‘কিছু নেতার হঠাৎ বড়লোক হওয়ার দুঃস্বপ্নে এই দশা যুবলীগের’

যুবলীগের গুটিকয়েক নেতার রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নের কারণে সংগঠনটির ওপর অপবাদ এসেছে বলে মনে করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে সাংগঠনিক রিপোর্ট পেশকালে তিনি এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, গুটিকয়েক লোকের অতিলোভের কারণে,রাতারাতি বড়লোক হওয়ার দুঃস্বপ্নের কারণে আজ আমাদের এই দশা।

‘লোভ-লালসা ভর করেছে আমাদের মতো কিছু লোকের ওপর। আমরা যারা রাজনীতি করি তারা দেশের শ্রেষ্ঠ সন্তান। আমরা মানুষের জন্য কাজ করি, আমরা পুলিশের পিটুনি খাই, আমরা জেলখানায় যাই, আমরা পুলিশের পিটুনি খাই জেলে নির্যাতিত হই’-যোগ করেন যুবলীগ সাধারণ সম্পাদক।

যুবলীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, আমাদের যারা সাধারণ কর্মী তারা খুবই ভালো মানুষ, তাদের কোনো লোভ-লালসা নেই। আমার সংগঠনের তৃণমূলের কর্মীদের কোনো লোভ-লালসা নেই। তারা নেত্রীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেন।

প্রধানমন্ত্রী উদ্দেশে হারুনুর রশীদ বলেন, আপনার নির্দেশ বাস্তবায়নের জন্য যুবলীগ নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। নূর হোসেন জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন। আমাদের সেই কর্মীরা শুধু একটু ভালোবাসা চায়। একটু সম্মান চায়। এর বেশি তৃণমূলের কোনো দাবি নেই।

যুবলীগে নতুন নেতৃত্ব সংগঠনের হাজার হাজার কর্মীর প্রত্যাশা পূরণ করবে জানিয়ে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু এবং আপনার কাছ থেকে যা শিখেছি মনে করি আজকের এই কংগ্রেসের মধ্য দিয়ে নতুন যে নেতৃত্বে আসবে সেই নেতৃত্ব আমাদের রাজনীতি পথচলা এগিয়ে নেবে।

বর্তমান কমিটির বিদায়ের মধ্য দিয়ে যুবলীগের কালিমা দূর হবে মন্তব্য করে হারুনুর রশিদ বলেন, এ সংগঠনের যে কালিমা রয়েছে তা দূর হবে। আমি মনে করি আমাদের বিদায়ের মাধ্যমে সে কালিমা দূর হবে। নতুন নেতৃত্বের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে সে দিগন্ত হবে আলোর দিগন্ত।

আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলামের সভাপতিত্বে আলোচনাপর্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.