পশ্চিম বঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরিকে ভিসা দিল না বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার বিমানে বাংলাদেশ যাওয়ার কথা ছিল মন্ত্রী তথা জামিয়াত উলেমা হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরির। মন্ত্রীর কথায়, নিয়ম মেনে ভিসার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু ভিসা দেয়নি বাংলাদেশ কনস্যুলেট। এই ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী।
জানা গিয়েছে, সিলেটের একটি মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সিদ্দিকুল্লা চৌধুরিকে। এছাড়াও কিছুদিন আগেই বাংলাদেশে মন্ত্রীর এক আত্মীয়ের প্রয়াণ হয়েছে, এক নিকট আত্মীয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সিদ্দিকুল্লা চৌধুরির। সেই কারণেই ভিসার আবেদন জানান মন্ত্রী। কিন্তু বুধবার মন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা কলকাতার বাংলাদেশ কনস্যুলেটে গেলে তাঁদের জানিয়ে দেওয়া হয় যে, মন্ত্রীর ভিসা দিতে পারছেন না তাঁরা। সেখান থেকে ফিরে আসেন তার অফিসের কর্মকর্তারা । পুনরায় বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করা হলে ফের একই কথা জানানো হয়। কিন্তু কী কারণে ভিসা বাতিল করা হল তা স্পষ্টভাবে জানানো হয়নি বলেই অভিযোগ মন্ত্রীর।
শুদ্ধস্বর/বি এস

