কি ভাবে বলবো ভেবেই হিমসিম খাচ্ছি। কেননা যা বলতে চাচ্ছি সেটা খুব বেশি স্বস্তিকর নয়। বলতে চাইনি, তারপরেও বলি, আজকাল নিজের সাথেই ভীষণ রকম যুদ্ধ করতে হয়। কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছি। না না, শারীরিক দিক দিয়ে বেশ সঠান আছি। রোগ বলাইয়ের কোনো ছোঁয়া নাই। টুকটাক যা আছে সেগুলো তো অতিব স্বাভাবিক বটে। এমনকি বলা যায় কিছুই নাই। তবে আজকাল বেশ বড় সমস্যায় পড়তে হচ্ছে, তা হলো মানসিক সমস্যা । যা কিনা রোগের বড় রোগ। এই সমস্যা হলে ট্রিটমেন্ট করাতেও বেশ বেগ পেতে হবে।
এই সমস্যায় ভোগার কারণটি বা উপসর্গটি মনে হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ । কেউ ভুল বুঝবেন না, হতে পারে এটা ভালোবাসা থেকে অথবা হতে পারে এটা দেশে নিজের অনুপস্থিতির কারণে । কেননা দেশে থাকলে হয়তোবা সব সহনশীল হয়ে যেতো। আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও অন্য সব প্রবাসীর মতনই দেশ, দেশের কথা , দেশের ভাবনা, দেশের ভালো-মন্দ সব কিছু নিয়েই ভাবি। আমি নিশ্চিত সব প্রবাসীরাই আমার মতন ভাবে বা আমার চেয়েও বেশি ভাবে, তবে আমার ভাবনাটি নিয়েই বলতে চাচ্ছি।
দেশে প্রতিদিন এত সব ঘটনা ঘটছে যে, নিজেকে সামাল দেওয়াও মুশকিল । প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি অনেকেই রাগে-ক্ষোভে একাকার হয়ে ভাষার মানকে একেবারেই নিচে নামিয়ে নিয়ে আসে। অকথ্য-কুকথ্য ভাষা থেকে শুরু করে গালাগালির কোনো সীমা- পরিসীমা নাই। এই গালাগালিতে যে কোন ফায়দা হবে না, সেটা নিশ্চয়ই উনারাও ভালো করেই জানেন। তারপরেও হয়তো বা খোলা মাধ্যমের কারণেই, সেটার শতভাগ উশুল তুলে নেন। আমি নিশ্চিত যারাই অকাট্য ভাষা ব্যবহার করেন, তারা দেশের প্রতি ভালোবাসা থেকেই করেন। কিছুই করা সম্ভব হয় না বলেই হয়তোবা মনের ঝাল মিটিয়ে নেন। মানুষ রেগে গেলে যে স্বাভাবিক ভাবনা প্রকাশ করতে হিমশিম যায়, এই ভাষার মধ্যে দিয়েই তার প্রমাণ কিছুটা হলেও মিলে এবং অতিশয় বুঝাও যায়, দেশ খুব বেশি ভালোও চলছে না।
একবার লিখেছিলাম ফেসবুক চালাতে রীতিমত অফিস-স্টাফ প্রয়োজন হয়ে পড়েছে। একটি ঘটনা ঘটলো, সেটা জানতে, বুঝতে বা ঘটনার উপর নিজের মতামত লিখা শেষ হতে না হতেই, আরেক নতুন কাহিনী সামনে এসে হাজির! কোনটা থুয়ে কোনটা লিখবেন। আবার রাজনীতির ক্ষেত্রে আরেক বিপদ। এক দলের একটি কাহিনী নিয়ে নিজের মতামত ব্যক্ত করলে, দলের সমর্থকদের থেকে অযৌক্তিক প্রশ্ন চলে আসে। ইতিহাস টেনে এনে যুক্তি দেখানো হয় , যদিও তর্কের পাল্লাই বেশি ভারি থাকে । শুধুমাত্র অতীত কাহিনী তুলে ধরে সব সময় বর্তমানকে কি জায়েজ করা সম্ভব? বর্তমানে যে শুধরানো দরকার সেটার কোনো মূল্যেই নেই।
