এনআরসি বিষয়ে ভারতে জাতিসংঘের অধীনে গণভোট চান মমতা

এ বার জাতিসংঘের  হস্তক্ষেপ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বা এনআরসি এ দেশে কার্যকরী করা হবে কি না, তা গণভোটে নির্ধারিত হোক এবং সে গণভোট জাতিসংঘের তত্ত্বাবধানে করার, ভারত সরকারের নয়— বৃহস্পতিবার দিল্লির উদ্দেশে এই চ্যালেঞ্জই ছুড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং তীব্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছে মমতার এই প্রস্তাবের বিরুদ্ধে। ‘‘উনি সব সীমা ছাড়িয়ে গিয়েছেন, ফলও পেয়ে যাবেন,’’ পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

সিএএ-র বিরুদ্ধে পর পর তিন দিন কলকাতা এবং হাওড়া জুড়ে বিরাট বিরাট মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করেছেন যে, সিএএ এবং এনআরসি মানবেন না। শুধু বিজেপি নয়, রাজ্যপাল জগদীপ ধনখড়ও ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে মুখ খুলেছেন। বিজেপি নেতারা বলতে শুরু করেছেন, দেশের আইন মানবেন না বলে প্রকাশ্যে ঘোষণা করে এবং সরকারি বিজ্ঞাপন দিয়ে মমতা সংবিধান লঙ্ঘন করেছেন। কিন্তু বৃহস্পতিবার মমতা বুঝিয়ে দিলেন, তিনি আর পিছু হঠার মেজাজে নেই ।

ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে এ দিন তৃণমূলের প্রতিবাদ সভা ছিল। সেই সভায় ভাষণ দিতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই বেনজির মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছেন, ‘‘যদি সত্যি বুকের পাটা থাকে, তা হলে মানুষে মানুষে বিভাজন না ঘটিয়ে গণভোট করান।’’ তাঁর কথায়, ‘‘সারা ভারতে একটা গণভোট হয়ে যাক। আপনি করবেন না। জাতিসংঘ  করবে।’’

 

শুধুমাত্র সংসদে গরিষ্ঠতা রয়েছে বলে বিজেপি নাগরিকত্ব আইন সংশোধন করতে পেরেছে, আসলে দেশের অধিকাংশ মানুষ এই আইনকে সমর্থন করছেন না— মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই খুব জোরের সঙ্গে দিতে চেয়েছেন এ দিন। গণভোট হলেই স্পষ্ট হয়ে যাবে, ক’জন এই আইনের পক্ষে এবং ক’জন বিপক্ষে— মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

তবে ভারত সরকারের তত্ত্বাবধানে যে তিনি গণভোট চান না, তা-ও এ দিন বুঝিয়ে দিয়েছেন মমতা। তাঁর বার্তা— নিরপেক্ষ গণভোটের জন্য তিনি  জাতিসংঘকে  চান।

শুদ্ধস্বর/এস এ কে

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.