‘আমরা যেভাবে ঘুমাই প্রধানমন্ত্রী সেভাবে ঘুমান না’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‌‘আমরা যেভাবে ঘুমাই মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে ঘুমান না। তিনি সারাদিন পরিশ্রম করেন। তারপর হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন কীভাবে হবে, সেই চিন্তা করেন। সেই অনুযায়ী পরিকল্পনা করেন এবং আমাদের দ্বারা তা বাস্তবায়ন করান। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার তুলে দিতে এসেছি।’

শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র ও শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা সবসময় বিশ্বাস রাখবেন এবং ভরসা রাখবেন যে, আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে। আপনারা আওয়ামী লীগকে ভালোবাসবেন, শেখ হাসিনাকে ভালোবাসবেন, শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করবেন। নিশ্চয়ই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ উপহার দেবে।

মন্ত্রী তার বক্তব্যে জানান, পঞ্চগড় জেলার জন্য এবার ৩৩ হাজার কম্বল, ২ হাজার শুকনো খাবার, আরও কম্বল কেনার জন্য ১০ লাখ টাকা, শিশু খাদ্য কেনার জন্য ১ লাখ টাকা, শীতের পোশাক কেনার জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী তাৎক্ষণিক সহস্রাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিশু খাদ্য বিতরণ করেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.