রাজধানীর ঢাকা শহরে দিন দিন কুকুরের কামড়ের আতঙ্ক বাড়ছে। ফলে বাচ্চাদের নিয়ে আতঙ্কে পড়েছেন অভিভাবকরা। মোহাম্মদপুরের নূরজাহান রোডের সিনথিয়া (৫) তার বাসার সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। এ সময় কোথা থেকে এক বেওয়ারিশ কুকুর এসে আইসক্রিমটিতে কামড় বসায়। আইসক্রিম তো পড়েই গেল, সিনথিয়ার গালে পড়ল কামড়। পাড়া-প্রতিবেশীর পরামর্শে সিনথিয়ার মা তাকে নিয়ে গেলেন মহাখালীর জলাতঙ্ক নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখায়।
এখানে মাত্র ১০ টাকার টিকিটে দেওয়া হয় কুকুর, বিড়াল, শিয়াল, বানর ও বেজিতে আক্রান্তদের চিকিৎসা। সুলভ এ চিকিৎসা নিতে সাততলা নামে পরিচিত মহাখালীর এ হাসপাতালে প্রতিদিন শত শত মানুষ আসেন। ঢাকার আঁটি বাজার থেকে এসেছেন মকবুল। তাকে শিয়ালে কামড় দিয়েছে। তিনি জানান, সন্ধ্যাবেলাই তার এলাকা ও আশপাশের লুটের চর, ষোলমাসী, ঘাটারচর ও ওয়াশপুরে এখনও রয়েছে শিয়ালের বিচরণ। সন্ধ্যা হলেই শোনা যায় শিয়ালের হুয়াক্কা হুয়া। রাজধানীর অলিগলি ও রাস্তায়ও রয়েছে বেওয়ারিশ কুকুরের রাজত্ব। সংক্রামক ব্যাধি হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকায় প্রতি বছর ৬০ থেকে ৬৬ হাজার মানুষকে কুকুরে কামড়ায়।
এসব শেয়াল-কুকুরের দ্বারা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। মহাখালীর জলাতঙ্ক নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জরুরি বিভাগে প্রতিদিন কুকুক, বিড়াল, শিয়াল, বানর, বেজিতে আক্রান্ত ৩০০ থেকে ৩৫০ রোগী আসেন। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, এসব প্রাণীর প্রত্যেকটির কামড় বা আঁচড় বিষাক্ত। ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন না নিলে জলাতঙ্ক হতে পারে। অক্টোবরের শেষ দিকে এ হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীর দীর্ঘ লাইন। নারী-পুরুষ তো রয়েছেই, তবে সবচেয়ে বেশি শিশু রোগী। শিশুরা বাইরে খেলাধুলা করে, তাই কুকুরের আক্রমণের শিকার তারাই বেশি হয়।
পুরুষের লাইনে দাঁড়িয়ে বাপ্পি জানান, কাজ শেষে রাত ১০টার দিকে হেঁটে আসার সময় রাজাবাজারের গলিতে তাকে কুকুর কামড় দেয়। নারীর চেয়ে পুরুষ বাইরে বেশি বের হন। রাতে ঘরে ফেরেন। তাই কুকুর-শেয়ালের কামড়ে পুরুষই বেশি আক্রান্ত হন। এখানে আউটডোরই জরুরি বিভাগ। রোগীকে ভ্যাকসিন দিতে হলে মাত্র ১০ টাকার টিকিট কিনতে হয়। ভর্তির জন্য গুনতে হয় ১৫ টাকা। ভর্তির পর বেডের জন্য দিতে হয় ২৮৩ টাকা ৭০ পয়সা। এখানে রয়েছে ১০০টি বেড। ৪০টি পেয়িং বেড। ৬০টি ফ্রি। বছরের সবসময়ই রোগীতে পরিপূর্ণ থাকে বেডগুলো। খাবার ফ্রি। বাইরে থেকে কুকুরের কামড়ের ভ্যাকসিন কিনতে হলে খরচ হয় ১ হাজার ৪০০ টাকা।
চিকিৎসক ডা. শাহ আলম বলেন, এখানে সব শ্রেণির রোগীই আসে। তবে নিম্নবিত্ত বেশি। চিকিৎসা ব্যয় বাড়ালে তাদের ওপর চাপ পড়বে। তাই খরচের তালিকা বহু বছর ধরে একই রয়েছে। দাম বাড়ানো হয়নি। সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। ছুটির দিনসহ সব দিনেই জরুরি বিভাগ খোলা। ভ্যাকসিন ছাড়াও গুরুতর জখম রোগীকে ওষুধ দেওয়া হয়। কোনো কোনো ওষুধ বাইরে থেকে কিনতে হয়।
১২ বছরের সিজানকে আঁচড়ে-খামছে রক্তাক্ত করেছে বানর। সিজান পুরান ঢাকা বাসাবাড়ি লেনের বাসিন্দা। তার বাবা আশফাক চৌধুরী জানান, পুরো ঢাকার বেশ কিছু এলাকায় এখনও বানর রয়েছে। কেরানীগঞ্জের আঁটি থেকে এসেছেন হাজেরা বেগম। তাকেও কামড় দিয়েছে কুকুর। কামড় দেওয়ার পর হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন। পরে প্রতিবেশীদের পরামর্শে এখানে এসেছেন। চারটি ভ্যাকসিন দিতে হবে।
শুদ্ধস্বর/আইকে

