আজ সারাদিন মিডিয়ার সব মাধ্যমেই হোলি আর্টিজান বেকারিতে হামলার রায় নিয়েই খবরাখবরের ছড়াছড়ি । এত বড় ঘটনার রায়, মিডিয়ায় সেটা থাকবে এটাই স্বাভাবিক, তবে কিভাবে থাকবে বা থাকা উচিত ছিলো সেটা নিয়েও প্রশ্ন আছে বটে । অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সরব ছিলো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি অতিমাত্রায় লক্ষ্য করা গেছে, তা হলো টুপি কাহিনী । প্রায় সবার একি প্রশ্ন এই টুপি কে সাপ্লাই করলো ? সঠিক প্রশ্ন বটে। এই সাপ্লাইয়ের পিছনে নিশ্চিত ঘরের শত্রু ডিভিশন আছে।
তবে কেউ প্রশ্ন করছে না, যখন তারা টুপি মাথায় দিলো, তখন কেন আইন শৃঙ্খলা বাহিনী সেটা কেড়ে নিলো না ? লক্ষ্য করুন, এই টুপি ছিলো ইসলামিক ষ্টেট পতাকার প্রতীক সংবলিত টুপি। এমন কি খবরে দেখলাম তারা স্লোগানও দিতে থাকে তাদের আদর্শের পক্ষে । মানলাম আইন শৃঙ্খলা বাহিনী স্লোগান বন্ধ করতে পারতো না ( যদিও সম্ভব ছিলো ) অন্তত টুপি তো কেড়ে নিতে পারতো ?

মিডিয়ার প্রচার নিয়ে প্রশ্ন উঠেছে এবং মিডিয়া যেভাবে প্রচার করেছে সেখানে নিশ্চিত গলদ আছে। বিবিসি বিশ্বের প্রথমসারির বড় মিডিয়া। সেখানে ক্লিক করে খবরটি দেখলাম। বিবিসি কোনো জঙ্গির ছবি তো দেয়নি বরং সেই পুরানো হোলি আর্টিজানের ছবি দিয়েছে। আর আমাদের মিডিয়াগুলোর অবস্থা দেখে মনে হতেই পারে, আইএস টুপি পড়াতে যেন মিডিয়ার লাভ হয়েছে ! এমন প্রচার যে, এই জঙ্গিরা আরো বড় বড় আইকন ( তাদের আদর্শের মানুষের কাছে ) হয়ে গেলো। আমাদের দেশের মিডিয়গুলো অনেক সমালোচনার পরে লাশের ছবি অনেকটাই বন্ধ করেছিলো, তবে বিধি বাম! ইদানিং মিডিয়ার প্রতিযোগিতায় আবার লাশের ছবি প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে।
আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্ম কেমন জানি সেই মান্ধাতা আমলের। অথচ দেশ কিন্তু ডিজিটালাইজ্ড অনেকাংশেই হয়েছে। কোনো তুলনা করছি না ( যদিও আমাদের মন্ত্রী বাহাদুরেরা দেশকে কথায় কথায় লন্ডন/সিঙ্গাপুর বানিয়ে ফেলে ) তবে নিশ্চিত হয়েই বলছি, ইউরোপের যে কোনো দেশে এই জঙ্গিদের আদালতে আনার সময় কারো চেহারাটি মিডিয়া দেখার সুযোগ পেতো না । যদি মিডিয়া কোনোভাবেই ছবি তুলতে পাড়তো , তাহলেও ছাপানোর সময় কালো কালি দিয়ে লম্বা দাগে চেহারা ঢেকে দিতো। এটা ইউরোপের মিডিয়া নিজ দায়িত্বেই করতো, তা শতভাগ নিশ্চিত হয়েই বলছি। আমাদের মিডিয়া এগুলো জানে না , তা কিন্তু মোটেও নয়। তবে কেন যে করে ? সেটা জানে কিনা ? সেটাই বড় প্রশ্ন । আমাদের মিডিয়ার কল্যাণে এই আদর্শের লোকেরা এই সব জঘন্য জঙ্গিদের আরো হিরো ভাবার সুযোগ পায় এবং তাদের হাসিখুশি চেহারায় আরো বেশি উদ্ভূত হবে নিশ্চিত ।
জঙ্গিদের হাসিখুশি চেহারার কথায় আসি। লক্ষণীয় যে, সাত জঙ্গির মৃত্যুদণ্ডের হুকুম এসেছে রায়ে। তাদের কারো মাঝেই কোনো প্রকার অনুশোচনা লক্ষ্য করা তো যায় নি বরং তাদের বিজয়ী ভাব প্রকাশ পায় ! একবার ভাবুন, কিভাবে তাদের মগজ ধোলাই করা হয়েছে ! ভাবলেশহীন অভিব্যক্তিতে মনে হচ্ছে বেহেস্তে যাবার রাস্তা শতভাগ পরিষ্কার । কেননা এদেরকে সেভাবেই মগজে সাত আসমানের পথ দেখিয়ে দেওয়া আছে। অল্প বয়সি তরুণ এরা, চেহারা দেখলেই স্পষ্ট বুঝা যায়, দাড়িতে কখনোই কোনো ব্লেডের ছাপ পড়েনি। অথচ কোন তরুণ বা যুবক যৌবনে নিজেকে ক্লিনসেভে আয়নায় দেখতে না চায়? এই তরুণদের দেখলে মনেই হয়, ওরা ওপারের অপেক্ষায়! তাহলে ভাবুন কতটা ভয়ানক বিষয়টি ।
