“মরণোত্তর দেহদান”- রাজনৈতিকব্যক্তিত্ব আতশকাচের নিচেও পাওয়া দুষ্কর

মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য লাশের প্রয়োজন হয়। আমাদের দেশে মেডিক্যাল কলেজগুলো লাশ পেতে বেশিরভাগই বেওয়ারিশ লাশের উপর নির্ভরশীল থাকে ( অনেকদিন পূর্বে  ডয়েচে ভেলের এক রির্পোটে শুনেছিলাম)। সেই রির্পোটেই জেনেছিলাম, বাংলাদেশে  মরণোত্তর দেহ দানের জন্য কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান নেই। মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে মরণোত্তর দেহ দানের সুযোগ আছে। অনেক ক্ষেত্রে এই দেহ দানে ধর্মীয় অনুশাসন নিশ্চিত বাধা হয়ে আসে। মেডিক্যাল কলেজগুলোর মূল উদ্দেশ্যে হলো এনটমি শিক্ষা । এই এনটমি শিক্ষার জন্য মরদেহ সরাসরি সংরক্ষণ করা হয়, আবার কঙ্কাল বানিয়ে রাখা হয়। লেখা প্রসঙ্গে কথাগুলো বললাম মাত্র । তবে আমার লেখার বিষয় এনাটমি বা ধর্মীয় অনুশাসন অবশ্যই নয়।  আমার লেখার বিষয়টি পার্থক্যের মানসিকতা নিয়ে ।

গতকাল শ্রদ্ধেয় অধ্যাপক অজয় রায় স্যার পরলোক গত হয়েছেন। উনার অন্তিম ইচ্ছানুসারে মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার্থে ইব্রাহিম মেডিক্যাল কলেজে দান করা হবে। শুধুমাত্র তাই নয়, এ পূর্বে  জানুয়ারি ২০১৯ এ অজয় রায়ের স্ত্রী শেফালী রায়ের মরদেহ ঢাকা আদ-দ্বীন হাসপাতালে দান করা হয়েছিলো একই উদ্দেশ্যে । এমনকি তাঁদের সন্তান ব্লগার- বিজ্ঞানী অভিজিৎ রায়ের মরদেহটিও চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০১৫ সালে দান করা হয়িছিলো।  বাংলাদেশে এই প্রথম একই পরিবারের ৩ জন চিকিৎসা বিজ্ঞানে গবেষণার কাজে নিজ নিজ দেহ দান করলেন। এই পরিবারটি মৃত্যু পূর্বে যেমন দেশকে দিয়ে গেছেন, মৃত্যুর পরেও নিজেদেরকে দেশের ভবিষ্যত প্রজন্মের শিক্ষার জন্য অবদান, চিরস্মরণীয় হয়ে থাকবে। কোনো ভাষা দিয়ে এই পরিবারটিকে শ্রদ্ধা জানিয়ে শেষ হবে না । এই পরিবারটির জন্য হৃদয়ের গহীন কোণ থেকে থাকবে অফুরন্ত ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা ।

Download (2).jpg

এখন আসি মানসিকতার পার্থক্যের কথায় । আমাদের দেশে জেনে হোক, বুঝে হোক বা না বুঝে হোক, একটা চলতি ধারণা আছে বাম বা কমিউনিস্ট ধারার রাজনৈতিক দলগুলোর মানুষেরা প্রথাগত ধর্মের বিরোধী বা তাদের প্রাপ্য টাইটেল ( অযথাই ) নাস্তিক । এই নাস্তিকতার টাইটেলটি উনারা উনাদের কৃত্তিকলাপ/ কর্ম বা কথাবার্তার কারণেই পেয়ে থাকেন , এটা প্রতিষ্ঠিত সত্য । ব্যক্তিগতভাবে মনে করি নাস্তিকতাও এক প্রকার বিশ্বাস । সমস্যা হলো বামের লোকজন শত নামাজ- রোজা করলেও আমাদের সমাজে উনারা মুখের প্রপাগন্ডায় ধরাবাঁধা নাস্তিক । এই বৃত্ত থেকে বাম বা কমিউনিস্ট দলের লোকজন বের হয়ে আসতে পারেননি এবং পারবেন বলেও মনে হয় না ( সেটা ভিন্ন আলোচনা )। মাঝে মাঝে লক্ষ্য করা যায়, বড় বড় বাম নেতাদের মৃত্যুর পরে জানাজা/ কবর নিয়ে নানান ঘটনা  সেইসব কারণেই ঘটে থাকে।

অনেক বাম নেতারাই স্বঘোষিত নাস্তিক ছিলেন অথবা তাঁরা বিশ্বাসেই নাস্তিক ছিলেন ।তারপরেও মৃত্যুর পূর্বে ঠিক করে যাননি মৃতদেহের কবর হবে না, মরণোত্তর দান হবে ?  ফলাফল, পরবর্তীতে মৃত্যুর পরে হয়েছে নানান উৎকট ঝামেলা, ধর্মীয় গুরুদের (!) দ্বারা । পূর্বের ও সাম্প্রতিককালের  দুইজন বড় বাম নেতার উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে।

