বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় দুবছর ধরে কারাবন্দি। এরই মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। দলীয় প্রধানকে ছাড়াই প্রথম কোনো নির্বাচনে অংশ নিল বিএনপি। এই নির্বাচনে ভয়াবহ ভোট ডাকাতির অভিযোগ ছিল বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টের। কিন্তু নতুন নির্বাচন দাবিতে কার্যত কোনো আন্দোলন কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছে বিএনপি জোট। এ নিয়ে কেন্দ্র ও তৃণমূলে ক্ষোভের অন্ত নেই।কি কারনে গত বছর নির্বাচনের পর আন্দোলনের ডাক দেয়নি তা আজও কর্মীদের কাছে স্পষ্ট করেনি । উল্টো সংসদে যোগ দেবে না বলে যোগ দেয়ার কারণও তারা নেতাকর্মীদের কাছে ব্যখা করেনি ।নির্বাচন পরবর্তী আজ পর্যন্ত তারা কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি সভাও করতে পারেনি ।
শুধু তাই নয়, গত ১০ বছরে বিএনপি জোট চোখে পড়ার মতো সরকারবিরোধী কোনো আন্দোলন করতে পারেনি। সবশেষ দুই-তিন বছরে বিএনপি হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতেও ব্যর্থ হয়েছে। এসব নিয়ে বিএনপির হাইকমান্ডসহ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা প্রশ্নবানে জর্জরিত হচ্ছে। নীতি নির্ধারকরা আন্দোলনের কর্মসূচী না দেওয়ার নেপথ্যের কারন কি তাও জানাতে পারেনি , বিশ্বস্তসূত্র থেকে জানা গেছে কারাবন্দী নেত্রী খালেদা জিয়া আন্দোলনে রাজী হন নি ।কেন রাজী হন নি তার কারন না জানা গেলেও ধারনা করা যায় কর্মসূচী বাস্তবায়নে তিনি নেতা কর্মীদের প্রতি আস্থা রাখতে পারছেন না ।অন্যদিকে একটি বিদেশী রাষ্ট্র আপাতত বিএনপি কে এই মুহূর্তে চুপ থেকে ধৈর্য ধারন করতে বলেছে ।
এদিকে দীর্ঘদিন ধরে কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থাও জটিল। এভাবে চার দেয়ালে দীর্ঘদিন ধরে জীবনযাপন, দলীয় চেয়ারপারসনের জীবনশঙ্কাও করছেন দলটির নেতারা। দুদিন আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো স্পষ্টই বলেছেন– এ মুহূর্তে খালেদা জিয়াকে মুক্ত করা না গেলে তার জীবনশঙ্কা রয়েছে।
এমতাবস্থায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে নামা ছাড়া পথ দেখছেন না বিএনপি নেতারা। তৃণমূল থেকেও আন্দোলনের চাপ রয়েছে কেন্দ্রে। এমতাবস্থায় আন্দোলনের ভিন্ন কৌশল অবলম্বন করার কথা ভাবছে বিএনপি। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে এই তথ্য জানা গেছে ।
কিন্তু সেই কৌশল টা কি ? তা রাজনৈতিক পর্যবেক্ষক মহল কোন হিসাব মেলাতে পারছে না , হরতাল, অবরোধ বা অসহযোগ কোনটাই এই মুহূর্তে আর কার্যকর নেই । এই তিনটি জিনিসকে অতি ব্যবহার করে নিজেই নষ্ট করে ফেলেছে বিএনপি । তা ছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সাথে আলাপ করে জানা গেছে তারাও জানেন না ১২ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন না পেলে বিএনপি কি ধরণের আন্দোলনে নামবে ।
এদিকে গত কয়েকদিন ধরে বিএনপি এবং অঙ্গ সংগঠন গুলো সীমিত হলেও ধীরে ধীরে রাজপথে নামছে মশাল মিছিল সহ ছোট ও মাঝারি আকারের মিছিল নিয়ে রাজধানি সহ দেশের বিভিন্ন স্থানে সরব রয়ছে ।
অন্যদিকে সরকারী দল আওয়ামীলীগ তাদের অঙ্গ সংগঠন গুলোর সম্মেলন শেষ করে মূল দলের সম্মেলন নিয়ে ব্যস্ততার মধ্যেও বিরোধী দলের রাজনীতির ওপর কড়া নজর রাখছে , কোন ভাবেই তারা বিএনপিকে ছাড় দেবেন না এটা তাদের বক্তব্য বিবৃতি থেকেই আঁচ করা যাচ্ছে । সবমিলিয়ে রাজনীতির গতিপথ কোন দিকে প্রবাহিত হয় তা দেখার জন্য আমাদের ১২ ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক , শুদ্ধস্বর ডটকম ।

