মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকা রাষ্ট্রীয় লজ্জা: হাইকোর্ট

মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকা রাষ্ট্রীয় লজ্জা বলে মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, মুক্তিযোদ্ধা ভাতা তাদের জন্য করুণা নয়, এটা তাদের অধিকার।

মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ কথা বলেছে।

এর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে পাবনা, কুষ্টিয়া, চাঁদপুর ও মাগুরার ২০৮ মুক্তিযোদ্ধাকে আগামী ৯০ দিনের মধ্যে গেজেটভুক্ত করার নির্দেশ দেয় আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন- যথাসম্ভব সশরীরে হাজির হয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করতে হবে। যদি কোনো মুক্তিযোদ্ধাকে গেজেট থেকে বাদ দিতে হয় তাহলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে, নোটিশ দিয়ে তাদের বক্তব্যও শুনতে হবে।

গত ২০১৬ সালে এ রিট করা হলে প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিল।

এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা এ প্রশ্নে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বলেন, রায়ের কপি হাতে পেলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.