প্রেমিকের রাগ ভাঙাতে কক্সবাজারে এসেছিলেন স্বর্ণা

প্রেমিক ওয়ালী আহমদ খানের রাগ ভাঙ্গাতে বাল্যবন্ধুদের সাথে কক্সবাজারে বেড়াতে এসে অতিরিক্ত ইয়াবা সেবন করে মৃত্যু হয়েছে ব্রিটিশ কাউন্সিলের এ লেভেলের ছাত্রী স্বর্ণা রশিদের। ২২ বছর বয়সী এই তরুণী মাঝেমধ্যে টেলিভিশন নাটকেও অভিনয় করতেন। তবে স্বর্ণার মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেউ বলছে, পরিবারের সাথে কথা কাটাকাটির কারণে স্বর্ণা কক্সবাজার চলে এসেছিলেন। আবার আরেক সূত্র বলছে, প্রেমিক ও বন্ধুদের আড্ডায় বসে আবেগের তাড়নায় অতিরিক্ত ইয়াবা সেবনই স্বর্ণার মৃত্যুর কারণ। এদিকে শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে স্বর্ণার বাবা ঢাকা কোতোয়ালী চকবাজারের ৭ নম্বর বেগমবাজার এলাকার ধনাঢ্য ব্যবসায়ী হারুন উর রশিদ পাপ্পু মেয়ের লাশ নিয়ে গেলেও এখনও পর্যন্ত বিষয়টি কক্সবাজারের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। অন্যদিকে স্বর্ণাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠীদের অনেকেই পালিয়ে গেলেও পুলিশ তার কথিত প্রেমিক ব্রিটিশ কাউন্সিলের এ লেভেলের ছাত্র ওয়ালী আহমদ খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওয়ালী ঢাকার চকবাজার এলাকার ২২ সিদ্ধেশ্বরী রোডের মনিজান টাওয়ারের বাসিন্দা আলী রেজা খান ছেলে। শনিবার ওয়ালী আহমদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক শরীফ উল্লাহ শরীফ। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর কক্সবাজার শহরের কলাতলীর হোটেল জামানের ৩০১ নম্বর কক্ষে উঠেন স্বর্ণা-ওয়ালীসহ অন্যান্য বন্ধুরা। কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাজান কবির বলেন, মেয়েটি বাড়িতে মিথ্যা তথ্য দিয়ে চলে আসেন কক্সবাজারে। তার শোকাহত বাবা মেয়ের কথা বলতে বলতে বার বার জ্ঞান হারাচ্ছিলেন। ময়নাতদন্ত শেষে শনিবার রাতেই মেয়েটির মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তার বাবার নির্দেশনার পর মামলার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.