এবার কিছুটা পুরোনো কাসুন্দি ঘাটি, আজকাল ওয়াজ মাহফিল আমাদের দেশে প্রতিটি আনাচেকানাচে চলছে। আগে যে হতো না, তা নয়। তবে আজকাল যেন এটা প্রতি পাড়া মহল্লায় রেওয়াজ হয়ে গেছে। আমি বলছি না ওয়াজ মাহফিল খারাপ কিছু। তবে ইউ টিউবের কল্যাণে যা দেখি , সেগুলো এই সমাজকে ক্ষয়িষ্ণুর দিকেই নিয়ে যাচ্ছে, এটা বড় গলায় বলা যায় । ওয়াজের নামে চলছে ফেতনা, গীবৎ, কুতৎসা, মিথ্যাচার, ভন্ডামি, দলাদলি আর কাদা ছোড়াছুড়ি ( বেশিরভাগ ক্ষেত্রেই)। আগে এই কাদা ছোড়াছুড়ি রাজনৈতিক মাঠে ছিলো, যা এখন বেড়েছে। আর বর্তমানে সেটার প্রসার ধর্মেও। কি আশ্চর্য ধর্ম তো এক কিতাবের উপর, তারপরেও হচ্ছেটা কি ? এই ওয়াজের সাথে জঙ্গির সম্পর্ক আছে আমি তা বলছি না , তবে বেশিরভাগ ওয়াজেই জঙ্গি তৈরির একটা কায়দা ভালোই লক্ষ্য করা যায় । বেশ অনেক ওয়াজেই বদরের যুদ্ধের উদাহরণ টেনে এনে আলেমগণ (!) হাত নাড়িয়ে নাড়িয়ে খুন করার স্পষ্ট বাণী প্রকাশ্যে দিচ্ছে ( যে কেউ ইউ টিউবে গেলে দেখতে পাবেন ) সাথে নারায়ে তাগবির- আল্লাহ্ হুয়াকবার বলে ওয়াদা করিয়ে নিচ্ছে, ইসলাম প্রচারে জীবন দান করার ! আমার ক্ষুদ্র জ্ঞাণে বুঝে আসে না , বেশির সংখ্যক মুসলমানের দেশে ইসলাম প্রচারে জীবন দিতে হবে কেন ?
একবার পত্রিকার পাতায় খবর দেখেছিলাম, সরকার এই ওয়াজ মাহফিলের কারণে বেশ উদ্বিগ্ন । খবরে এসেছিলো, সরকার অন্তত ১৬/১৭ জন ওয়াজকর কে ডেকে এনে হুঁশিয়ার করবেন এবং প্রয়োজনে শাস্তির বন্দবস্ত করবেন। সরাকারের বলা পর্যন্তই শেষ। কাজের কাজ কিছুই আর হয় নি ! আর হবেই বা কি করে ?যে দেশ ন্যায়বিচার/ সাম্য/ মানবাধিকার/ সমাজতন্ত্রের ভিত্তিতে স্বাধীন হয়েছিলো , সেখান থেকে আমাদের রাজনীতি যে আজ যোজন যোজন দুরে । উল্টো এখন রাজনৈতিক দলগুলো ধর্মের বাতাসে নিজেদের রাজনৈতিক কার্যক্রম চালায়। অনেক উদাহরণ সবার জানা আছে। আমাদের গণতান্ত্রিক (!) রাজনৈতিক দলগুলো তাদের নেহাত কুকর্মের ফলে, আজ ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের মাথায় তুলে রেখেছে , ফলাফল যা হবার তাই হচ্ছে । দেশ গণতান্ত্রিক হবার পরিবর্তে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে ধর্মের কলে। রাষ্ট্র, ধর্ম, এগুলো সব গুলিয়ে একাকার হবার অবস্থা । কর্মকান্ড দেখে আগামীতে যে হবে না, তার কোনো নিশ্চয়তা দেওয়া অনেকটাই মুশকিল হয়ে গেছে ।
শেষে দুই লাইন বলেই শেষ করবো। চার/ছয় প্রকার শিক্ষা ব্যবস্থা দেশে রেখে, আবার বিজ্ঞান শিক্ষায় ধর্মের দলগুলোর চাহিদা মাফিক পরিবর্তন এনে, উল্টোদিকে মাদ্রাসা গুলোতে বিজ্ঞান পড়াতে বাধ্য করতে না পাড়া, সংস্কৃতির চর্চা ক্ষীণ করে ( যেমন পহেলা বৈশাখে সময়ের বাধা), দেশ থেকে জঙ্গিবাদের আদর্শকে বিতারিত করার চেষ্টা একেবারেই অবান্তর চিন্তাভাবনা । এই জঙ্গিবাদে যেন কেউ প্রবেশ না করে , মনস্তাত্ত্বিক ভাবে তাদের সমাধান দিতে না পাড়লে, ভবিষ্যতে দেশকে অনেক ভুগতে হবে বলেই মনে হয়। কেননা জঙ্গিদের মাঝে কোনো অনুশোচনা নেই, কেন নেই ? সেটার প্রতিকার আদর্শের বিপরীতে আদর্শ দিয়ে মোকাবিলা একমাত্র পথ। দু চারজন জঙ্গিদের হত্যা সাময়িক সমাধান নিশ্চয়ই ( সাম্প্রতিক কালে সেটার প্রয়োজন ছিলো বলেই প্রতীয়মান হয় ) তবে বৃহত্তর পরিসরে গভীর পরিকল্পনা এখনি শুরু না করতে পারলে, সামনে ভয়ঙ্কর থেকে অতীব ভয়ঙ্করতার দিকে যাবে। সুতরাং সময়েই সাবধান।

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম

