লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করার নির্দেশ ইসির

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণাত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। চিঠিতে ইসির সিনিয়র সচিব আলমগীর সই করেন।

চিঠিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রয়োজন।

সিদ্ধান্তগুলো উল্লেখ করে চিঠিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়নের পরিকল্পনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়নের লক্ষ্যে অগ্রিম বাজেট প্রণয়ন; অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ; এবং নির্বাচনি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার শেষ হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.