কোন কাজই ছোট না

আজ সন্ধায় আমরা তিন বন্ধু(পার্থ, লিটন) মিলে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার না থাকায় খাওয়ার জন্য ছুটছিলাম। হঠাৎ(সিলেটের শহরের মধ্যে এক জায়গায়) ভিন্নধর্মী একটি ভ্যান গাড়ি দেখলাম। কাছে গিয়ে ভ্যান গাড়ির সামনে এক যুবক দেখে চোখ আটকে গেল। যুবকের পড়নে দামী শার্ট-প্যান্ট। গলায় ব্যাগ, চোখে চশমা, দেখতে শুনতেও বেশ সুদর্শন। প্রথমে ভেবেছিলাম হয়তো ভীনদেশী কোন পর্যটক বাংলাদেশে ঘুরতে এসে শখের বসে মজা করে ভ্যান গাড়ি দেখতেছে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম যুবকটি স্বদেশী। তাই একটু কৌতুহল নিয়ে এগিয়ে গেলাম। কাছে গিয়ে জানা গেলো ২৫ বছর বয়সী যুবকটির নাম আবু(ছদ্মনাম)। দেশের উচ্চ বিত্ত পরিবারের শিক্ষিত ছেলে সে। সিলেটের একটা নাম করা ইউনিভার্সিটি থেকে BBAশেষ করে MB তে আধ্যায়নরত। অথচ এখন ভ্যান গাড়ি নিয়ে ব্যবসা করতে রাস্তায় নেমেছেন তিনি। তার ভ্যান গাড়িতে রয়েছে পিয়াজু, চানা, সিঙ্গারা, আলুর চপসহ বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী। ভ্যান গাড়িতে করে সিলেট শহরের বিভিন্ন রাস্তায় এসকল সামগ্রী বিক্রি করেন তিনি। আমরা তিন বন্ধু মিলে উনার ভ্যান গাড়ীর দোকান থেকে চানা, সিঙ্গারা খেলাম। খেতে খেতে গল্পের চলে অনেক কিছু জানা হল। উচ্চ শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের ছেলে হয়েও আবু এ কাজ করছেন শুনে কৌতুহুলটা আরো বেড়ে গেলো। উচ্চবিত্ত পরিবারের ছেলে হয়ে এ ছোট্ট কাজ করছেন আপনার লজ্জা করে না? এমন প্রশ্ন রাখতেই কঠোর জবাব দিলেন আবু। বললেন, নিজের স্বাধীন দেশে স্বাধীনভাবে ব্যবসা করছি এতে লজ্জার কি আছে? বেকারত্বের চেয়ে বড় বোঝা কোন মানুষের থাকতে পারে না। তাই বেকারত্বকে দূর করতে সব মানুষেরই উচিৎ কোন কাজকে ছোট না মনে করা। আবু এ বিস্ময়কর জবাব শুনে বোঝা গেল বেকারত্বকে ঘৃনা ও কাজের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই এ পেশায় নেমেছেন তিনি। ছোট কোন কাজের মাধ্যমেই সকলকে দেখিয়ে দিবেন যে কোন কাজই ছোট নয়। আমাদের দেশের শিক্ষিত যুবক ভাইয়েরা ছোট কাজ করতে লজ্জা পান। কিন্ত বাইরের দেশে এমনটা নয়। বাইরের দেশে সম্মানের চেয়ে কাজকে প্রাধান্য দেওয়া হয় বেশী। সে কারণে বাইরের দেশগুলো উন্নত। আমাদের দেশে হাজারের উপরে ছোট ছোট সেক্টরে কাজ খালি রয়েছে। যেসকল সেক্টরে কাজ করতে আমাদের শিক্ষিত যুবক ভাইয়েরা লজ্জাবোধ করেন। ফলে ভালো চাকুরী পাবার আশায় দীর্ঘসময় তাদেরকে বেকার বসে থাকতে হয়। বেকার বসে না থেকে এই ভাইয়েরা যদি ছোট সেক্টরগুলোতে কাজ করতে থাকেন তবে একসময় সেও ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন এবং দেশও অনেক এগিয়ে যাবে। এছাড়া অনেক যুবক ভাই বেকারত্বকে দূর করতে অসৎ পথ বেছে নেন। যেমন- চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ইত্যাদি। কিন্তু এই ভাইটি যদি ছোট কোন কাজ করেন তাহলে সমাজ থেকে অপরাধ প্রবণতাও হ্রাস পাবে। মূল কথা- ছোট কাজ হলেও কাজ করে খাবো। অবৈধ কোন কিছু করবো না। উনার ভ্যান ও পুঁজি সন্মন্ধে জানতে চাইলে আবু জানান, এ ভ্যান গাড়ি, চুলা, সিলিন্ডারসহ অনান্য মালামাল কিনতে তার খরচ হয়েছে ৮০ হাজার টাকা। এই ব্যবসার মাধ্যমে প্রতিদিন তিনি যা আয় করেন তাতে তার প্রতিদিনের খরচ ভালোভাবেই চলে যায়। আবু তরুণদের উদ্দেশ্যে করে বলেন যে, কোন কাজই ছোট নয়। আর আপনি যদি সব কাজকেই বড় মনে করে করেন তবে আপনার সাফল্য ধরা দেবে। হয়তো সময়টা একটু বেশি লাগবে। কিন্তু দেখবেন মনে আত্মতৃপ্তি পাবেন। তাই কাজের বিকল্প নেই। কাজ করতে গেলে নানা লোকে নানা কথা বলবে। তবে আপনাকে মনে রাখতে হবে আপনি যে স্থানে আছেন সেটার মধ্যে সততা আছে তো। নিজের দেশে এরচেয়ে ছোট কাজ করেও আমি যুবক ভাইদেরকে অনুপ্রেরণা দিয়ে যাবো। মোঠকথা শিক্ষিত বেকার যুবক ভাইদের কাছে আমি অনুপ্রেরণার উৎস হয়ে থাকতে চাই। আমার দেখাদেখি যুবক ভাইয়েরাও একসময় বলবে ‘লজ্জায় ঘরে বসে থাকবো না, কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো’। অনেক আছেন যাঁরা এখনও নির্দিষ্ট চাকরির দিকে তাকিয়ে থাকেন। আমার মনে হয়, এটা একটা বড় ধরণের সমস্যা। তারা ভুলে যান যে, বিশ্বের বেশিরভাগ সফল ব্যবসায় খুব ছোট আকারে শুরু হয়েছিল। আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারি তবে আমাদের বেকার সমস্যা কমবে। আমাদের আশেপাশে অসংখ্য সুযোগ ছড়িয়ে আছে। এসবের সঠিক ব্যবহার করলে আমাদের জীবন পাল্টে যেতে পারে। সুতরাং কোনো পেশাকে ছোট করে দেখা উচিত নয়।

20181210_131841

আবু জাফর শিহাব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.