অনেকের মনে থাকার কথা , কমরেড ফরহাদ, তিনি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক সদস্য এবং বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য । মনে পরে ১৯৮৭ সালে ( যদি ভুল না করি) কমরেড ফরহাদের মৃত্যুর পরে উনার মৃতদেহ যেন কবর দেওয়া না হয়, এটা নিয়ে সেইসময়ে মোল্লারা মিছিল পর্যন্ত করেছিলেন। অবশ্য আমাদের দেশের মাওলানারা সুযোগ পেলেই নাস্তিক টাইটেলের ট্যাগ লাগিয়ে দেন বা কাফেরের সার্টিফিকেট বিনা পয়সায় বিতরণ করতে ভালোবাসেন। যাক সেই সব কথা, কমেরেড ফরহাদের মরদেহ নিয়ে মোল্লাদের ফুঁরফরানি ভাবের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। এত্তবড় বাম নেতা নিজের বিশ্বাসের উপর বিশ্বাস রেখে মরণোত্তর দেহ দান করে যাননি ! এটাই সত্য ।

দ্বিতীয় উদাহরণটি সাম্প্রতিক কালের, কমরেড  মাঈনুদ্দিন খান বাদল। ৭ নভেম্বর ২০১৯ এ পরলোক গমন করেন । একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ ( বর্তমান সংসদের )। বাদল ভাইয়ের সাথে ব্যক্তিগত পরিচিত ছিলাম , আশির দশকে রাজপথ থেকে। উনার ধর্ম বিশ্বাস নিয়ে বলতে চাচ্ছি না। তবে বাদল ভাই উনার বক্তব্যেতে নিজেই অনেক কিছু বলে গেছেন। হাইকৌর্টের সামনে থেমিস মূর্তি সড়ানো নিয়ে উনি মোল্লাদের বেশ কঠিন/অকাট্য ভাষা প্রয়োগ করেই কথা বলে গেছেন প্রকাশ্যে মঞ্চ থেকে ( এখানে স্পষ্ট বলা ভালো, বাদল ভাই বিশেষ মোল্লাদের কথা বলেছিলেন ) । কমরেড বাদলকে নিয়ে মৃত্যু পরে মোল্লারা মিছিল করেননি ( মূলত, সরকারের কারণে সাহসই পাননি ) তবে ওয়াজ মাহফিলে যে যেভবে পারছেন , ইচ্ছামতো নাস্তিক/ কাফের তকমা লাগাচ্ছে। এত্তবড় এই কমরেডও মরণোত্তর দেহ নিজের বিশ্বাসের উপর ভর করে দান করে যাননি !

20191210_010508.jpg

বর্তমানে জীবিত দুইজন বড় কমরেডের কথা বলতেই হয়। একজন হাসানুল হক ইনু আর অন্যজন রাশেদ খান মেনন । ইনারাও তথাকথিত নাস্তিক খেতাবে ভূষিত । যদিও উনারা ইতিমধ্যেই দুই দুইবার করে হজ্জ্ব পালন করে এসেছেন । তারপরেও কেউ বিশ্বাস রাখতে চান না, উনারা নাস্তিক নন। জানিনা, উনারা মরণোত্তর দেহ দান করে রেখেছেন কিনা ? তবে সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলেই মনে হয়। এখানে প্রয়াত মেজর জলিল ( বীর মুক্তিযোদ্ধা) এর কথাও বলতে হয়। তিনিও বাম ধারার বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। উপরের উল্লিখিত সকলের মতন একই সূত্রের ছিলেন, তবে মৃত্যুর কিছুদিন পূর্বে ইসলামিক দল গঠন করেছিলেন । সুতরাং মরণোত্তর দেহ দানের প্রশ্নই ছিলো না।

20191210_010222.jpg

উপরের দুইটি উদাহরণ থেকেই স্পষ্ট হয় রাজনৈতিক আর অরাজনৈতিক ব্যক্তিত্বে মানসিকতার পার্থক্য । আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি, তাহলেই ধারণা করি অনেকের মনেই প্রশ্নের উদগ্রীব হবে, কেন এমন পার্থক্য । পন্ডিত ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান, ভাষাবিদ, খ্যাতনামা মনীষী ডঃ আহমদ শরীফ ( কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না ) মরণোত্তর দেহ দান করে গেছেন । ভাষা সৈনিক বেলাল মোহাম্মদ, লেখক ও সাংবাদিক ওয়াহিদুল হক, ভাসা সৈনিক আব্দুল মতিন এবং সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ( সবাই অরাজনৈতিক ব্যক্তিত্ব) ইনারা প্রত্যেকেই মরণোত্তর দেহ দান করে গেছেন। আরো অনেকেই আছেন। তবে কোথাও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মরণোত্তর দেহ দান করে গেছন, পাওয়া যায়  না।

20191210_005210.jpg

লেখার শেষে বলছি, আমি বলছি না মরণোত্তর দেহ দান রাজনৈতিক ব্যক্তিগণের দিতে হবে বা করা উচিত ( বিশেষ করে কমিউনিস্ট বা বামদের) । আমার ভাষ্য জলের মত পরিষ্কার, ” যত ডাকে তত বর্ষে না”। তাহের মাইকে বক্তৃতা একজিনিস আর নিজের বিশ্বাসের উপর শতভাগ বিশ্বাস রাখা ভিন্ন জিনিস। রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেদের ধর্ম বা মননের বিশ্বাস নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই খেলুক, শুধুমাত্র রাজনীতি নিয়ে না খেললেই জনগণের মঙ্গল । অজয় রায়দের বিশ্বাস রাজনৈতিক ব্যক্তিত্বদের মতন দোদুল্যমান নয়।

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.