বাসচাপায় রাজীব-দিয়া নিহতের মামলায় চালকসহ তিনজনের যাবজ্জীবন জেল

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়ার নিহতের ঘটনায় করা মামলায় দুই চালকসহ ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। বাসমালিক জাহাঙ্গীর আলম ও চালকের সহকারী শাহাদাত হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- জাবালে নূরের চালক মাসুম বিল্লাহ, আরেক গাড়ির চালক জোবায়ের সুমন ও হেলপার আসাদ কাজী। আসাদ পলাতক রয়েছেন।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন।

গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন বিচারক। এ মামলায় ৩৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

অপর আসামি জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেন আকন্দের মামলার অংশ উচ্চ আদালত স্থগিত করায় সে বিষয়ে রায় হয়নি।

গত বছরের ২২ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে আদালত চার্জশিট গ্রহণ করেন। আর ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেন।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার ১ বছর ৪ মাস পর রায় ঘোষিত হলো

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.