকারের হতে হবে )। সরকার আগামীর সুস্থ বাংলাদেশের কথা ভেবে উর্বর মানসিকতার পরিবর্তন আনবেন, আমি নিশ্চিন্ত জনমানুষের শতভাগ আকাঙ্খা এটা। ভোটে যদি হেরেও যান, ক্ষমতাসীন দলের নির্বাচনে একটি হার হবে মাত্র, তারপরেও সরকারের জয় হবে শতভাগ । সরকারতো আর কেবলমাত্র ক্ষমতাসীন দলের সরকার  নয় ! দেশের সমগ্র মানুষের সরকার । সরকার ক্ষীণ ভাবনা থেকে বেরিয়ে এসে বৃহৎ ভাবনায় যত দ্রুত প্রবেশ করবে, দেশ ও গণতন্ত্র তত দ্রুত লাভবান ও শক্তিশালী হবে। নির্বাচনে সকল প্রার্থীদের জন্য শুভ কামনা ও শুভেচ্ছা রইলো । এই নির্বাচন দিয়েই জয় হোক গণতন্ত্রের, জয় হোক বাংলাদেশের ।

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম ।

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.