বর্তমান যে সব চাইতে জরুরি সেটা আমরা বেমালুম ভুলেই থাকি। কে না পড়েছে, থ্রী কোয়েশেন্স? প্রেজেন্ট টাইম ইজ মোর ইমপোর্টেন্ট টাইম , দেন ফিউচার । কারণটি খুব সহজ, বর্তমানের উপরেই ভবিষ্যত নির্ভর করে। সেই জন্যেই তো গুণীজনেরা বলে গেছেন, অতীত থেকে শিক্ষা নাও। এই বর্তমানই তো এক সময় অতীত হবে। যদিও আমাদের রাজনৈতিক অঙ্গনে এটার চর্চা দেখা ভার। স্বাভাবিক কারণেই যে সরকার বর্তমানে ক্ষমতায় থাকে, জনমানুষের আঙুল তার দিকেই বেশি উঠে, উঠারই কথা এবং স্বাভাবিক । আর দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তো কথাই নাই। আমাদের মত সমাজে সাধারণভাবেই ক্ষমতার অপচর্চার একটি আলাদা মাত্রা তো আছেই। সেটা তো কেউ অস্বীকারও করতে পারবে না। তবে সমালোচনা যে ভালোর জন্য এটা মনে হয় পীর- আউলিয়া এসেও দলিয় সমর্থকদের বুঝাতে পারবে না। এটাকে দলকাঁনা আমি বলছি না। দলকাঁনা থাকা কোনো খারপ কিছু না । দলকাঁনা বলতে আমি আদর্শের প্রতি কাঁনা থাকাই বুঝি ( এটা আমার নিজস্ব বুঝ) । তবে আদর্শের চর্চা করেও যে যুক্তির পক্ষে , সত্যের পক্ষে , ন্যায়ের পক্ষে এবং সর্বোপরি দলের পক্ষেই থাকা যায় , এটা বুঝবার ক্ষমতা যেন দিনকে দিন কমেই যাচ্ছে! সেই সূত্রে বলাই যায়, দলকাঁনার সংজ্ঞাটিও পরিবর্তন হয়ে গেছে।
আমি সব সময় বলি, ফেসবুকটি বেশ কল্যাণকর মাধ্যম, অন্তত বর্তমানে আমাদের সমাজে তো বটেই । কেননা এই ফেসবুকের ভাইরাল হওয়া অনেক কিছুই জন সম্মুখে খুব দ্রুতর চলে আসে, ফলাফল স্বরূপ আমাদের আইন- আদালত কিংবা প্রশাসন- সরকারের কিছুটা হলেও টনক নড়ে। আমি বলছি না ফেসবুকের সব সত্য, তবে অডিও/ভিডিও সহ অনেক কিছু বেশ প্রমাণ সহই সামনে এসে হাজির হয়, বেশ বিশ্বাসযোগ্যোআর সাথে। এমন অনেক উদাহরণদেওয়া যাবে। সুতরাং ফেসবুককে উচ্চমার্গে রেখে সৎভাবে ব্যবহার করতে পারলে, এই মাধ্যমটির শক্তি দিনকে দিন বেড়েই চলবে।
লেখার শেষে সেই ভাষার কথাই বলি। বলছিলাম, মানসিক অবস্থার কথা, নিজের সাথে যুদ্ধ করার কথা। দেশে প্রতিদিন নানান অতি অস্বাভাবিক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে । সাথে আবার ঘটনা শেষে উচ্চ পর্যায়ের থেকে যে সব অস্বাভাবিক প্রতিক্রিয়া আসে বা বক্তব্য আসে, হতভম্ব হতে হয়। শত শত বাজে উদাহরণ আছে। তখন ভাবি, দু-চার লাইন অকথ্য/অকাট্য ভাষা ব্যবহার করে নিজেই লিখে দেই। কয়েক জায়গায় লিখেছিলাম, আমার জন্ম পুরানো ঢাকা লালবাগে, ঠোঁটের আগায় আনেক শব্দ জমা আছে। আবার নিজের সাথে নিজেই কথা বলে বা যুদ্ধ করে নিজেকে দমিয়ে নেই। সেখানেই মানসিক সমস্যায় ভুগছি। কটু ভাষা ব্যবহার নিয়ে আমি সত্যি কাউকে দোষারোপ করছি না, কারণ আমি নিজেই বিষয়টি অনুধাবন করতে পারছি। নিজের মনেই চায় দুটো শব্দ বোমা ( সেফুদার থেকে নেওয়া, আমার প্রবাসী প্রতিবেশী ) চালান করে দেই, সেখানেই আমার নিজের সাথে নিজের যুদ্ধ । তারপরেও বলবো, আসুন এই মাধ্যমটিকে আরো শক্তিশালী করার জন্যেই শব্দ বোমা ( কটু ভাষার বোমা ) থেকে বিরত থেকে , যুক্তি- তর্ক দিয়ে, কলমের যুদ্ধ চালিয়ে, অন্তত এই মাধ্যমটির শক্তিকে প্রকাশ করি। কেননা বর্তমানে ভিন্ন বা স্বাধীন স্বত্বার কোনো প্লাটফর্ম যে সাধারণ জনমানুষের জন্য মোটেও নাই।

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম ।

