নাগরিকত্ব বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ অসম ও ত্রিপুরা। সংসদে যখন এই বিল পাশ করাতে তৎপর শাসক বিজেপি তথা এনডিএ তখন বিজেপি শাসিত দুই রাজ্যেই একাধিক বাস ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরায় গুলি চালিয়েছে পুলিশ। গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু। বহু জায়গায় বন্ধ করে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুই রাজ্যেই নেমেছে আধাসেনা।
রাজ্যসভায় যখন শাসক ও বিরোধী দলের বাগযুদ্ধ চলছে সিএবি নিয়ে, তখনও দিনভর প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠল উত্তর-পূর্বের দুই রাজ্য অসম ও ত্রিপুরা। পরিস্থিতি সামাল দিতে দুই রাজ্যেই আধাসেনা নামানো হয়েছে। ত্রিপুরায় নামানো হয়েছে বিএসএফ অসম রাইফেলস-এর জওয়ানদের। প্রশাসন সূত্রে খবর, আধাসেনা মোতায়েন করা হয়েছে ত্রিপুরার কাঞ্চনপুর ও মনু এলাকায়। অসমের বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়েও আধাসেনা মোতায়েন করা হয়েছে।
উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে উন্মত্ত বন্ধ সমর্থকদের হঠাতে পুলিশকে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুড়তে হয় বলে জানান এসডিএম অভেদানন্দ বৈদ্য। কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকায় আতঙ্কিত অ-জনজাতি বাসিন্দারা বাড়ি ফিরতে না পেরে থানায় এসে আশ্রয় নেন। দশদা স্কুলে আশ্রয় নিয়েছেন ৭০টি পরিবার। তাঁদেরকে বাংলাদেশে ফিরে যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
বিলের প্রতিবাদে গুয়াহাটিতেও পথে নেমে পড়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। প্রতিবাদে সামিল হয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও অসম ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ বেশির ভাগ কলেজের ছাত্রছাত্রীরা। দিসপুরে যাওয়ার পথে মূল সড়ক গুয়াহাটি-শিলং রোড অবরোধ করেছেন তাঁরা। অবরোধ ওঠাতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। ডিব্রুগড়ের চাউলধোওয়ায় পুলিশের লাঠিতে গুরুতর জখম হয়েছেন জনাকয়েক ছাত্র। বিক্ষোভের জেরে ডিব্রুগড় ও গুয়াহাটির বিশ্ববিদ্যালয়গুলিতে যাবতীয় পরীক্ষা অর্নির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। রাতের দিকে একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
শুদ্ধস্বর/বি এস

