আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ইসির বরাদ্দ ১৮ কোটি টাকা

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও এপিবিএন। রোববার এ সংক্রান্ত একটি পত্র দিয়েছে ইসি।

ইসি জানায়, ঢাকার দুই সিটি নির্বাচনে পুলিশ, র‌্যাব ও এসবির জন্য সবমিলে ২৬ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। ওই চাহিদার বিপরীতে ৮ কোটি ১ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ইসি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকা এবং দক্ষিণ সিটিতে ৪ কোটি ৫ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে আনসার ও ভিডিপি বাহিনী চাহিদা না দিলেও নির্দিষ্ট হার অনুযায়ী ৯ কোটি ৮ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ইসি।

উত্তর সিটিতে পুলিশের জন্য বরাদ্দকৃত ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৩ কোটি ৮ লাখ ৬ হাজার টাকা, পুলিশ হেডকোয়ার্টার্সের জন্য ২০ লাখ ৬৭ হাজার টাকা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জন্য ১০ লাখ ৪৩ হাজার টাকা, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জন্য ৫৭ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর দক্ষিণ সিটিতে পুলিশের জন্য বরাদ্দকৃত ৪ কোটি ৫ লাখ ১৬ হাজার টাকার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৩ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা, পুলিশ হেডকোয়ার্টার্সের জন্য ১৮ লাখ ২১ হাজার টাকা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জন্য ১০ লাখ টাকা, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জন্য ৭৪ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এর আগে গত ১৬ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অগ্রিম উত্তোলনের মঞ্জুরীসহ অর্থ বরাদ্দ চেয়ে চাহিদা জানায় পুলিশ। চাহিদা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার টাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা পুলিশের জন্য বরাদ্দ চাওয়া হয়েছিল।

সবমিলে ২৬ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ চেয়েছিল বাহিনীটি।
অপরদিকে দুই সিটির ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের আনসার ও ভিডিপি সদস্যদের ৫দিন বাহিনীকে অঙ্গীভূতকরণ বাবদ দেয়া ৯ কোটি ৮ লাখ ২২ হাজার টাকা বরাদ্দের মধ্যে দপ্তর-সংস্থার জন্য ১ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকা এবং অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যদের জন্য ৭ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে কমিশন। দুই সিটি নির্বাচনে ডিএমপিতে পুলিশের সঙ্গে মোতায়েনকৃত ৫১৫ জন ব্যাটালিয়ন আনসারের জন্য ১৩ লাখ টাকা এবং আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম তদারককারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য দৈনিক ভাতা ও জ্বালানী-মেরামত বাবদ ব্যয় নির্বাহের জন্য ৩ লাখ ৮৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়াও রেঞ্জ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.