পেঁয়াজের মূল্য এখন লাগামছাড়া। ইতোমধ্যে ডাবল সেঞ্চুরি পেড়িয়ে গেছে। এদিকে সরকার কেন সেই দরে লাগাম টানতে পারছে না?-প্রশ্নটা নেটিজেনদের। জন সমুখে সরব সকলেই। চুপ নেই নেট দুনিয়াও। একাধিক মেম ছড়িয়ে পড়েছে বহুমূল্য পেঁয়াজ নিয়ে। এবার বই কিনলে পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিলেন বই বিক্রেতা। তাঁর বার্তা বই কিনুন পেঁয়াজ জিতুন!
বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে পেঁয়াজের দাম। খুচরো বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা প্রতি কেজি দরে। সরকার ব্যর্থ, এই অভিযোগ তুলে এবার প্রতিবাদ হিসেবে এক অভিনব উপায় বের করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাজ্জাদুল ইসলাম। পাঠকরা তাঁর কাছ থেকে বই কিনলে প্রতিটি বইয়ের সঙ্গে প্রতিবাদ হিসেবে একটি করে পেঁয়াজ ফ্রি দেবেন বলে জানিয়েছেন তিনি। আসলে দীর্ঘদিন ধরেই পাঠকদের বই বিক্রি করে আসছেন সাজ্জাদুল। বর্তমানের এই চড়াদর নিয়ে ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন সাজ্জাদুল।
তিনি স্ট্যাটাসে লিখেছেন,ভোলগা থেকে গঙ্গা, দাম ২০০ টাকা মাত্র। সাথে বড় একটা পেঁয়াজ ফ্রি.. পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মিশোপার পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমরা প্রতি বইয়ের সাথে একটা করে পেঁয়াজ ফ্রি দিবো।
তিনি আরও লিখেন, একটা বই কিনলে একটা পেঁয়াজ ফ্রি অফার এখনও চলছে। বই কিনুন পিয়াজ জিতুন! একমাত্র ‘মিশোপা’ই পেঁয়াজ সঙ্কটের এই ক্রান্তি লগ্নে পিয়াজ দিয়ে আপনাদের পাশে আছে।’
কতদিন এই বিশেষ কর্মসূচি চলবে? এ প্রশ্নের উত্তরে সাজ্জাদুল ইসলাম জানান, যতদিন না পেঁয়াজ নিয়ে রাজনীতি বন্ধ হবে ততদিন।
শুদ্ধস্বর/আইকে

